এক নারী ১৯৫০-এর দশকের শেষ দিকে তাঁর ওয়ালেট হারিয়ে ফেলেছিলেন। ৬৫ বছর পর খুঁজে পাওয়া গেছে সেটি। আশ্চর্য এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরে।
১৯৫৯ মডেলের একটি নতুন শেভ্রোলেট গাড়ি জেতার জন্য কেনা লটারির টিকিট, আগের জমানার ক্রেডিট কার্ড, সাদা-কালো পারিবারিক ছবি—এসবসহ ওয়ালেটটি নিজেকে লুকিয়ে রেখেছিল প্লাজা থিয়েটারের একটি বাথরুমের দেয়ালের পেছনে। কয়েক দশক একে স্পর্শ করেনি কেউ। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতবেদনে।
প্রায় ৬৫ বছর পরে সংস্কারের সময় বাথরুমের একটি ভাঙা প্রাচীরের পেছনে নির্মাণশ্রমিকেরা লুকানো একটি জায়গার সন্ধান পান। ছোট্ট কুঠুরিটি একটি আলমারি হিসেবে ব্যবহার করা হতো। সেখানে ধুলোর পাহাড়ের নিচে বিবর্ণ একটি মানিব্যাগের খোঁজ মেলে। প্লাজা থিয়েটারের মালিক ক্রিস এসকোবার সিদ্ধান্ত নেন, যেভাবে হোক মানিব্যাগ বা ওয়ালেটটি যে পরিবারের সম্পত্তি, তাদের ফিরিয়ে দেবেন।
‘এটি পুরোনো সময়ে ফিরে যাওয়ার একটি পথের মতো,’ এসকোবার সিএনএনকে বলেন, ‘তারপরে বুঝতে পারি এটি এমন একটি পরিবার থেকে নিখোঁজ হয়েছে, যারা এই এলাকায় ৬৫ বছর ধরে বাস করছে। ভাবি, যদি তাঁদের খুঁজে পাই, কী একটা অভাবনীয় বিষয় হবে।’
প্লাজা থিয়েটার আটলান্টার সবচেয়ে পুরোনো সিনেমা হল। একই সঙ্গে এটি সাংস্কৃতিক ঐতিহ্যময় একটি জায়গা। অনেক পুরোনো জিনিসপত্রের সন্ধান মেলে এখানে। তবে এসকোবার বলেছেন, অর্ধশতাব্দীর বেশি সময় ধরে খোঁজ পাওয়া যায়নি এমন একটি মানিব্যাগ পাওয়ার বিষয়টি নিঃসন্দেহে একেবারে আলাদা।
এসকোবার জানান, মানিব্যাগটি ইতিহাসে পূর্ণ। এটি তাকে এর মালিকের পরিবারকে খুঁজে পাওয়ার জন্য ভালো একটি সূত্র দিয়েছিল।
ওয়ালেটের ভেতরের লাইসেন্স দেখে বোঝা যায় এটি ফ্লয় কালব্রেথ নামের এক নারীর। তবে এসকোবার গোড়াতেই একটি সমস্যায় পড়লেন। ওই সময় নারীদের বড় একটি অংশ স্বামীদের নাম ব্যবহার করতেন।
তাই কালব্রেথের নাম অনুসন্ধান করে কয়েকটি ফল পেলেন। মানিব্যাগের মালিককে খুঁজে বের করার জন্য এসকোবার তাঁর স্ত্রী নিকোলেকে কাজে লাগালেন, যাঁকে তিনি আদর করে ‘ইন্টারনেট গোয়েন্দা’ বলে ডাকেন।
একপর্যায়ে নিকোলে ফ্লয়ের স্বামী রয় কালব্রেথের মৃত্যুর পর পত্রিকায় যে শোক সংবাদ ছাপা হয়, তা খুঁজে পান। সেই সূত্র থেকে আবার নানা তথ্য জোগাড় করে খুঁজতে খুঁজতে ‘কালব্রেথ কাপ’ নামের সেরিব্রাল পালসিতে (মস্তিষ্কের বিকাশে সমস্যা বা ক্ষতির কারণে সৃষ্ট স্নায়বিক সমস্যা) আক্রান্তদের জন্য আয়োজিত একটি গলফ প্রতিযোগিতার ওয়েবসাইটের খোঁজ পান। প্রতিযোগিতাটির আয়োজন করে পরিবারটি। সেখান থেকেই সন্ধান মেলে কালব্রেথের মেয়ে থিয়া চেম্বারলিনের।
