
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা এবং অনলাইন প্রতারণার অভিযোগে তিন চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ প্রযুক্তিগত সরঞ্জাম, প্রায় ১০ হাজার সক্রিয় সিমকার্ড, বিদেশি মদ এবং নগদ টাকা জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে অবৈধ ভিওআইপি এবং অনলাইন জুয়া ও প্রতারণার নেটওয়ার্ক পরিচালনা করছিলেন।
আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির সাইবার ক্রাইম বিভাগের একটি দল বসুন্ধরা এলাকার একটি ছয়তলা ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় শনিবার রাতে এই অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝর্না চাকমা জিয়ানা (২৭) এবং তিন চীনা নাগরিক লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) ও শে ই রান (৪২)।
অভিযানে ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, ২০টি জিএসএম গেটওয়ে ডিভাইস, ২৬ বোতল বিদেশি মদ, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা এবং প্রায় ১০ হাজার সক্রিয় সিমকার্ড উদ্ধার করা হয়। জব্দ করা সিমের মধ্যে প্রায় ৪ হাজার বাংলালিংক অপারেটরের বলে জানিয়েছে পুলিশ।
ডিবির তথ্য অনুযায়ী, ঝর্না চাকমা নামের ওই নারী পুরো ভবনটি ভাড়া নিয়ে সেটির দুটি ফ্লোর চীনা নাগরিকদের কাছে সাবলেট দেন। সেখানে অবস্থান করেই চীনা নাগরিকেরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অবৈধ ভিওআইপি ও অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিলেন।
পুলিশ জানায়, চক্রটি সাধারণ মানুষের মোবাইল ফোনে ঘরে বসে বাড়তি আয়, চাকরি কিংবা বিশেষ অফারের প্রলোভন দেখিয়ে এসএমএস পাঠাত। বার্তার ভেতরে থাকা লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীরা প্রতারণার ফাঁদে পড়তেন।
আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে চক্রটি একটি ডিভাইসের সঙ্গে বাহ্যিকভাবে একাধিক সিম স্লট যুক্ত করে একযোগে ১২টি সিম পরিচালনা করত। এর ফলে ভুক্তভোগীরা অভিযোগ করলেও কারিগরি জটিলতার কারণে সংশ্লিষ্ট ডিভাইসের আইএমইআই নম্বর দ্রুত শনাক্ত করা সম্ভব হতো না।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে এই চক্রটি অনলাইন প্রতারণার মাধ্যমে প্রায় ২৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল।
তিনি আরও বলেন, জব্দ করা বিপুলসংখ্যক সক্রিয় সিম অবৈধভাবে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই অবৈধ সিম বিক্রির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চালু রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন দুর্গাপুর ইউনিয়নের বারমারী লক্ষ্মীপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে রাফি (১৩) এবং একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন (৩৫)।
১১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা আব্দুস সাত্তার পরীক্ষামূলকভাবে কাঁঠাল দিয়ে বিস্কুট উৎপাদন শুরু করেছেন। চলতি মৌসুমে প্রায় ৫০০টি কাঁঠাল ব্যবহার করে তৈরি এই পণ্য অনলাইন ও অফলাইনে ইতিবাচক সাড়া পেয়েছে। আগামী মৌসুমে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বেড়খালী এলাকার একটি খাল থেকে নিখোঁজ সিএনজিচালক মো. মিলনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উদ্ধার করা মরদেহটি কয়েক দিন আগে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা।
১৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের সেচকাজে ব্যবহৃত চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল, বিভিন্ন যন্ত্রাংশ, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে...
১৭ মিনিট আগে