Ajker Patrika

মিরপুরে ডিএনসিসির গাড়িতে হামলা-অগ্নিসংযোগ: প্রশাসক বললেন—উচ্ছেদ চলবে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৬
মিরপুরে ডিএনসিসির গাড়িতে হামলা-অগ্নিসংযোগ: প্রশাসক বললেন—উচ্ছেদ চলবে
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ফুটপাত মুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ বুধবার মিরপুর-১০ নম্বরের দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এই ঘোষণা দেন।

তিনি জানান, উচ্ছেদ অভিযানে বাধা সৃষ্টি ও হামলার ঘটনা সত্ত্বেও নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিতে সিটি করপোরেশনের ফুটপাত উদ্ধারের এই অভিযান থেমে থাকবে না।

ডিএনসিসি প্রশাসক জানান, আজ উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর বিশৃঙ্খলা তৈরি হয়। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একই সঙ্গে অভিযানে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়।

অভিযান চলাকালে ডিএনসিসির পরিবহনকর্মী, পেশাগত দায়িত্বে নিয়োজিত সাংবাদিক ও উপস্থিত কিছু পুলিশ কর্মকর্তার ওপরও হামলা চালানো হয়।

ডিএনসিসি প্রশাসক অভিযোগ করে বলেন, ‘ফুটপাত দখল করে রাখা ফ্যাসিবাদের দোসররা এবং তাদের ইন্ধনদাতারা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা মসজিদেও আগুন দেয়।’

তবে স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানান তিনি।

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, এ ঘটনার পর পুলিশের পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকেও পৃথক মামলা করা হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত পরিচালনা করে জড়িতদের দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে কারও ইন্ধনে আবারও ফুটপাত দখলের চেষ্টা চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মিরপুরের সাধারণ মানুষ যে ফুটপাত দখলমুক্ত রাখতে চান, বুধবারের ঘটনার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে বলে মনে করেন ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত রাখা এবং তাদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করা সিটি করপোরেশনের একটি নৈতিক দায়িত্ব।

অভিযান পরিচালনায় সহায়তা ও সমর্থন দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে প্রশাসক পুনর্ব্যক্ত করেন যে, ফুটপাত পুনরুদ্ধারে ডিএনসিসির এই কার্যক্রম নিয়মিত চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত