
বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে ‘বোর্ড অব পিস’ বা একটি শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বোর্ডে যোগ দেওয়ার জন্য তিনি বিশ্বনেতাদেরও আহ্বান জানিয়েছেন। তবে তাঁর এই আহ্বানে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে। কূটনীতিকদের আশঙ্কা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জাতিসংঘের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
আজ রোববার বিভিন্ন দেশের প্রতিক্রিয়ায় দেখা গেছে, ট্রাম্পের প্রস্তাবে প্রকাশ্য সমর্থন দিয়েছে কেবল হাঙ্গেরি—যার প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইউরোপসহ বিশ্বের প্রায় ৬০টি দেশকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
গতকাল শনিবার ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম্পের আমন্ত্রণপত্র পৌঁছাতে শুরু করেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে বেশির ভাগ দেশই এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য এড়িয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই উদ্যোগে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠার কাজ দুর্বল হয়ে পড়তে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা আমন্ত্রণপত্র ও খসড়া সনদ অনুযায়ী, ট্রাম্প আজীবনের জন্য এই বোর্ডের চেয়ারম্যান হবেন। প্রথম পর্যায়ে বোর্ডটি গাজা সংকট নিয়ে কাজ করবে, পরে এর পরিধি বাড়িয়ে অন্যান্য আন্তর্জাতিক সংঘাত অন্তর্ভুক্ত করা হবে।
সদস্যদের মেয়াদ নির্ধারিত থাকবে তিন বছর। তবে কেউ যদি বোর্ডের তহবিলে ১ বিলিয়ন ডলার দেয়, তাহলে তারা স্থায়ী সদস্যপদ পাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোয়াইট হাউস বলেছে, এটি কেবল সেই দেশগুলোকেই স্থায়ী সদস্যপদ দেবে, যারা বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্টায় অঙ্গীকারবদ্ধ।
বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন অনুযায়ী এই বোর্ডের কার্যপরিধি ২০২৭ সাল পর্যন্ত সীমিতভাবে শুধু গাজা সংকটে প্রযোজ্য।
দক্ষিণ কোরিয়া সফররত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ বিষয়ে সাংবাদিকদের জানান, তাঁর দেশ ‘নিজেদের ভূমিকা রাখতে প্রস্তুত’। তবে তিনি গাজা প্রসঙ্গেই কথা বলেছেন নাকি পুরো বোর্ড অব পিস উদ্যোগ নিয়ে—তা স্পষ্ট নয়।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, গাজা নিয়ে বোর্ড অব পিসের প্রস্তাবে তিনি নীতিগতভাবে সম্মত হয়েছেন, তবে বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে আমন্ত্রণপত্রের সঙ্গে সংযুক্ত একটি ‘সনদ’ ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ আরও বাড়িয়েছে। অনেকের মতে, এটি জাতিসংঘ সনদের মৌলিক নীতিকে উপেক্ষা করছে।
এক ইউরোপীয় কূটনীতিক বলেন, এটি যেন ‘ট্রাম্পের জাতিসংঘ’, যা জাতিসংঘ সনদের ভিত্তিকে অগ্রাহ্য করে। আরও তিনজন পশ্চিমা কূটনীতিক জানান, এই বোর্ড চালু হলে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা দুর্বল হয়ে পড়বে।
এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা না করলেও বলেন, জাতিসংঘই একমাত্র প্রতিষ্ঠান, যার নৈতিক ও আইনগত বৈধতা রয়েছে বড়-ছোট সব দেশকে একত্র করার। এর বিপরীতে অন্যকোনো প্রতিষ্ঠান থাকলে জাতিসংঘ দুর্বল হওয়ার শঙ্কা তৈরি হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, এই বোর্ডে থাকবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তবে বোর্ডে কোনো ফিলিস্তিনি প্রতিনিধির নাম নেই।
প্রস্তাবে আলাদা করে ১১ সদস্যের একটি ‘গাজা এক্সিকিউটিভ বোর্ড’ গঠনের কথাও বলা হয়েছে, যেখানে থাকবেন তুরস্ক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিসহ জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি সমন্বয়কারী।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, এই বোর্ডের গঠন ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই করা হয়েছে। এটি তাদের নীতির সঙ্গে সাংঘর্ষিক।
নোবেল শান্তি পুরস্কারপ্রত্যাশী ট্রাম্প এ বিষয়ে রয়টার্সকে বলেন, ‘আমার মতে, এটি গাজা দিয়ে শুরু হবে এবং পরে যেসব সংঘাত আসবে, সেগুলোতেও কাজ করবে।’
তবে মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, একটি বিদেশি ভূখণ্ডের শাসনব্যবস্থা তদারকিতে ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড ঔপনিবেশিক কাঠামোর স্মৃতি জাগিয়ে তুলছে। বিশেষ করে, ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে টনি ব্লেয়ারের সম্পৃক্ততা নিয়েও সমালোচনা রয়েছে।

বিশ শতকের বিজয়ী ছিল যুক্তরাষ্ট্র। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি শুধু অতুলনীয় রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির অধিকারীই হয়নি, বরং সাংবিধানিক সরকারব্যবস্থা ও স্বাধীনতার মতো বহু কাঙ্ক্ষিত মূল্যবোধেরও প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু সেই অবস্থান স্থায়ী হয়নি।
১ দিন আগে
ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি ঘোষণার পর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং এ বছরের নির্বাচনে আবারও ক্ষমতায় ফেরার প্রত্যাশী নাফতালি বেনেত বেশ ক্ষুব্ধ ছিলেন। তেহরান ও ওয়াশিংটনের সাম্প্রতিক চুক্তি ঘোষণার পর তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বর্তমান প্রধানমন্ত্রী এমন একটি...
১ দিন আগে
একসময় প্রযুক্তি খাতের চাকরিতে টিকে থাকতে মানবিক বিভাগের শিক্ষার্থীদের বলা হতো, ‘কোডিং শিখুন।’ কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগে সেই সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। এখন বিশ্বের বড় বড় এআই গবেষণাগার ও প্রযুক্তি কোম্পানিগুলো দার্শনিকদের খুঁজছে।
২ দিন আগে
সপ্তাহ দুয়েক আগে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন স্পেসএক্স তাদের শেয়ারের একটি অংশ নাসডাকে তালিকাভুক্ত করেছে। কোম্পানিটির সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে ২ ট্রিলিয়ন ডলারের উপরে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় আইপিও বা প্রাথমিক শেয়ার ছাড়ার ঘটনা।
২ দিন আগে