
নেত্রকোনার কেন্দুয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।
আজ বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মরিয়ম উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএনসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসছে। এমন গোপন সংবাদে আজ সকালে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি করা হয়। একপর্যায়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসে থাকা মরিয়ম বেগমের কাছ থেকে দুটি প্যাকেটে রাখা মোট ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় একটি আইটেল মোবাইল ফোন (বাটন) ও মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়।
ডিএনসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম ও তাঁর স্বামী জুয়েল মিয়া কুখ্যাত মাদক কারবারি। মরিয়ম চট্টগ্রাম থেকে ইয়াবার বড় চালান নিয়ে আসতেন। পরে এসব ইয়াবা স্বামী-স্ত্রী মিলে এলাকায় বিক্রি করতেন।
এ ঘটনায় আটক মরিয়ম বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে মাদক আইনে কেন্দুয়া থানায় মামলা করেছেন।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, ‘মরিয়মকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা তৎপর রয়েছে। মাদক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ভূল্লী নদী পার হওয়ার সময় পানিতে ডুবে জুয়েল (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ বগুলাডাঙ্গী এলাকায় ভূল্লী নদীতে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এ এলাকায় যানজট কমবে, গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে। একই সঙ্গে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ
১১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
খুলনার বটিয়াঘাটা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. মুকুল কাগজীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০ নম্বর সোরা গ্রামের বাসিন্দা রাজ্জাক কাগজীর ছেলে।
১৮ মিনিট আগে