বাবার ইচ্ছা, মেয়ে হবে সেনাসদস্য। আর মেয়ের ইচ্ছা পাইলট হওয়া। তবে কীভাবে যেন মেয়ে হয়ে গেলেন প্রশিক্ষক, একেবারে সনদধারী জুম্বা ও ফিটনেস প্রশিক্ষক।
গুলশানের একটি জিমে যেতে বলেছিলেন কৃতিকা। সে জিমের ভেতর ঢুকতেই ভারী ভারী ডাম্বেল, ট্রেডমিল, সাইকেলের ক্যাঁচক্যাঁচ শব্দ কানে এল। শীতাতপনিয়ন্ত্রিত সেই জিমে যন্ত্রের ধাতব শব্দ ছাপিয়ে হালকা একটা মিউজিক বেজে চলেছে। কিছুটা ভেতরে গিয়ে দেখলাম, মেঝেতে বসে দুই নারীর সঙ্গে কথা বলছেন কৃতিকা। ডাকতেই ঘুরে তাকালেন। জুম্বার একটা সেশন মাত্রই শেষ করেছেন বলে কিছুটা সময় চেয়ে নিলেন তিনি।
জুম্বা একটি ফিটনেস প্রোগ্রাম, যেখানে সংগীতকে কাজে লাগিয়ে ছন্দোবদ্ধ শারীরিক নড়াচড়ার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখা যায়। ফিটনেস লাইফস্টাইলে ভারসাম্য আনার জন্য এটি ‘পারফেক্ট ওয়ার্কআউট’। ওজন কমানো, বডি টোনিং, সহনশীলতা বাড়ানো কিংবা মানসিক চাপ দূর করতে জুম্বা দ্রুত কাজ করে। তরতাজা হয়ে ফিরে এসে এসব জানিয়েছিলেন কৃতিকা।
জুম্বার অনেক ধরন
জুম্বার অনেক ফরম বা ধরন আছে। এখানে গানের তালে চলে শরীরের কসরত। অনুভূতিকে প্রাধান্য দিয়ে এখানে অনেক সময় জোরে হাসতে হয়, চিৎকার করতে হয় কিংবা কাঁদতেও হয়। এগুলো জুম্বাকারীকে মানসিক শান্তি দেয়।
ব্যক্তিগত অভিজ্ঞতা ও পড়াশোনা
উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে নিজেকে মানিয়ে নিতে বেশ কষ্ট করতে হয়েছিল তাঁকে। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হঠাৎ আগ্রহ জন্মাল ফিটনেসবিষয়ক লেখাপড়ার দিকে। তিনি যখন বিষণ্ন থাকতেন, ফিটনেস ক্লাসগুলো দেখে অনেক ভালো লাগত তাঁর। তাই এ বিষয়ে পড়ার সিদ্ধান্ত নেন তিনি। বাবা কিংবা শ্বশুরবাড়ি থেকে বাধা পাননি কৃতিকা। বরং পরিবারে একজন ফিটনেস ট্রেইনার থাকবে, এটা ভেবে সবাই নাকি বেশ আনন্দ পেয়েছিলেন।
অনলাইনে বিশ্বজুড়ে
২০২১ সালের শেষ থেকে কৃতিকা অনলাইন ও অফলাইনে ক্লাস করান। অনলাইনে তাঁর তিনটি ব্যাচের একটির শিক্ষার্থীরা যুক্তরাজ্যের, একটির শিক্ষার্থীরা নাইজেরিয়ার, অন্যটিতে বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে ক্লাস করেন।
এ ছাড়া কৃতিকা অভিনয়শিল্পী দোয়েল ম্যাস, সংগীতশিল্পী সিঁথি সাহা, বিটিআইয়ের ম্যানেজিং ডিরেক্টরসহ বেশ কিছু মানুষের জুম্বা প্রশিক্ষক। তাঁর ১ হাজার শিক্ষার্থীর কেউ কলেজশিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ ব্যবসায়ী, কেউ আবার প্রকৌশলী কিংবা ব্যাংকার। ২০ থেকে ৪০ বছর বয়সী মানুষও জুম্বা করেন কৃতিকার সঙ্গে। যাঁরা জুম্বা করতে আসেন, তাঁদের অনেকেরই শারীরিক সমস্যা থাকে। তাই সবার অবস্থা বুঝে জুম্বা ও খাদ্যতালিকা তৈরি করেন তিনি। কৃতিকা জানান, এ জন্যই জুম্বা করাতে গেলে সার্টিফায়েড হতে হয়।
ধারণা যখন বদলে গেল
দেশের মানুষ স্বাস্থ্য বিষয়ে খুব একটা ভাবে না, এটাকে ভ্রান্ত ধারণা মনে করেন কৃতিকা। করোনার পর তাঁর নিজের ক্লাসে যে পরিমাণ সাড়া পেয়েছেন, তাতে দেশের মানুষের স্বাস্থ্যবিষয়ক ধারণার যে নেতিবাচক গল্প তিনি জানতেন, সেটা বদলে গেছে। দেশেই কিছু করতে চেয়েছিলেন কৃতিকা। তবে তিনি জানতেন, দেশে জুম্বাকে পেশা হিসেবে নেওয়াটা বেশ চ্যালেঞ্জের।
