
ঢাকার আশপাশে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে দ্রুত ইজারা দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি। সংগঠনটি বলছে, ভোলার ইলিশায় মেঘনা-১,২, ৩ ও ৪ বালুমহাল বন্ধ হয়ে যাওয়ায় পদ্মা, মেঘনা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদীকেন্দ্রিক সহস্রাধিক বাল্কহেডের চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মারফত মিঝি এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকার আশপাশে বর্তমানে কোনো বৈধ বালুমহাল না থাকায় বাল্কহেড ও ড্রেজার কর্মহীন হয়ে পড়েছে। এতে এসব নৌযানের সঙ্গে সংশ্লিষ্ট বিপুলসংখ্যক শ্রমিক জীবিকা হারিয়েছেন। একই সঙ্গে বালি সরবরাহের সংকটে সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন ও মেগা প্রকল্পের কাজও ব্যাহত হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।
সংগঠনটির প্রধান দাবি, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, ভোলা ও বরিশালের নৌপথে পরিবেশ সমীক্ষা চালিয়ে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করতে হবে। এরপর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব বালুমহাল ইজারা দেওয়ার দাবি জানানো হয়েছে।
ছয় দফা দাবির মধ্যে আরও রয়েছে বৈধ বালুমহাল, বাল্কহেড, ড্রেজার ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ ও স্থানীয় প্রশাসন, ইজারাদার, বাল্কহেড মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ তদারকি কমিটি গঠন।
এ ছাড়া নৌপথে চুরি, ডাকাতি, অসাধু জেলেদের তাণ্ডব ও অবৈধ চাঁদাবাজি বন্ধে নৌ পুলিশ ও কোস্ট গার্ডের টহল জোরদার, নিরাপদ নৌপথে বিধি অনুযায়ী রাতে বাল্কহেড চলাচলের সুযোগ এবং হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।
চলন্ত নৌযান থামিয়ে বিআইডব্লিউটিএ বা অন্য কোনো প্রতিষ্ঠানের নামে অবৈধ অর্থ আদায় এবং যত্রতত্র মনগড়া টোল আদায় বন্ধেরও দাবি জানানো হয়েছে।
এ সময় বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন বৈধ বালুমহাল ইজারার কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সকল নদীপথে বাল্কহেড ও ড্রেজার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. জামান খান উপস্থিত ছিলেন।

রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৯ মিনিট আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৯ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ চারজনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে