Ajker Patrika

২ দিনে রাজধানীতে ৫ মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২৭
২ দিনে রাজধানীতে ৫ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক স্থান থেকে দুই নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর সবুজবাগের গৃহবধূ আফরোজা আইরিন (৪৮), ভাটারার প্রবাসফেরত তামিম মোস্তফা (২২), ডেমরার ব্যবসায়ী জীবন মিয়া (৩৩), আজিমপুরের বৃদ্ধা আঙ্গুরনেছা (৭২) এবং যাত্রাবাড়ীর ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবক।

আজ বিকেলে রাজধানীর লালবাগ আজিমপুর রোডের একটি বাড়ির আটতলার ব্যালকনি থেকে নিচে পড়েন আঙ্গুরনেছা (৭২) নামের এক বৃদ্ধা। মুমূর্ষু অবস্থায় ছেলে মুর্তজা কামাল তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যার দিকে মৃত ঘোষণা করেন। তাঁর বাসা লালবাগের আজিমপুরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানা-পুলিশ তদন্ত করছে।

গৃহবধূ আফরোজা আইরিন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুরের এ কে এম আনোয়ারুল্লাহর মেয়ে। বর্তমানে সবুজবাগের বাসাবো আহমেদবাগ এলাকার একটি বাসায় থাকতেন তিনি।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গতকাল বুধবার দুপুরে মুগদা হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর ডান হাতের বিভিন্ন জায়গায় কালো দাগ রয়েছে। গত ১৪ সেপ্টেম্বর রাতে তাঁর সৎ ভাই ও ভাবির সঙ্গে কথা-কাটাকাটি হয় তাঁর। একপর্যায়ে ধাক্কায় রাস্তায় পড়ে অচেতন হন আফরোজা। মুগদা হাসপাতালে ভর্তির পর গতকাল দুপুরে চিকিৎসাধীন তিনি মারা যান।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সেলিম শাহ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, তামিম জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকার কামাল মোস্তফার ছেলে। গতকাল রাতে ভাটারা কুড়িল বিশ্বরোডের মেম্বার বাড়ি এলাকার একটি বাসার চতুর্থ তলার মেস থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মালয়েশিয়া থেকে ফেরত আসার পর থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, আজ সকালে ডেমরা পশ্চিম হাজীনগর প্রাইম কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পাশে ক্যানেলপাড়-সংলগ্ন ডিএনডি খাল থেকে জীবন মিয়া (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। জীবন মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ মুড়াপাড়া দড়িকান্দি এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে।

এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, শনির আখড়া রাস্তার আইল্যান্ডের ওপর থেকে আজ সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত