
খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ সময় জাহাজে থাকা ১৩ জন নাবিকের মধ্যে ১১ জন তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন। আজ রোববার দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে।
এদিকে, ডুবে যাওয়া থ্রি লাইট নেভিগেশন (টিএলএন-১) নামের কার্গো জাহাজের নিখোঁজ দুজন কর্মচারীর সন্ধানে স্থানীয় ডুবুরি দল, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচটি টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। আজ বিকেল ৫টা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ দুজন হলেন—পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কালাম শেখ ও নড়াইলের সাখাওয়াত হোসেন। কালাম শেখ ওই জাহাজের বাবুর্চি ও সাখাওয়াত গ্রিজার হিসেবে কাজ করতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান বলেন, ‘দুপুর ১২টার দিকে নদীর পাশে আমি বসে ছিলাম। এ সময় হঠাৎ করে দেখি একটি জাহাজ রূপসা রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। কিছু মানুষ সাঁতরে উঠলেও শুনেছি দুজন নিখোঁজ রয়েছে।’
জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ‘ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের দুজন নিখোঁজ রয়েছেন।’
টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার সাখাওয়াত নিখোঁজ হয়।
তিনি জানান, কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তাঁরা নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ বলেন, ‘নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজের নিখোঁজ দুজন কর্মচারীর সন্ধানে দুপুর দেড়টা থেকে স্থানীয় ডুবুরি দল, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচটি টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায় না। তবে রেলসেতুর ৫০ গজ উত্তর দিকে ডুবে যাওয়া কার্গো জাহাজটি শনাক্ত করা হয়েছে।’
খুলনা নৌ–পুলিশ সুপার শরিফুর রহমান বলেন, ‘আমরা কার্গো জাহাজ ডুবির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসি। আমরা নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করছি।’

চট্টগ্রাম নগরীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরের ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি...
১৯ মিনিট আগে
গ্যাসের তীব্র সংকটে নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়া এবং শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
২১ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক নার্সকে মারধরের অভিযোগ উঠেছে তাঁরই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেন শাহীনকে আটক করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
২৪ মিনিট আগে