
সম্প্রতি সিসিটিভির একটি ফুটেজ ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, গায়ক মাঈনুল আহসান নোবেল এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামিয়ে নিচ্ছেন। সেই তরুণী এবার থানায় অভিযোগ করেছেন, ছয় মাস ধরে তাঁকে ডেমরার একটি বাসায় আটকে রেখেছিলেন নোবেল। অপহরণ, ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলার পর গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচ্ছেন নোবেল। ওই তরুণী গতকাল রাতে ধর্ষণ, পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে মামলা করলে নোবেলকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। গত বছরের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। সেই বাসায় আরও দুই-তিনজন অজ্ঞাতনামা সহযোগীর সহায়তায় তরুণীকে আটকে রাখা হয় বলে অভিযোগ। তাঁর মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়।
অভিযোগে তরুণী জানিয়েছেন, নেশাগ্রস্ত অবস্থায় নোবেল তাঁকে মারধর ও ধর্ষণ করেন। এর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে দীর্ঘ সময় আটকে রাখা হয়।
পুলিশ জানায়, ফেসবুকে মারধরের ভিডিও ভাইরাল হলে তরুণীর পরিবার তাঁকে শনাক্ত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা-পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে। মামলা দায়েরের পর রাতেই নোবেলকে গ্রেপ্তার করা হয়।
ভাইরাল হওয়া সিসিটিভির ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে মারধরের পর তাঁর হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যাচ্ছেন নোবেল। আশপাশে থাকা কয়েকজন বাধা দিলেও তাঁকে থামানো যায়নি।
পরিদর্শক মুরাদ জানান, নোবেল দাবি করেছেন, ওই তরুণী তাঁর স্ত্রী। মৌখিকভাবে কলেমা পড়ে বিয়ে করেছেন বলে জানান তিনি। তবে বিয়ের কোনো লিখিত প্রমাণপত্র দেখাতে পারেননি।
আজ মঙ্গলবার পুলিশ নোবেলকে আদালতে হাজির করে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে। তাঁর পক্ষের আইনজীবী জসিম উদ্দিন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ জামিন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগেও বিতর্কে জড়িয়েছেন এই তরুণ গায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট, মাদকাসক্তি ও স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।
২০২৩ সালের ১৯ মে ঢাকার মতিঝিল থানায় এক কনসার্টে না গিয়ে আগাম টাকা আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেন সাফায়েত ইসলাম নামের এক ব্যক্তি। পরদিন গোয়েন্দা পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে এবং এক দিনের হেফাজতে নেয়। পরে আদালতে জামিন পান তিনি।
২০১৯ সালে ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’—তে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। তবে এরপর থেকেই বিভিন্ন ঘটনায় তাঁকে নিয়ে বিতর্ক বাড়তে থাকে।
২০২৩ সালের ২৬ এপ্রিল কুড়িগ্রামের একটি কনসার্টে ‘অসংলগ্ন আচরণের’ কারণে ক্ষুব্ধ দর্শক জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। ফলে পণ্ড হয়ে যায় ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। সাম্প্রতিক সময়েও নানা কনসার্ট ও টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেকে ‘স্বাভাবিক জীবনে’ ফিরিয়ে আনার বার্তা দিচ্ছিলেন নোবেল। এর মধ্যেই নতুন অভিযোগে গ্রেপ্তার হয়ে আবারও আলোচনার কেন্দ্রে তিনি।

চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোডে মাটির নিচে থাকা গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) বেলা ১টার দিকে এ ঘটনার পর ওই সড়ক ব্যবহারকারী পথচারীসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকা থেকে পল্লি হোমিও চিকিৎসক ডা. কামাল উদ্দিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় পুলিশ অভিযান ও তদন্ত শুরুর কথা জানিয়েছে।
৫ মিনিট আগে
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ রোববার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নগরীতে টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
১৬ মিনিট আগে
রাজশাহীর মেহেরচণ্ডী দক্ষিণপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় ছেলে রাকিব উর রহমানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
১৯ মিনিট আগে