Ajker Patrika

কাজের প্রলোভনে মালয়েশিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, অভিযুক্ত গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৮: ১৪
কাজের প্রলোভনে মালয়েশিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, অভিযুক্ত গ্রেপ্তার
গ্রেপ্তার মাসুদ করিম। ছবি: সংগৃহীত

প্রতারণার মাধ্যমে মালয়েশিয়ায় নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে মাসুদ করিম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেট এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, দুই ভুক্তভোগীকে ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়ায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। তবে তাঁদের ভিজিট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে বিমানবন্দরের বাইরে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। পরে আন্তর্জাতিক সংঘবদ্ধ মানব পাচার চক্রের সহায়তায় ভুক্তভোগীদের স্বজনদের ফোন করে তাঁদের মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।

মামলার অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগীদের মুক্তিপণ হিসেবে ব্যাংক হিসাবের মাধ্যমে দুই লাখ টাকা আদায় করা হয়েছে। এ ঘটনায় মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগে মানি লন্ডারিং অনুসন্ধান করে সিআইডি। অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে মাসুদ করিম ও তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর (সংশোধনী, ২০১৫) ৪(২) ধারায় মামলা করা হয়। গত ১২ মার্চ পল্টন থানায় মামলাটি হয়।

সিআইডি জানিয়েছে, বর্তমানে মামলাটির তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তি, পলাতক অভিযুক্ত ও চক্রটির দেশি-বিদেশি সহযোগীদের শনাক্ত করার পাশাপাশি সম্ভাব্য ভুক্তভোগীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এদিকে বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করার আহ্বান জানিয়েছে সিআইডি। সে সঙ্গে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণ ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ভিসার নামে অস্বাভাবিক অঙ্কের অর্থ দাবি, পাসপোর্ট আটকে রাখা কিংবা মানব পাচার ও ভিসা জালিয়াতির সন্দেহ হলে নাগরিকদের দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সিআইডিকে জানানোর অনুরোধও করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত