
নিজের ছেলে ও সভাপতির ভাগনাকে নিয়োগ দিতে জালিয়াতির মহোৎসবে মেতে উঠেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ী মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. শহিদুর রহমান।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক ম্যানেজিং কমিটি গঠনে নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তা জানেন না যে কমিটি গঠন করা হয়েছে। অথচ কমিটি গঠন দেখিয়ে নিয়োগও সম্পন্ন করা হয়েছে। আবার ডিজির প্রতিনিধি ছাড়া নিয়োগ কমিটির বাকি সদস্যরা জানেন না, তাঁরা নিয়োগ দিয়েছেন। অর্থাৎ তাঁদেরও স্বাক্ষরও জাল করা হয়েছে। এ অবস্থায় নিয়োগ বাতিল করার কথা ভাবছে মাদ্রাসা অধিদপ্তর। তবে সে জন্য অবশ্যই আগে লিখিত অভিযোগ দিতে হবে অধিদপ্তরে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য প্রিসাইডিং কর্মকর্তার মনোনয়ন চেয়ে ওই মাদ্রাসার সুপার মো. শহিদুর রহমান গত বছরের ১৮ আগস্ট ইউএনও বরাবর আবেদন করেন। এরপর তৎকালীন ইউএনও রাজ কুমার বিশ্বাস ওই তারিখে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেনকে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। পরে প্রিসাইডিং কর্মকর্তা মো. বেলাল হোসেন নির্বাচনী তফসিল ঘোষণা করেন ওই বছরের ৭ অক্টোবর।
এরপরে সুপার মনোনয়নপত্র গ্রহণ করেন ও জমা দেন। কমিটি গঠনে আর কোনো পদক্ষেপ নেননি সুপার। সে কারণে কমিটি করা সম্ভব হয়নি। অথচ ওই সুপার ম্যানেজিং কমিটি গঠিত দেখিয়ে পাঁচ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। চলতি বছরের গত ১৯ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক নয়াদিগন্ত ও স্থানীয় দৈনিক মাধুকর পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পাঁচ পদের মধ্যে ঈদের আগের দিন গত ২০ মার্চ দুই পদে নিয়োগ দেওয়া হয়। সুপারের ছেলেকে দেওয়া হয় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ও সভাপতির ভাগনাকে দেওয়া হয় পরিচ্ছন্নতাকর্মী পদে। ইবতেদায়ি প্রধান শিক্ষক, ল্যাব সহকারী ও অফিস সহায়ক পদেও নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে।
এদিকে সুপার হয়ে নিজের ছেলেকে নিয়োগ দিতে আইনি জটিলতা থাকায় মাদ্রাসার সহকারী সুপার মো. গোলজার রহমানকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দিয়ে এ নিয়োগ দুটি পার করা হয়। নিয়োগ কমিটির পাঁচ সদস্যের মধ্যে ডিজির প্রতিনিধি ছাড়া বাকি সদস্যদের স্বাক্ষর জাল করা হয়েছে। বিষয়গুলো জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কথা হয় নিয়োগ কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি সুমন্ত চন্দ্র বর্মণের সঙ্গে। তিনি বলেন, ‘আমিও শুনেছি, নিয়োগ কমিটির সদস্য করা হয়েছে আমাকে। এর বেশি কিছু জানি না।’
কথা হয় নিয়োগ কমিটির আরেক সদস্য ও শিক্ষক প্রতিনিধি মো. সাজ্জাদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘বিধি মোতাবেক যে সিস্টেমে কমিটি গঠন হওয়ার কথা, সে সিস্টেমে করা হয়নি। হলে আমরা জানতাম। কারণ, আমরা নিয়মিত মাদ্রাসায় আসি। তবে লোকমুখে শুনে আসছি, সুপার হুজুর গোপনে নাকি কমিটি গঠন করেছেন এবং নিয়োগও দিয়েছেন। আমরা বলেছি এ কমিটি আমরা মানি না এবং মানবও না।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ কমিটিতে আমাকে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে, কিন্তু আমি জানি না। বিষয়টি তাঁরা আমাকে জানিয়েছেন। নিয়োগ পরীক্ষা কবে হয়েছে, কোথায় হয়েছে বা হয়েছে কি না—কিছুই আমি জানি না। নিয়োগের বিষয়ে কোনো স্বাক্ষর দিইনি।’
মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. গোলজার রহমান বলেন, ‘আমার জানামতে, এ প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন করা হয়নি। তা ছাড়াও বিষয়টি নিশ্চিত হয়েছি ম্যানেজিং কমিটি গঠনের কাজে নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন স্যারের মাধ্যমে। তিনিও বলেছেন কমিটি গঠন করা হয়নি।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিয়োগ কমিটিতে আমাকে নাকি ভারপ্রাপ্ত সুপার দেখানো হয়েছে। সুপার হুজুর তাঁর নিজের ছেলেকে নিয়োগ দিতেই নাকি এ জালিয়াতি করেছেন। কারণ, সুপার হয়ে নিজের ছেলেকে নিয়োগ দিতে আইনি জটিলতা রয়েছে।’
এ বিষয়ে কথা হয় মাদ্রাসার সুপার মো. শহিদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘কমিটি হয়েছে।’ তবে নিয়োগ দিয়েছেন কি না জানতে চাইলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। এরপর আবারও ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
অভিযুক্ত ভুয়া কমিটির সভাপতি ও ধর্মপুর আবদুল জব্বার ডিগ্রি কলেজের প্রভাষক আলহাজ মো. ইব্রাহিম আলী সরকারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
ওই মাদ্রাসায় ম্যানেজিং কমিটি গঠনে নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা একাডেমি সুপারভাইজার মো. বেলাল হোসেন বলেন, ‘প্রিসাইডিং অফিসার পদে নিয়োগ পেয়ে গত বছরের ৭ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা দিই। পরে সুপার মনোনয়নপত্র জমা দেন মাত্র। ম্যানেজিং কমিটি গঠনের বাকি ধাপগুলো সুপার আর করেননি। সে কারণে ওই মাদ্রাসায় ম্যানেজিং কমিটি গঠন করা সম্ভব হয়নি।’ তিনি আরও বলেন, ‘শুনতেছি, ওই মাদ্রাসার সুপার নাকি ভুয়া কমিটি বানিয়ে নিয়োগও দিয়েছেন।’
এ বিষয়ে কথা হয় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ কমিটির সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অতিরিক্ত দায়িত্বে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘ঈদের আগের দিন ডিজির প্রতিনিধি এ বিষয়ে আমাকে ফোন দিয়েছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে থাকায় আসতে পারিনি। কাগজপত্র ঠিকঠাক থাকলে নিয়োগ দিতে বলেছি। এখন শুনছি, ওই মাদ্রাসায় কমিটিও নাকি হয়নি। এটা প্রমাণিত হলে নিয়োগও টিকবে না।’ বিষয়টি তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও তিনি।
কঞ্চিবাড়ী মজিদিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ বোর্ডের মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, ঈদের আগের দিন ওই মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও পরিচ্ছন্নতাকর্মী পদে মোট দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই মাদ্রাসার কমিটি কীভাবে হয়েছে, তা আমাদের জানার কথা নয়। তবে অবৈধভাবে কমিটি হয়ে থাকলে মাদ্রাসা অধিদপ্তরে অভিযোগ দিলে কমিটি বাতিল হয়ে যাবে।’

সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
৩ মিনিট আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় ইট দিয়ে মাথা থেঁতলে এক ভ্যানচালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশনে নদীতে গোসল করতে নেমে আলমগীর (৩৫) নামের এক ইটভাটার শ্রমিক নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেসার্স ফাহিম ব্রিকসের দক্ষিণ পাশে মায়া নদীতে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উপলক্ষে প্রবীণদের স্নান ও আশীর্বাদ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকার মারমা উন্নয়ন সংসদ কার্যালয়ের সামনে মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
১ ঘণ্টা আগে