
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ওই বিএনপি-জামায়াতের কাছে যদি বাংলাদেশ যায় তাহলে আপনারাও থাকবেন না, আমিও থাকব না, বাংলাদেশও থাকবে না। বাংলাদেশ রক্ষা করার জন্য সকলের সঙ্গে গলা মিলিয়ে বলব আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’
আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
সংগঠন সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, সংসদ সদস্য সাহাদারা মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার প্রমুখ।
উপস্থিত কৃষিবিদদের উদ্দেশে আনিসুল হক বলেন, ‘আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেই। তাঁর কিছু যায় আসবে না যদি বাংলাদেশ থাকে বা না থাকে। কিন্তু আমাদের যায় আসবে। তাই এ বাংলাদেশকে রক্ষা করতে হবে।’
গ্রামের কৃষকদের নৌকা মার্কায় ভোটদানে উদ্বুদ্ধ করতে কৃষিবিদদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা বলবেন নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে জীবিত রাখতে হবে। তাই শেখ হাসিনার নেতৃত্ব চাই।’
শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘শেখ হাসিনা আমাদের দেশ দিয়েছেন, যেখানে গৃহহীনরা বলতে পারেন আমাদের গৃহ আছে। যাদের বিদ্যুৎ ছিল না, তারা বলতে পারে বিদ্যুৎ পেয়েছি। যেখানে মানুষের কথা কেউ শুনত না, সেখানে আজকে গণতন্ত্র এসেছে। আমরা শেখ হাসিনার পিছে দাঁড়িয়ে বলব আমরারও আছি, আমরাও পারি, কাউকে পরোয়া করি না। এটাই আমাদের প্রত্যয় এবং আজকের শপথ।’
আগুন-সন্ত্রাস করে দ্বাদশ জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে দাবি করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে, আবার উচ্ছৃঙ্খল করতে চাচ্ছে, আগুন-সন্ত্রাস করে দেশকে অরাজকতার মধ্যে ঠেলে দিয়ে নির্বাচনকে বানচাল করতে চায়। তাঁদের উদ্দেশে বলতে চাই, ২০০৮ সাল থেকে আপনারা আগুন-সন্ত্রাস করছেন, গাড়িতে আগুন দিচ্ছেন, পুড়িয়ে মানুষকে বর্বরোচিতভাবে হত্যা করছেন। আওয়ামী লীগের শিকড়, বঙ্গবন্ধুর আদর্শের শিকড় অনেক গভীরে। আন্দোলন করে আপনারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। জনগণ আমাদের ক্ষমতার উৎস।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশক্রমে আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যাপন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ কমিটি গঠন করা হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী-চিটাগাং রোড সড়কে লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলামকে ‘পিটিয়ে’ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
৬ ঘণ্টা আগে