সোনার মেডেল জয়
সম্প্রতি ব্যাংককে আয়োজিত এশিয়া ফিটনেস কনফারেন্স ২০২৩ আয়োজনে সবচেয়ে বেশি মেডেল নিজের ঝুলিতে সাজিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কৃতিকা। এই আয়োজনে মোট ৫টি মেডেল পেয়েছেন তিনি। এর আগেও ২০২২ সালে থাইল্যান্ডে আয়োজিত এশিয়া ফিটনেস কনফারেন্সে ২৮টি দেশের প্রায় ৫০০ জন প্রশিক্ষকের সঙ্গে অংশ নিয়েছিলেন। ছয় মাসব্যাপী বিভিন্ন কেস স্টাডি, ওয়ান টু ওয়ান সেশন এবং বিভিন্ন পরীক্ষা দিতে হয়েছে তাঁদের। শুধু একজন ফিটনেস প্রশিক্ষক হিসেবে নয়, সেখানে দেশকেও বিভিন্নভাবে উপস্থাপন করতে হয়েছে। সেই আয়োজনের ৮টি অংশের মধ্যে ৫টিতে সোনার মেডেল জিতে নেন কৃতিকা। সে সুবাদে পুরো আয়োজনের প্রথম রানার্সআপ আপ হন তিনি।
স্বেচ্ছাসেবা
কৃতিকা কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন। সেগুলোর মাধ্যমে স্বেচ্ছাসেবী হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও হুইলচেয়ার ব্যবহারকারী কিছু মানুষকে জুম্বা শেখান তিনি। তিন মাস পরপর এই কাজটি করেন কৃতিকা। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) দক্ষিণ-পশ্চিম এশিয়াতে প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী মানুষের জন্য একটি জুম্বা ও ফিটনেস ট্রেনিং আয়োজন করে। সেখানে প্রশিক্ষক ছিলেন কৃতিকা।

১১ জুন থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। বলা হচ্ছে, এটিই বিশ্বজুড়ে ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে প্রথমবারের মতো ৪৮টি দলের এই মহাযজ্ঞে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। স্টেডিয়ামে প্রায় ৫০ লাখ দর্শক এবং সম্প্রচার মাধ্যমে প্রায় ৬০০ কোটি মানুষ এই আসর উপভোগ করছেন
২ দিন আগে
নারীদের বেশির ভাগই যখন জুতার ডিজাইনের কারণে পায়ের ব্যথা ও অস্বস্তিকে স্বাভাবিক বলে ধরে নিয়েছেন, তখন মালয়েশিয়ার দুই বোন ভাবলেন, না। সৌন্দর্য দেখাতে গিয়ে পায়ে ব্যথা পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাঁদের সেই ভাবনা থেকে জন্ম নিল একটি জুতার ব্র্যান্ড, যেটি আজ পৌঁছে গেছে ফোর্বসের মঞ্চে।
২ দিন আগে
প্রশ্ন: চার বছর আগে আমার সন্তানের যখন তিন বছর বয়স, সে সময় আমার স্বামী একটি দুর্ঘটনায় মারা গেছেন। তার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে তেমন কোনো যোগাযোগ রাখতে চাননি। এই চার বছরে আমি সন্তানকে নিয়ে একা বেঁচে থাকার চেষ্টা করেছি। এখন শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।
২ দিন আগে
মাত্র ১৭ বছর বয়সে এঁকেছিলেন ‘সুজানা অ্যান্ড দ্য এলডার্স’। ২০ বছর বয়সে তাঁর হাতে তৈরি হয়েছিল ‘ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’-এর মতো মাস্টারপিস। তিনি আর্টেমিসিয়া জেন্টিলেস্কি। তিনি শুধু ছবিই আঁকেননি, ভেঙেছিলেন পুরুষতান্ত্রিক সমাজের হাজারো ট্যাবু।
২ দিন আগে