
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্তে দিনভর পুশ ইন-পুশব্যাক নাটকীয়তার পর বাংলাদেশি শিশুকে রাতে গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত ১০ টা ৪৫ মিনিটে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩-এর ৩ এস-এর কাছে খায়রুল ইসলামের বাড়ির পেছনের বাঁশবাগানে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর শিশুটিকে গ্রহণ করা হয়।
পতাকা বৈঠকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর বিওপির সুবেদার ইব্রাহিম বিজিবি দলের নেতৃত্ব দেন। তবে বিএসএফ প্রতিনিধিদলের নেতৃত্বে কে ছিলেন, তা জানায়নি বিজিবি। শিশুটি মধ্য কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং মধ্য কাশিপুর ঘগোয়ারপাড় গ্রামের জামাল হোসেনের মেয়ে।
দক্ষিণ অনন্তপুর সীমান্তের বাসিন্দারা জানান, শনিবার বেলা ১টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৩-এর সাবপিলার ৩-এর কাছাকাছি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিএসএফের এমন প্রচেষ্টার বিপরীতে শক্ত অবস্থান নেয় বিজিবি। শিশুটিকে কেন্দ্র করে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত চলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পুশ ইন-পুশব্যাক উত্তেজনা।
শেষ বিকেলের দিকে বিএসএফ শিশুটিকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ বিষয়ে পুরো এলাকায় খবরাখবর ছড়িয়ে পড়ে। এদিকে শিশুটির মা তাঁর সন্তানকে খুঁজতে খুঁজতে সীমান্তে এসে জানতে পারেন বিএসএফের হাতে এক কন্যাশিশু আটক হয়েছে। পরে তিনি নিশ্চিত হন ওই শিশুটি তাঁরই। বিষয়টি বিজিবিকে জানালে তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে।
শিশুটির মা নাজমা বেগম জানান, তাঁর শিশু মধ্য কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সকাল ১০টায় স্কুলে পাঠানোর সময় সে খাবারের বায়না ধরে। কিন্তু তিনি খাবার না দিয়ে তাকে স্কুলে পাঠিয়ে দেন। দুপুর ১২টায় খাবারের জন্য বাড়ি ফিরলে তার বাবা স্কুল থেকে বাড়ি আসার কারণে রেগে গিয়ে স্কুল শেষ করে খাবার খেতে বলেন। এতে শিশুটি অভিমান করে ওই সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সেউটি এলাকায় ঢুকে পড়ে। বিএসএফ তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করে। বিজিবি পুশ ইন ভেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
এদিকে শিশুটির মা স্কুলে গিয়ে দেখেন তাঁর মেয়ে স্কুলে নাই। তিনি এদিক-ওদিক মেয়েকে খুঁজতে থাকেন। পরে তিনি জানতে পারেন তাঁর মেয়ে সীমান্তে গেছে এবং বিএসএফ তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে।
শিশুটি বাংলাদেশি এমন তথ্য নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের উদ্যোগ নেয় বিজিবি। রাত ১১টা ৩০ মিনিটে বিজিবি-বিএসএফের ১৫ মিনিটের বৈঠকের পর রাত ১১টা ৪৫ মিনিটে শিশুটিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিজিবি গ্রহণ করে। পরে চেয়ারম্যান তার মা-বাবার হাতে শিশুটিকে তুলে দেন। এ সময় কাশিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, ইউপি সদস্য ফেরদৌস আলমসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩২ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে