
২০১৫ সাল। আমি তখন সপ্তম শ্রেণিতে পড়ি। বিজ্ঞান বিষয়ে ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই। সবাই যখন পরীক্ষায় ‘জীবনের লক্ষ্য’ রচনায় চিকিৎসক বা প্রকৌশলী হতে চাওয়ার ইচ্ছা লিখত, আমার খাতা ভরে উঠত বিজ্ঞানী হওয়ার এক স্বপ্নের গল্পে। তবে একাডেমিক জগৎ থেকে প্রতিযোগিতামূলক দুনিয়ায় টিকে থাকার লড়াইয়ে ছিলাম শূন্য।
পথচলা শুরু
একদিন উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় শ্রেণিশিক্ষক আমার নাম দিয়ে দেন। মাথায় যা ছিল, সেই অনুষ্ঠানে সব বলে দিয়েছিলাম। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলাম। তারপর থেকেই আমার সহশিক্ষা কার্যক্রমের পথচলা শুরু। আমেরিকায় বৃত্তি পাওয়ার পেছনে সহশিক্ষা কার্যক্রমগুলো খুব সহায়তা করেছে।
বাংলাদেশের ঘরে ঘরে একটা ভ্রান্ত ধারণা দেখা যায়, সহশিক্ষায় যুক্ত ছেলে-মেয়েরা পড়াশোনা করে না। আমার বেলায়ও তাই হয়েছে। হাইস্কুলে পড়াকালীন ‘নষ্ট হয়ে যাচ্ছি’—এমন কথাও শুনতে হয়েছে। কিন্তু ২০১৭ সালে জাতীয় প্রতিযোগিতায় মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে বিতর্কের জন্য সেরা পুরস্কার পেয়েছিলাম!
সহশিক্ষা কার্যক্রমের উপযোগ
সহশিক্ষা কার্যক্রমগুলোর সঙ্গে অনেক কিছুই যুক্ত থাকে। বিতর্ক, নাচ, গান, আবৃত্তি, অভিনয়, বিভিন্ন সংগঠনে কাজ, গবেষণা, লেখালেখি, সাংবাদিকতা, অলিম্পিয়াডসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়। যারা স্নাতক করতে বিদেশে পাড়ি জমায়, কিংবা স্বপ্ন দেখে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের; তাঁদের সহশিক্ষা (ইসিএ) বিষয়টির সঙ্গে জানাশোনা থাকার কথা।
আবেদনকারী কেন বাকিদের চেয়ে সেরা, আবেদনের পর অ্যাডমিশন অফিসার মূলত চুলচেরাভাবে ওই দিকগুলোই যাচাই-বাছাই করবেন। গ্রেড পয়েন্ট হয়তো অনেকের সমান থাকবে, সে জায়গায় দাঁড়িয়ে সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা বা একটা অর্জন এগিয়ে রাখবে আবেদনকারীর নাম।
আবেদনের প্রক্রিয়া
যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে আবেদন করার জন্য ‘কমন অ্যাপ’ বেশ পরিচিত। এই অ্যাপকে সাজানোর মধ্য দিয়েই আবেদনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবেন। কমন অ্যাপের অ্যাকটিভিটি বিভাগে আবেদনকারীর দশটি সহশিক্ষা কার্যক্রম যুক্ত করার সুযোগ মেলে।
এর মধ্যে বিতর্ক বা স্পিচ আছে। বিতর্ক ক্লাবের সঙ্গে যুক্ত থাকলে কিংবা নিজে কোনো ক্লাবের প্রতিষ্ঠাতা হলে, সে কথা যুক্ত করা যাবে। মজার বিষয় হচ্ছে, পরিবারের সদস্যদের কোনো কাজে সহায়তা করার বিষয়টিও যুক্ত করা যাবে। মূলত পরিবারের খুঁটিনাটি কাজগুলোও ইসিএ হিসেবে দেখে তারা।
যার পেছনে যুক্তি হচ্ছে, আপনি সেই কাজগুলো ভালোবেসে করেন; পাশাপাশি আবেগ কাজ করে। সেই সঙ্গে লেখালেখি, গবেষণা—যেকোনো ধরনের কমিউনিটি সার্ভিসের কথাই লেখার মতো।
আরেকটু খুলে বলি। এলাকায় বন্যা হয়েছে, বন্ধুরা মিলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তহবিল জমিয়ে সেই বন্যায় আটকে পড়া মানুষের সহায়তা করলেন; হতে পারে পথশিশুদের পড়াশোনার জন্য নিজ উদ্যোগে একটা স্কুল গড়ে তুললেন—এই কাজগুলো জানার মধ্য দিয়েই বৃত্তি দেবে বিশ্ববিদ্যালয়।
মূলত আবেদনকারীর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা আছে কি না এবং সেই পদক্ষেপ ঠিক কতটা কার্যকর, আশপাশের মানুষের জন্য আপনি কী করেছেন, ভবিষ্যতে আপনি যে জায়গায় পড়তে যাবেন, তার জন্য কী করতে পারবেন—এই বিষয়গুলোই যাচাই করে কর্তৃপক্ষ। আরও একটি বিষয় খেয়াল রাখা জরুরি।