‘আমি ইতিমধ্যে অনুভব করছি যে এই ঐতিহাসিক স্থান দেখতে পারা এবং পরিচালনা করতে পারা একটি বড় বিষয়’, এসকোবার বলেন, ‘কিন্তু আক্ষরিক অর্থে পরিবারকে তাদের ইতিহাস ফিরিয়ে দেওয়া একেবারে অন্যরকম এক ব্যাপার।’
ফ্লয় কালব্রেথ অবশ্য পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন বেশ আগেই। চেম্বারলিন বলেছিলেন যে তার মাকে বিখ্যাত অভিনেত্রী মির্না লয়ের মতো সুন্দরী এবং আরেক অভিনেত্রী জুন ক্লিভারের মতো ব্যক্তিত্বের অধিকারী হিসেবে বর্ণনা করা হতো তরুণী বয়সে। তিনি জানান, ফ্লয় কালব্রেথ সামাজিক বিভিন্ন কাজেও জড়িত ছিলেন। সানডে স্কুলে পড়াতেন, গার্ডেন ক্লাবে জড়িত ছিলেন। এদিকে সেরিব্রাল পালসিতে আক্রান্তদের সাহায্য করার মতো অলাভজনক কাজেও মন-প্রাণ ঢেলে দিয়েছিলেন।
চেম্বারলিন নিজের কিছু জিনিসও খুঁজে পান মানিব্যাগে। কয়েকটি বিমা কার্ড এবং চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের কাগজ। ৭১ বছর বয়স্ক চেম্বারলিনের বয়স তাঁর মা ওয়ালেটটি হারানোর সময় ছিল কেবল ছয়।
মানিব্যাগে পাওয়া যাওয়া ছোট ছোট অলংকারগুলো নিঃসন্দেহে তাঁর মায়ের, জানান চেম্বারলিন। তিনি কল্পনা করেন, ওই সময় কালব্রেথরা আশা করছিলেন যে তারা সেই ড্রতে শেভ্রোলেট গাড়িটি জিতবেন।
‘এটি খুব হৃদয়স্পর্শী,’ বলেন চেম্বারলিন, ‘স্মৃতির বন্যায় ভেসে যাচ্ছিলাম। এটি তাঁকে আবার ফিরিয়ে এনেছিল আমার কাছে।’
কালব্রেথরা গত নভেম্বরে মানিব্যাগটি সংগ্রহ ও ফিরে পাওয়া উদ্যাপন করতে একত্রিত হয়েছিল।
সেখানে ফ্লয় ও রয় কালব্রেথ ছেলেমেয়ে ও নাতি-পুতিরা ছিল। অর্থাৎ পারিবারিক ইতিহাসের এই হারিয়ে যাওয়া অংশ পুনরুদ্ধার করতে কালব্রেথের বেশ কয়েকটি প্রজন্ম সেখানে ছিল।
চেম্বারলিন সাত ও পাঁচ বছর বয়সী দুই নাতি-নাতনিকে মা-বাবাকে মানিব্যাগের ভেতরের ছবি এবং বিভিন্ন জিনিসের ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করতে দেখেন।
‘তারা জানত যে এটি গুরুত্বপূর্ণ একটি কিছু’ বলেন তিনি, ‘সত্যি এটি ছিল একটি বিশেষ মুহূর্ত।’

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৩ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৫ দিন আগে
ইন্দোনেশিয়ার বালিতে বিকিনি চুরির ঘটনায় ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার ‘ওনলিফ্যানস’ মডেল জেমা ডয়েল। তিনি একটি পোশাকের দোকান থেকে বিকিনি নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
৫ দিন আগে
কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
১৩ দিন আগে