
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শামীম আহমেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ৮ অক্টোবর মধ্যরাতে রাজধানীর পল্লবী এলাকার ইসিবি চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।
সিআইডি জানায়, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার শিকার হন এক ব্যক্তি। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে তাঁর কাছ থেকে টাকা নেয়। পরে ভুক্তভোগী নিজের অর্থ উত্তোলন করতে চাইলে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও টাকা আদায় করা হয়। একপর্যায়ে পাওনা টাকা ফেরত না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগী।
এ ঘটনায় তিনি ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর মতিঝিল থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়।
মামলার তদন্তে জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রটি একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা নেয়। পরে ওই অর্থ চক্রটির নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং প্রতারণার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ মামলায় শামীমসহ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অনলাইনে চাকরি, বিভিন্ন কাজ বা টাস্ক সম্পন্ন করে আয়ের প্রলোভন এবং অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিআইডি। প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংরক্ষণ করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘সরকার বলে এ দেশের ৫০ থেকে ৫৫ শতাংশ মানুষ কৃষক। কিন্তু আমি মনে করি, ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষই কৃষির সঙ্গে সম্পৃক্ত। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে কৃষক ও কৃষিকে গুরুত্ব দিতে হবে।’
১ মিনিট আগে
নাটোরের লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত বাইসাইকেল আরোহী আজাদ আলী (৫৭) মারা গেছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রহিম।
৩ মিনিট আগে
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনায় গ্রেপ্তার মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমিকে (২৬) রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন...
১৫ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে স্বামী রাশেদুল ইসলামকে (৩৮) ছুরিকাঘাতে হত্যার মামলায় তাঁর স্ত্রী হাসনা আক্তারকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
১৬ মিনিট আগে