আবেদনকারী যদি বিজ্ঞানমনস্ক হয়ে থাকে, বিজ্ঞানের বিষয় পড়ার ইচ্ছা থাকে, তবে আপনার ইসিএগুলোও বিজ্ঞানভিত্তিক হতে হবে। হোক তা বিজ্ঞান বিতর্ক, সায়েন্স ফিকশন লেখা, বিজ্ঞানবিষয়ক উপস্থিত বক্তৃতা, আর্টিকেল, বিজ্ঞানবিষয়ক গবেষণাপত্র লেখা কিংবা বিভিন্ন অলিম্পিয়াড করা। তবে সব ধরনের সহশিক্ষা কার্যক্রমেরই গুরুত্ব আছে, সেটা বলার অপেক্ষা রাখে না।
সেরা পাঁচ অর্জন
কমন অ্যাপের অনার্স সেকশনে আবেদনকারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি অর্জনের কথা লেখার নিয়ম। অ্যাকটিভিটিস সেকশনে লেখা বিভিন্ন ইসিএ থেকে পাওয়া পুরস্কারের নাম যুক্ত করতে পারবেন।
মোটকথা, আপনি বিতর্কে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন, কোনো অলিম্পিয়াডে গোল্ড বা সিলভার পেয়েছেন কিংবা সমাজে অবদান রাখার জন্য আপনাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে, নিঃসংকোচে লিখতে পারেন সেসব কথা।
সহশিক্ষা শুরু করবেন কবে, কীভাবে
ইসিএ শুরু করার তেমন কোনো ধরাবাঁধা সময় নেই। ইচ্ছা করলে প্রথম শ্রেণি থেকেও শুরু করতে পারেন, আবার কলেজে পড়াকালীনও। তবে কলেজে পড়াশোনার অনেক চাপ থাকে, যার সঙ্গে তাল মেলাতে সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত কাজ করা তুলনামূলক সহজ।
এতে অভিজ্ঞতার পাশাপাশি ব্যক্তিপর্যায়ে সংগঠিত হয়ে ওঠার মতো এক অপার সম্ভাবনা জাগে। স্কুলের বিভিন্ন ক্লাব ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দিকে এগিয়ে যাওয়া বৃত্তি পাওয়ার বিষয়টি সহজ করে তোলে। বিশেষত যুক্তরাষ্ট্রে আবেদনের বেলায় আন্তর্জাতিক অর্জন বা সম্মানের জুড়ি মেলা ভার।
ইন্টারন্যাশনাল চিলড্রেন পিচ পুরস্কারে মনোনীত হয়েছেন রংপুরের মেয়ে শ্রেয়া ঘোষ।
শ্রেয়া ঘোষ
ডিনস স্কলার, হবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজেস ডিনস স্কলারশিপ

উচ্চশিক্ষা ও নেতৃত্ব বিকাশে আগ্রহী শিক্ষার্থীদের জন্য চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য চালু থাকা শোয়ার্জম্যান স্কলার্স প্রোগ্রাম ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন গ্রহণ শুরু হয়েছে। কোনো আবেদন ফি ছাড়াই এ প্রোগ্রামে আন্তর্জাতিক....
৩ ঘণ্টা আগে
কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা তুলে ধরতে আয়োজিত ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’-এর সিলেট আঞ্চলিক পর্ব আজ শুক্রবার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট অঞ্চলের ১৪টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪২টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।
১৬ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, আমি সরেজমিনে পরিদর্শনে এসে দেখলাম পরীক্ষা কার্যক্রম সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে। দেশজুড়ে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অনুকূল পরিবেশে পরীক্ষা দিতে পারছে।
২০ ঘণ্টা আগে
মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে সেই হারের এখন পর্যন্ত সবচেয়ে নির্ভুল পরিমাপ বের করেছেন ৪০ জন বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক গবেষকদল। সম্প্রতি তাঁদের প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, মহাবিশ্বের প্রসারণের হার প্রতি সেকেন্ডে প্রতি মেগাপারসেকে ৭৩.৫ কিলোমিটার।
২ দিন আগে