
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতার মধ্যেই বায়তুল মোকাররম থেকে বিজয়নগরের দিকে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীর। এ সময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রথমে মিছিলের ওপর কাঁদানে গ্যাস, পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটাও করা হয়। এ সময় সেনাসদস্যরা বেশ কয়েকজনকে আটক করেন।
ছত্রভঙ্গ হিযবুত তাহ্রীর সদস্যরা বিভিন্ন গলিতে প্রবেশ করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। পুলিশের বাধার প্রথম দিকে তারা সড়কে অবস্থান করলেও পরে আর কাউকে সড়কে দেখা যায়নি। পরে পুরানা পল্টন থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

পুলিশের রমনা বিভাগের পদস্থ এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, রায়তুল মোকাররম এলাকায় হিযবুত তাহ্রীরকে বাধা দেওয়া হয়নি। কেননা, সেখানে অনেক মুসল্লি ছিলেন। তাদের হালকা বাধা দিয়ে পুরানা পল্টন ও বিজয়নগরের দিকে বের করে আনা হয়। সেখানে সাধারণ মানুষ থাকায় এই এলাকাতেই তাদের প্রতিরোধ করা হয়।
এই কর্মকর্তা আরও বলেন, হিযবুতকে ছত্রভঙ্গ করতে বেশ কিছু সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়া হয়েছে। পুলিশের কয়েকটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীও এতে অংশ নেয়।
বেলা ২টা ২০ মিনিটের দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে আজ শুক্রবার জুমার নামাজের পর পুলিশের বাধা অতিক্রম করে ‘মার্চ ফর খিলাফত’ ব্যানারে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীর। রাজধানীর পুরানা পল্টনে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে তারা।

তাদের কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে ছিল। এত নিরাপত্তার মধ্যেও বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে পুরানা পল্টনের দিকে যায় সংগঠনের সদস্যরা।
শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলেও তা অতিক্রম করে মিছিল নিয়ে এগোতে থাকে তারা। বেলা ২টার দিকে মিছিলটি বিজয়নগর এলাকায় অবস্থান করে।

হিযবুত তাহ্রীর ‘মার্চ ফর খিলাফত’ নিয়ে পুলিশ সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, হিযবুত তাহ্রীর একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
২০০৯ সালের ২২ অক্টোবর তৎকালীন সরকার হিযবুত তাহ্রীরকে নিষিদ্ধ ঘোষণা করে। তবে সাম্প্রতিক সময়ে সংগঠনটি আবার প্রকাশ্যে কার্যক্রম চালাতে শুরু করেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে তারা নানা দাবিতে মিছিল ও গোলটেবিল বৈঠক করেছে, এমনকি চট্টগ্রামেও কর্মসূচি পালন করেছে।
আজ শুক্রবার সংগঠনটি রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে মার্চ ফর খিলাফত কর্মসূচির ঘোষণা দেয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে ও লিফলেট বিতরণের মাধ্যমে তারা প্রচারণা চালায়।

এই কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিবৃতিতে জানায়, ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ অনুযায়ী নিষিদ্ধঘোষিত যেকোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও প্রচারণা শাস্তিযোগ্য অপরাধ। হিযবুত তাহ্রীর যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ এই সংগঠনের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান জানিয়েছেন, নিষিদ্ধ এই সংগঠনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

সম্প্রতি বরিশাল সরকারি আলেকান্দা কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন কার্ড পান। কার্ড হাতে পেয়ে বিস্মিত হতে হয় সব ছাত্রকে। কারণ, এতে তাঁদের ‘ফিমেল’ বা নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধুই এই কলেজ নয়, বোর্ডের ছয় জেলার প্রায় ৩৮ হাজার ছাত্র রেজিস্ট্রেশন কার্ডে ‘ফিমেল’ হয়েছেন।
৫ মিনিট আগে
কথাপ্রকাশের সামনে একজন বই দেখছিলেন। বিক্রয় কর্মীকে তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, ‘ঈদের পরে কয়দিন মেলা চলবে?’ এমন প্রশ্নে একটু অবাক হলেন স্টলের কর্মীরা। কারণ, মেলা শেষ হয়ে যাবে ঈদের আগেই, ১৫ মার্চ।
৮ মিনিট আগে
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দীর্ঘদিনের। চলতি অর্থবছরে এই সংকট আরও প্রকট হয়েছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় নেই বহু জরুরি ওষুধ। গত অর্থবছরে ওষুধ ও কেমিক্যাল কেনায় প্রায় ৬০ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও বরাদ্দ মিলেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
২ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে