ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী, প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড। সঙ্গে আছে চরকি ও ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। তুফান বাংলাদেশের সিনেমা হলেও শুটিং হয়েছে ভারতে। দেশের অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করেছেন ভারতীয় শিল্পীরাও। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছিল আগে থেকেই। এবার তুফানের অর্থায়ন ও নির্মাণপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রযোজকেরা।
সিনেপ্লেক্সে দেশের সিনেমা, হলের মানোন্নয়ন, ঈদের সিনেমাসহ বেশ কিছু বিষয় নিয়ে গত মঙ্গলবার বিএফডিসিতে কথা বলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের নেতারা। সেখানেই তুফান সিনেমার নির্মাণপ্রক্রিয়া ও অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলেন প্রযোজকেরা। প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখেছি তুফানের বাজেট ৮ থেকে ১০ কোটি টাকা। এখন যদি প্রশ্ন করা হয় ৮ থেকে ১০ কোটি টাকা সেখানে কীভাবে নেওয়া হয়েছে? তারা কি এনবিআরের ছাড়পত্র নিয়েছেন? একজন প্রযোজক হিসেবেও আমি তাহলে জানতে পারব কীভাবে টাকা নেওয়া সম্ভব।’
আরশাদ আদনান আরও বলেন, ‘৬০ লাখ বা ৮০ লাখ টাকা এনবিআরকে দেখিয়ে ওখানে ৮ থেকে ১০ কোটি টাকার সিনেমা বানাল। বিদেশে কাজ করার একটি নিয়মনীতি তো আছে। দেখানো হয়েছে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর পেমেন্ট বাংলাদেশে পরিশোধ হয়েছে। তিন শিফট কাজ করে কি ৬০ লাখ টাকা দিয়ে পুরো সিনেমাটা বানানো আদৌ সম্ভব? এই প্রশ্নগুলো করার সময় এসেছে। হিমাংশু ধানুকা বাংলাদেশে যেভাবে ঢুকেছিল, একই মোড়কে এসভিএফ ঢুকছে। তারা বাংলাদেশে কাজ করবে কিন্তু কাজ এখানে হবে না। পুরো কাজ কলকাতা ও ভারতের বিভিন্ন জায়গায় হবে। আমাদের দেশের কলাকুশলীরা বেকার বসে থাকবেন।’
১৯ সংগঠনের আহ্বায়ক প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আমাদের দেশের সিনেমার কথা বলে শুটিংসহ যাবতীয় কাজ হচ্ছে সেখানে (ভারতে)। শুধু আমাদের দু-একজন শিল্পী কাজ করছে। একটি ফুল প্যাকেজ সেখানে বানিয়ে আমাদের দেশে মুক্তি দিচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বিলীন হয়ে যাবে। এই বিষয়ে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে তুফান সিনেমার প্রযোজক আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রথমেই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই তুফান যৌথ প্রযোজনার সিনেমা নয়। তুফান বাংলাদেশের সিনেমা। যার প্রযোজক আলফা আই স্টুডিওজ লিমিটেড। এর ডিজিটাল পার্টনার চরকি আর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার এসভিএফ। বাংলাদেশে যত নিয়মকানুন তা মেনেই নির্মিত হয়েছে তুফান। তথ্য মন্ত্রণালয়, এনবিআর, সেন্সর বোর্ডের সব নিয়ম অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে বলেই আমরা সেন্সর ছাড়পত্র পেয়েছি।’
প্রযোজকদের এই অভিযোগের প্রসঙ্গে শাকিল বলেন, ‘এর আগেও এই সিনেমা নিয়ে নানাভাবে কথা বলা হয়েছে। কিন্তু আমরা সেগুলো আমলে নিইনি। এখন যে প্রশ্নগুলো উঠছে এটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত। কারও মনে যদি প্রশ্ন থাকে, তাহলে তথ্য মন্ত্রণালয় ও এনবিআর থেকে খোঁজ নিয়ে দেখতে পারে। আমার মনে হয়, তাঁদের কাছে ইনফরমেশনের ঘাটতি আছে। আমাদের কাছে তারা জানতে চাইতে পারত। কিন্তু এভাবে সিনেমা আটকানোর চেষ্টা কিংবা না জেনে এমন বক্তব্য দেওয়া উচিত নয়।’
শাকিল আরও বলেন, ‘সবাই মিলেমিশে ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। এই কালচারটা খুব জরুরি। এখানে পেছনে লাগার কিছু নাই। ক্ষমতার অপব্যবহার যদি কেউ করতে চায়, তাহলে এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না।’
নব্বইয়ের দশকের ঢাকার এক গ্যাংস্টারকে নিয়ে তৈরি হয়েছে তুফানের চিত্রনাট্য। শাকিব খানের সঙ্গে আছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
যে প্রশ্নগুলো উঠছে এটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত। কারও মনে যদি প্রশ্ন থাকে, তাহলে তথ্য মন্ত্রণালয় ও এনবিআর থেকে খোঁজ নিয়ে দেখতে পারে। আমার মনে হয়, তাঁদের কাছে ইনফরমেশনের ঘাটতি আছে। আমাদের কাছে তারা জানতে চাইতে পারত। কিন্তু এভাবে সিনেমা আটকানোর চেষ্টা কিংবা না জেনে এমন বক্তব্য দেওয়া উচিত নয়।
—শাহরিয়ার শাকিল, প্রযোজক
৬০ লাখ না ৮০ লাখ টাকা এনবিআরকে দেখিয়ে ওখানে ৮ থেকে ১০ কোটি টাকার সিনেমা বানাল। বিদেশে কাজ করার একটি নিয়মনীতি তো আছে। ... তিন শিফট কাজ করে কি ৬০ লাখ টাকা দিয়ে পুরো সিনেমাটা বানানো আদৌ সম্ভব? এই প্রশ্নগুলো করার সময় এসেছে। হিমাংশু ধানুকা বাংলাদেশে যেভাবে ঢুকেছিল, একই মোড়কে এসভিএফ ঢুকছে।
—আরশাদ আদনান, প্রযোজক
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