Ajker Patrika

পুশ ইন ও চোরাচালান রোধে কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম, তথ্য দিলে পুরস্কার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
পুশ ইন ও চোরাচালান রোধে কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম, তথ্য দিলে পুরস্কার
গত মঙ্গলবার থেকে ৪৭ বিজিবির আওতাধীন কুষ্টিয়া ও মেহেরপুরের গাংনী সীমান্তের বিভিন্ন এলাকায় মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। ছবি: সংগৃহীত

পুশ ইন, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান ঠেকাতে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। দায়িত্বপূর্ণ সীমান্তে সন্দেহজনক ব্যক্তি, অবৈধ পারাপার কিংবা চোরাচালানের তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতার পরিচয় গোপন রেখে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বিজিবি। এ ঘোষণার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিং, আলোচনা সভা ও জনসচেতনতামূলক সমাবেশ করা হচ্ছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার থেকে ৪৭ বিজিবির আওতাধীন কুষ্টিয়া ও মেহেরপুরের গাংনী সীমান্তের বিভিন্ন এলাকায় মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধ পারাপারে সহযোগিতা না করার বিষয়ে সতর্ক করা হচ্ছে।

একই সঙ্গে ভারত থেকে কাউকে পুশ ইনের চেষ্টা, কোনো ভারতীয় নাগরিকের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, সীমান্তে সন্দেহজনক ব্যক্তি বা দলের চলাচল কিংবা পরিচয় গোপন করে কারও অবস্থানের তথ্য পাওয়া গেলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা টহল দলকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।

এ ছাড়া সীমান্ত এলাকায় অপ্রয়োজনে ঘোরাফেরা না করা, অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে বাড়িতে আশ্রয় না দেওয়া এবং মাদক, অস্ত্র, মানব পাচার ও চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য স্থানীয়দের সচেতন করা হচ্ছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘গত মঙ্গলবার থেকে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের মানুষকে সচেতন করতে আলোচনা সভা ও মাইকিং করা হচ্ছে। কার্যক্রমটি চলমান রয়েছে। এ ধরনের সচেতনতামূলক প্রচার-প্রচারণা মাঝেমধ্যে করা হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ তিনি বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। সীমান্তে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড নজরে এলে দ্রুত বিজিবিকে জানাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত