
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরুর ছয় মাস পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধকে একসময় ‘ছোট্ট অভিযান’ বলে বর্ণনা করেছিলেন, তা এখন গভীরভাবে অজনপ্রিয় ও দীর্ঘস্থায়ী অচলাবস্থায় পরিণত হয়েছে। ইরান আত্মসমর্পণ করেনি, হরমুজ প্রণালি দিয়ে নৌপরিবহন এখনো মারাত্মকভাবে ব্যাহত এবং যুদ্ধের সমাপ্তির কোনো সুস্পষ্ট পথ দেখা যাচ্ছে না।
শুরুতে ট্রাম্পের পূর্বাভাস ছিল, চার সপ্তাহের মধ্যেই সংঘাত শেষ হবে। কিন্তু ছয় মাস পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সামরিক হামলা ইরানকে ছাড় দিতে বাধ্য করতে ব্যর্থ হওয়ায় ওয়াশিংটন এখন আবার অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে ফিরছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিত্রদের জানিয়েছেন, আপাতত নতুন হামলা চালানোর সম্ভাবনা কম।
রয়টার্সের মতে, এই যুদ্ধের ছয়টি গুরুত্বপূর্ণ পরিণতি ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে—
যুদ্ধ শুরুর সময় থেকেই মার্কিন জনমতের বড় অংশ এর বিরোধী ছিল। রয়টার্স/ইপসোসের জরিপ অনুযায়ী, সংঘাত শুরুর পর ট্রাম্পের জনপ্রিয়তা ৪০ শতাংশ থেকে কমে ৩৩ শতাংশে নেমেছে। জ্বালানির দাম বৃদ্ধি তাঁর ২০২৪ সালের নির্বাচনী প্রতিশ্রুতি তথা আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকারকে প্রশ্নের মুখে ফেলেছে। জরিপে মাত্র ৩১ শতাংশ মানুষ যুদ্ধের পক্ষে মত দিয়েছেন। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে মূল্যস্ফীতি ও যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষ রিপাবলিকান পার্টির জন্য বড় উদ্বেগের কারণ এখন।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ হয়। যুদ্ধের শুরুতে এই পথ ব্যাহত হওয়ায় তেলের দাম বেড়ে যায় এবং বৈশ্বিক মন্দার আশঙ্কা দেখা দেয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যুদ্ধ শুরুর পর দুবার বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। বর্তমানে চলতি বছরে ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা জানুয়ারিতে ছিল ৩ দশমিক ৩ শতাংশ। তবে বড় অর্থনীতিগুলো এখন আগের তুলনায় কম জ্বালানিনির্ভর। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগসহ শক্তিশালী ব্যয় ও বিনিয়োগ অর্থনীতিকে কিছুটা সুরক্ষা দিয়েছে।
দেশটির সামরিক অবকাঠামো ও অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, বহু ইরানি নৌযান ধ্বংস হয়েছে এবং অধিকাংশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অকার্যকর হয়েছে। তবু ইরানের হাতে এখনো ড্রোন ও ক্ষেপণাস্ত্র রয়েছে। তারা আঞ্চলিক মার্কিন স্থাপনা ও জাহাজে হামলা চালাতে সক্ষমতা দেখিয়ে যাচ্ছে। যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে দেশটিতে মূল্যস্ফীতি ভয়াবহ আকার নিয়েছে; জুলাইয়ে খাদ্যমূল্য আগের বছরের তুলনায় ১২৮ শতাংশ বেড়েছে। তবে যুদ্ধ অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে বিশ্বের কাছ থেকে আড়াল করে দিয়েছে এবং ভিন্নমতের ওপর কঠোর দমন-পীড়ন বাড়িয়েছে।
ইরানের হুমকি কমানোর উদ্দেশে শুরু হওয়া যুদ্ধ উল্টো উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ঝুঁকি বাড়িয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সামরিক ও কূটনৈতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে। হরমুজে ইরানের হামলা এবং লোহিত সাগরে হুতি অবরোধ মিলিয়ে পরিবহন ও বিমা ব্যয় বেড়েছে, সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহে ইরানের সম্ভাব্য সময়সীমা ছয় মাস থেকে বেড়ে এক বছর পর্যন্ত হতে পারে। তবে জাতিসংঘের পরিদর্শকেরা এখনো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ফিরতে পারেননি। ফলে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ কেজি ইউরেনিয়ামের অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ইরান অবশ্য বরাবরই পারমাণবিক বোমা তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।
যুদ্ধে যুক্তরাষ্ট্র ড্রোন ও যুদ্ধবিমান হারিয়েছে এবং বিপুল পরিমাণ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। দেশটির প্যাট্রিয়ট ও থাড প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধবিমান, রণতরী ও অন্যান্য সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ায় অন্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠেছে।
ছয় মাসের এই যুদ্ধে তাই কোনো পক্ষের সুস্পষ্ট বিজয় দেখা যাচ্ছে না। বরং ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ, ইরানের স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতি—সবকিছুই এখন দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে।

ইসরায়েলি ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সবচেয়ে বড় প্রভাব হতে পারে মানুষের বিশ্বাসের ওপর। তাঁর মতে, বিশ্বাসই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। এআই মানুষের বিশ্বাসের ধরন বদলে দিয়ে অর্থনীতি, তথ্যব্যবস্থা, রাজনীতি এবং ভবিষ্যৎ সমাজে বড় পরিবর্তন আনতে পারে।
৭ ঘণ্টা আগে
চীন-নেপাল সীমান্তের তিব্বত ও উত্তর নেপাল অঞ্চলে ভয়াবহ হিমবাহ ধস, ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত মানুষ নিহত ও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও বড় ধরনের হতাহতের কথা জানিয়েছে।
৯ ঘণ্টা আগে
ওয়াশিংটন ইরানের অর্থনীতি আরও দুর্বল করতে নতুন করে কঠোর পদক্ষেপের পরিকল্পনা ঘোষণা করেছে। জবাবে ইরানও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর পাল্টা চাপ বাড়ানোর হুমকি দিয়েছে। তেহরান বলছে, অর্থনৈতিক যুদ্ধ আরও বাড়লে এর প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অঞ্চল ও বিশ্বের জন্য বড় ধরনের মূল্য...
১০ ঘণ্টা আগে
কোনো একটি দেশের সবচেয়ে সংবেদনশীল প্রতিরক্ষা প্রযুক্তিগুলোর একটি হলো তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। প্রথমবারের মতো এই প্রতিরক্ষা প্রযুক্তি বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাষ্ট্রীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) উদ্ভাবি
১ দিন আগে