দেশের ব্যাংকিং ব্যবস্থায় দীর্ঘদিন আমানত ও সুদের হারের মধ্যে ৯-৬ স্তরের সিলিং প্রচলিত ছিল। গত বছরের জুলাইয়ে সেটি তুলে দেওয়া হয়। এতে সুদহার বেড়ে যায়; যার ইতিবাচক প্রভাব দেখা মেলে ব্যাংকগুলোতে। আমানতকারীরা বাড়তি মুনাফার আশায় ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হয়ে ওঠেন। এই যখন পরিস্থিতি, তখন সুদের হার বাজারভিত্তিক করার ঘোষণা আসে চলতি বছরের মে মাসে। এর ফলে সুদহার আগের তুলনায় আরও বেড়ে যায়। আমানতকারীরাও সেটি লুফে নেন। অনেকেই এ উচ্চ সুদের মুনাফা ভাগিয়ে নিতে ঘরে ফেলে রাখা অলস অর্থের পাশাপাশি সঞ্চয়পত্রে জমা করা টাকাও মেয়াদ ফুরানোর আগেই তুলে নিয়ে ব্যাংকে জমা রাখতে শুরু করেন। এর প্রভাবে ফুলেফেঁপে উঠেছে ব্যাংকগুলোর আমানত প্রবৃদ্ধিও। চলতি বছরের আগস্ট শেষে ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৬ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের জুলাই মাসে ব্যাংকিং ব্যবস্থায় মোট আমানতের পরিমাণ ছিল ১৫ লাখ ৯৪ হাজার ৫৮৪ কোটি টাকা; যা ২০২৩ সালের জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৬ হাজার কোটি টাকায়। মূলত সুদহারের সর্বোচ্চ সীমা ৯ শতাংশ তুলে দেওয়ার প্রভাব পড়ে ব্যাংকের ঋণ এবং আমানতের ওপর; যার প্রভাবে চলতি বছরের জানুয়ারি মাসে সেই আমানত বেড়ে দাঁড়ায় ১৬ লাখ ৪৫ হাজার কোটি টাকায়। আর মে মাসে দাঁড়ায় ১৭ লাখ ৬০৮ কোটিতে, যা জুনে দাঁড়িয়েছে ১৭ লাখ ৪২ হাজার কোটি টাকায়। সবশেষ আগস্টে এসে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৬ হাজার কোটি টাকায়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক মূলত সুদের ব্যবসা করে। বিষয়টি ভেবে বাংলাদেশ ব্যাংক সুদের হার বাজারভিত্তিক করার নির্দেশ দেয়; যার ফলে ব্যাংক বেশি রেটে আমানত সংগ্রহ করতে পারছে। এতে ব্যাংকের আমানত বাড়ছে।
গত বছরের জুলাই মাসে নীতি সুদহারের ভিত্তিতে স্মার্ট পদ্ধতিতে সুদহার চালু করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তখন নীতি সুদহার ছিল ৬ টাকা ৫০ পয়সা। তার সঙ্গে করিডর হিসেবে ৩ টাকা যোগ করে সুদের হার নির্ধারণ করা হয়েছিল ৯ টাকা ৫০ পয়সা। ওই মাসে এক বছরের কম মেয়াদের আমানতে সুদহার ছিল ৬ টাকা ৫৬ পয়সা। আর এক বছরের বেশি এবং ৩ বছরের কম আমানতের সুদের হার ৬ টাকা ৭১ পয়সা এবং ৩ বছরের বেশি মেয়াদি আমানতে সুদহার ছিল ৭ টাকা ৬২ পয়সা। ওই বছরের নভেম্বরে নীতি সুদহার আরও বাড়িয়ে ৭ টাকা ৭৫ পয়সা করা হয়। এর ফলে তখন স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি আমানতের সুদহার বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৭ টাকা ১৩ পয়সা, ৭ টাকা ২২ পয়সা এবং ৭ টাকা ৬৯ পয়সা। চলতি বছরের জানুয়ারি মাসে সেই নীতি সুদহার দাঁড়ায় ৮ টাকায়। তখন আমানতের সুদহার বেড়ে হয় যথাক্রমে ৭ টাকা ৪৩ পয়সা, ৭ টাকা ২২ পয়সা এবং ৭ টাকা ৯৫ পয়সা।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ঋণের চাহিদা বাড়লে আমানতের চাহিদা বেড়ে যায়। এই অবস্থায় ব্যাংক উচ্চহারে আমানত সংগ্রহ করতে পারে। আর বেশি সুদ পেলে আমানতকারীও ব্যাংকে টাকা রাখতে বাড়তি আগ্রহ পান। একটা সময় ব্যাংকে আমানত বেড়ে যায়; যা সম্প্রতি লক্ষ করা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মে মাসে নীতি সুদহার ছিল ৮ টাকা ৫০ পয়সা। তখন করিডর ৩ শতাংশসহ সুদহার ছিল ১১ টাকা ৫০ পয়সা। তখন এক বছরে কম সময়ে আমানতের সুদহার ছিল ৮ টাকা ৪৬ পয়সা, এক বছরের বেশি এবং ৩ বছরের কম আমানতের সুদের হার ৮ টাকা ১২ পয়সা এবং ৩ বছরের বেশি আমানতে সুদহার ৮ টাকা ৩৪ পয়সা। আর ৮ মে সুদের হার বাজারভিত্তিক ঘোষণা করার সময় নীতি সুদহার ছিল ৯ টাকা। তবে সুদ বাজারভিত্তিক করার পরে ওই ৩ ধরনের আমানতের সুদহার দাঁড়ায় যথাক্রমে ৮ টাকা ৭২ পয়সা, ৮ টাকা ৩৯ পয়সা এবং ৮ টাকা ৬০ পয়সা।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, অনেক ব্যাংক এখন আমানত সংগ্রহে ১২ শতাংশের বেশি সুদ দিচ্ছে। আমানতের সুদহার অনেকটাই নির্ভর করে ব্যাংকগুলোর নিজস্ব তারল্যের ওপর। তবে আমানতের সুদহার অনেক বাড়লেও সেই বিবেচনায় ঋণের সুদহার খুব বেশি বাড়েনি।

জাতীয় অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের ডিজিটাল অবকাঠামো রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতাভুক্ত হয়েছে। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (চবক) গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো....
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেই চলেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বুধবার (২ সেপ্টেম্বর) সোনার দাম গতকালের চেয়ে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। গতকাল সর্বোচ্চ ভালো মানের সোনার গয়নার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা, যা কমে আজ দাঁড়িয়েছে....
৬ ঘণ্টা আগে
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের জোট আসিয়ানের সঙ্গে চীনের বাণিজ্য গত এক বছরে ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। চলতি বছরেও এই গতি বজায় আছে। চীনের বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং আজ মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন...
১৮ ঘণ্টা আগে
১৯৮৪ সালের বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা করা হচ্ছে। বর্তমান সরকার বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে। তাই নতুন বিধিমালা ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে...
১ দিন আগে