Ajker Patrika

পাথরঘাটায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
পাথরঘাটায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন
জামায়াতের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

বরগুনার পাথরঘাটায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও জেলা পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির ও বরগুনা-২ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ। তিনি অভিযোগ করেন, আজকের নির্বাচনী জনসভায় অংশ নিতে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনির সমর্থকেরা বাধা দিয়েছে এবং হামলা করেছে।

তাঁর দাবি অনুযায়ী, এই ঘটনায় শতাধিক নেতা-কর্মী মারধরের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ৩ জন গুরুতর আহত হওয়ায় তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জনসভায় আসার পথে সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ওপর হামলা করা হয়েছে।

মাওলানা আবু জাফর বলেন, বিষয়টি নিয়ে তিনি বারবার পাথরঘাটা থানার ওসিকে জানালেও তাঁরা কার্যকর কোনো ব্যবস্থা নেননি। এমনকি দায়িত্বশীল আচরণও করা হয়নি। পরে বাধ্য হয়ে ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, পাথরঘাটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকাণ্ড নিরপেক্ষতার বাইরে চলে গেছে এবং রাজনৈতিকভাবে জামায়াতের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।

হামলা ও হয়রানির বিষয়টি অস্বীকার করে পাথরঘাটা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাজী আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) পাথরঘাটায় বিএনপির জনসভায় সাধারণ মানুষের গণজোয়ার দেখে জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। তাদের সোমবার জনসভায় লোকের কম উপস্থিতি থাকায় তারা এখন মব সৃষ্টি করে বিএনপিকে দোষারোপ করছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা আজকের পত্রিকাকে জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, নৌবাহিনী ও বিজিবির যৌথ টহল অব্যাহত রয়েছে। তিনি বলেন, আজ সোমবার জামায়াতে ইসলামীর প্রার্থীকে বাইন চুটকি ফেরিঘাট থেকে নিরাপত্তা দিয়ে পাথরঘাটায় নিয়ে আসা হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতের সুযোগ নেই এবং কেউ যদি এমন অভিযোগ তোলে, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত।

ওসি আরও জানান, আজকের ঘটনার বিষয়ে জামায়াতের পক্ষ থেকে মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে এবং তা লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত