Ajker Patrika

রাজধানীর বছিলায় ভাড়াটের মালপত্র বাইরে ফেলে ফ্ল্যাটে তালা দিলেন মালিক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৮ জুন ২০২৬, ২২: ১৭
রাজধানীর বছিলায় ভাড়াটের মালপত্র বাইরে ফেলে ফ্ল্যাটে তালা দিলেন মালিক
ফ্ল্যাটের সব জিনিসপত্র বের করে গ্যারেজে স্তূপ করে রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানার বছিলা এলাকায় ওয়েস্ট ধানমন্ডি হাউজিংয়ের একটি বাড়ির মালিকের বিরুদ্ধে তাঁর এক ভাড়াটের মালপত্র বাইরে ফেলে ফ্ল্যাটে তালা ঝোলানোর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর দাবি, কয়েক মাস আগে তাঁরা এই বাসায় উঠেছেন। বাসার মালিকের কাছে কিছু টাকা বকেয়া আছে, তবে বিনা নোটিশে তাঁর বাসার জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে।

অন্যদিকে ফ্ল্যাটমালিকের দাবি, কয়েকবার বাসা ছাড়ার কথা বলা হয়েছে। এ নিয়ে থানায় জিডিও করেছেন তিনি।

আজ রোববার বিকেলে ওয়েস্ট ধানমন্ডি হাউজিংয়ের বি-ব্লকের ৫/বি সড়কের ৩ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়ির মালিকের নাম শহীদ মাস্টার ও ভাড়াটের নাম ফিরোজ আতিক।

জানা গেছে, বাড়ির মালিক শহীদ মাস্টার তাঁর ভাড়াটে ফিরোজ আতিকের ফ্ল্যাটে লোকজন নিয়ে সব মালপত্র নিয়ে গ্যারেজে ফেলে রাখেন। তাঁর স্ত্রীকে বাসা থেকে বের করে দেন। এ সময় ভাড়াটে ফিরোজ আতিক মুন্সিগঞ্জে ছিলেন। খবর পেয়ে তিনি রাত ৮টার দিকে বাসায় এসে দেখেন, তাঁর ফ্ল্যাটের সব জিনিসপত্র বের করে গ্যারেজে স্তূপ করে রাখা হয়েছে। তাঁর অসুস্থ স্ত্রী মালপত্রের পাশে বসে আছেন।

ভাড়াটে ফিরোজ আতিক জানান, তিনি কয়েক মাস আগে দুই কক্ষের একটি ফ্ল্যাট সাত হাজার টাকায় ভাড়া নেন। বাড়ির মালিক তাঁর কাছে ১৩ হাজার টাকা ভাড়া পাবেন। কোনো নোটিশ ছাড়াই তাঁকে বের করে দেওয়া হয়েছে। তিনি জাতীয় জরুরি সেবায় কল দিয়ে পুলিশ ডেকেছেন।

এদিকে বাড়ির মালিক শহীদ মাস্টার অভিযোগ করেন, ভাড়াটে ফিরোজ আতিকের কাছে তিনি ২০২৫ সালের নভেম্বরে ফ্ল্যাট ভাড়া দেন। তাঁর কাছে ২১ হাজার টাকা বাসাভাড়া বকেয়া আছে। তাঁকে কয়েকবার বাসা ছেড়ে দিতে বলা হয়েছে, কিন্তু তিনি ছাড়ছেন না। তাঁকে বাসায় পাওয়াও যায় না।

বাড়ির মালিক আরও জানান, এই ঘটনায় হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু তিনি বাসা ছাড়েন না। তাই আজ হাউজিংয়ের লোকজন নিয়ে তাঁদের মালপত্র বের করে দিয়েছেন।

এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘ভাড়াটে ও বাড়িওয়ালা ঝামেলা হতেই পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাঁরা আসুক, এলে ঘটনা শুনে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, আতিক ফিরোজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত