
বাগানে থোকায় থোকায় ঝুলছে রসাল টসটসে রাশিয়ার বৈকানুর জাতের আঙুর। চোখকাড়া এই ফলন দেখতে বাগানে ভিড় করছেন আশপাশের মানুষ। বাগানের মালিক রাজশাহীর দুর্গাপুরের কৃষক মোখলেছুর রহমান। প্রথাগতভাবে বাংলাদেশের জলবায়ু বা মাটিকে আঙুর চাষের জন্য উপযোগী মনে করা হয় না।
তবে কয়েক বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে আঙুর চাষে সফলতা পাচ্ছেন কিছু খামারি। সর্বসাম্প্রতিক চাষপদ্ধতি ‘পলিনেট’ কৌশল তাঁদের কাজকে আরও সহজ করছে। শুধু আঙুর নয়, ক্যাপসিকাম, টমেটো, স্ট্রবেরি, ফুলকপি, ব্রাসেলস স্প্রাউট, লেটুসের মতো দেশি-বিদেশি সবজি ও ফলের চাষ করা হচ্ছে এ পদ্ধতিতে।
পলিনেট পদ্ধতি অনেকটাই শীতপ্রধান দেশের গ্রিনহাউস পদ্ধতির খামারের মতো। নেট, পলিথিন শিট ও স্টিলের সমন্বয়ে গ্রিনহাউসের মতোই ছাউনি ধরনের কাঠামো তৈরি করা হয় এতে। এ ছাউনির ভেতরে সূর্যের আলো, তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। এভাবেই কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে আঙুরসহ ভিন্নধর্মী নানা কৃষিপণ্য চাষের অনুকূল পরিবেশ।
পলিনেট প্রযুক্তি ব্যবহার করে মোখলেছুর রহমান ২০ শতক জমিতে আঙুর চাষ করছেন। বছরে দুবার ফলন পেয়েছেন। প্রতিবার বিক্রি করেছেন প্রায় ৪ লাখ টাকার আঙুর। মোখলেছুর এ বিষয়ে বলেন, ‘পলিনেটে আঙুর চাষ করলে বছরে দুবারই ভালো ফলন পাওয়া যায়। পলিনেট ছাড়া তত ভালো ফলন আসে না।’

পলিনেট পদ্ধতিতে দেশি-বিদেশি ফসল ও ফুলের চারা উৎপাদন করে সফলতা পেয়েছেন রাজশাহী চারঘাট উপজেলার কৃষক মনিরুল ইসলাম। তিনি পলিনেটে উচ্চমূল্যের ফসল, যেমন ক্যাপসিকাম, টমেটো, ব্রকলি, স্কোয়াশ, স্ট্রবেরি, মেলন, শসা, ফুলকপি, বাঁধাকপি, ব্রাসেলস স্প্রাউট, লেটুস, চীনাশাক এবং গোলাপ ও জারবেরার চারা উৎপাদন করেন। গত ৩ বছরে এসব সবজি ও ফুলের চারা বিক্রি করে তিনি ২৭ লাখ টাকা আয় করেছেন।
মনিরুল ও মোখলেছুরের মতো অনেকে পলিনেট পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের বিনা মূল্যে সরবরাহ করা হয়েছে আধুনিক সেচ সুবিধাসম্পন্ন ১০২টি পলিনেট হাউস। প্রকল্পের তথ্য অনুসারে, পলিনেট হাউসগুলোর ৩৭টিতে বিভিন্ন সবজি ও ফলের চারা, ২৫টিতে আঙুর, ৯টিতে জারবেরা ও চন্দ্রমল্লিকা, ৭টিতে গ্রীষ্মকালীন টমেটো এবং ১৫টিতে বিভিন্ন সবজি উৎপাদন করা হচ্ছে। এসব উচ্চমূল্যের ফসল ও ফুল চাষের মাধ্যমে নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হয়েছে।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, পলিনেট ৬০ শতাংশ সূর্যের আলো প্রতিরোধ করে। এর ভেতরে ক্ষতিকর পোকামাকড় ঢুকতে পারে না। তাই বালাইনাশক ব্যবহারের প্রয়োজন পড়ে না। এতে বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন সম্ভব হয়। এর মধ্য দিয়ে তৈরি হচ্ছে কৃষির রূপান্তরের নতুন গল্প। তবে পলিনেট হাউস বিতরণে কৃষক নির্বাচনে ভুল হলে এর উদ্দেশ্য ব্যর্থ হতে পারে।
জানতে চাইলে প্রকল্পের পরিচালক এস এম হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, পলিনেট হাউসে চাষাবাদকারী কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। ফসলের বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহ করা হয়। তিনি জানান, চলতি অর্থবছরে পলিনেট হাউসে সৌরশক্তি ব্যবহারের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
দেশে এখন মালচিং পদ্ধতিতে চাষাবাদেও ভাগ্য বদলাচ্ছে অনেক কৃষকের। মালচিং পদ্ধতি হচ্ছে চারার গোড়ার চারপাশের মাটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়া। এর মাধ্যমে মাটির আর্দ্রতা ধরে রাখা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা ও আগাছা দমন সম্ভব হয়। মালচিং পদ্ধতিতে অসময়ের তরমুজ চাষে সফলতা পেয়েছেন রাজশাহীর চারঘাট উপজেলার মজিবুল হাসান রকি। রাজশাহী সরকারি কলেজে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রকি। পড়াশোনার ফাঁকে মন দিয়েছেন কৃষিকাজে। গত বছর রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রণোদনায় মালচিং পদ্ধতিতে তরমুজসহ অর্থকরী ফসলের আবাদের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। এ বছর মৌসুমের বাইরে তরমুজ চাষ করেছেন। ২৬০০ থেকে ৩০০০ টাকা মণে তরমুজ বিক্রি করছেন। গত বছর ১৫ কাঠা (স্থানীয় মাপ) জমি থেকে ২ লাখ ৮ হাজার, চলতি বছর ৮ কাঠা জমি থেকে ৯২ হাজার টাকাসহ সাড়ে ৩ লাখ টাকা আয় করেছেন।
রকির বাবা ৫০ বছর ধরে কৃষিকাজে যুক্ত ওয়াহাব আলী জানান, এ বছর তাঁরা গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বেগুনের আবাদও করছেন। ছেলের মালচিং পদ্ধতির চাষ তাঁকে বেশ উৎসাহিত করেছে। নিজেও জড়িয়েছেন তাঁর কাজে।
মালচিং পদ্ধতির উপকারিতা সম্পর্কে রকি বলেন, তরমুজ গাছের গোড়ায় সরাসরি রোদ পড়লে গাছ মরে যায়। মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে গাছ মরে না। তিনি কোনো ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে জৈব বালাইনাশকে গুরুত্ব দিয়েছেন।
রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মো. অনিক মেহফুজ আজকের পত্রিকাকে বলেন, দিন দিন এ অঞ্চলে মালচিং পদ্ধতির দিকে কৃষকেরা আগ্রহী হয়ে উঠছেন। প্রকল্পের পক্ষ থেকে মালচিংয়ের জন্য যাবতীয় সরঞ্জাম বিনা মূল্যে সরবরাহ করা হয়। গত অর্থবছরে চারঘাটে মালচিংয়ে তরমুজ চাষাবাদে ৬টি প্রদর্শনী দেওয়া হয়েছিল। চলতি বছর প্রায় তিন গুণ কৃষক নিজস্ব অর্থায়নে এ পদ্ধতিতে চাষাবাদ করছেন।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
১৮ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
২৭ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
৩০ মিনিট আগে