Ajker Patrika

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, খুলনা
জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬
প্রতীকী ছবি

খুলনায় আলতাফ হোসেন নামের এক আবাসন ব্যবসায়ীকে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং ব্যাংকের চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। আজ মঙ্গলবার দুপুরে সোনাডাঙ্গা থানায় মামলাটি করা হয়।

উদ্ধার হওয়া ব্যবসায়ী আলতাফ হোসেন ঢাকার বাসিন্দা। গতকাল সোমবার রাতে নগরীর সোনাডাঙ্গা দ্বিতীয় আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় আলতাফ হোসেনের একটি আবাসন প্রকল্পের কাজ চলছে। ওই এলাকায় তাঁর একটি জমি বিক্রি করে দেওয়ার কথা বলে তাঁকে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের ২৭৭ নম্বর বাড়ির ই-২ ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আলতাফ হোসেনকে উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীকে জিম্মি করে তাঁর কাছ থেকে নগদ এক লাখ টাকা ও মোবাইল ফোন নেওয়া হয়। এ ছাড়া একটি চেকে তাঁর স্বাক্ষর নেওয়া হয়। পুলিশ এক লাখ টাকার মধ্যে ৫৭ হাজার টাকা, মোবাইল ফোন এবং স্বাক্ষর করা একটি ফাঁকা চেক উদ্ধার করেছে।’

ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী আলতাফ হোসেন বাদী হয়ে আজ দুপুরে সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার ছয়জনকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত