
নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের পক্ষ নিয়ে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন তারা।
পুলিশ জানায়, সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই করছিল পুলিশ। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। মোটরসাইকেলটির নিবন্ধন না থাকায় সেটি আটক করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।
এ সময় মোটরসাইকেল আটক করা নিয়ে টিএসআই উজ্জ্বল কুমারের সঙ্গে আক্তারুজ্জামানের বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী রাতের দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রধান ফটকে অবস্থান নেওয়ায় কার্যালয়ের ভেতরে থাকা পুলিশ সদস্যরা কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়েন।
অবস্থান কর্মসূচি চলাকালে ঘটনাস্থলে থাকা গণমাধ্যমকর্মীরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধারণ করা ভিডিও মুছে ফেলতে গণমাধ্যমকর্মীদের ওপর চাপ দেওয়ার অভিযোগও ওঠে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, আক্তারুজ্জামানের মোটরসাইকেলটির কাগজপত্র ছিল না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে টিএসআই উজ্জ্বল কুমার চেকপোস্টে মোটরসাইকেলটি থামার সংকেত দেন। এ সময় তাঁর সঙ্গে আক্তারুজ্জামানের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মোটরসাইকেলটি আটক করা হয়। এর প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
তিনি বলেন, ‘সেখানে ৫০ থেকে ৬০ জন ছাত্রদল নেতাকর্মী ছিলেন। তাঁদের মধ্যে কেউ কেউ কিছুটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেন এবং পুলিশের সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন। পরে তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে।’
গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম বলেন, মোটরসাইকেল আটক করা নিয়ে পুলিশের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আলোচনার ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। এ সময় গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটে থাকলে সেটিও ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

কুমিল্লার মুরাদনগরের দারানীপাড়া গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষিকা খালেদা আক্তার ও তাঁর ভাতিজা মনজুরুল আলম টুটুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় হামলার পর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ কমিটি গঠন করা হয়।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে জাল দিয়ে প্রায় ১৪ লাখ ৫৫ হাজার টাকার মাছ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিমাই হলদারসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. জাহিদুল ইসলাম সেলিম (৫৫)।
১ ঘণ্টা আগে
গ্রেপ্তার খন্দকার মো. আজিজুল হক আরজু (৬৯) পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।
১ ঘণ্টা আগে