জায়গাটি সম্পর্কে আগে থেকে ধারণা না থাকলে চমকে উঠবেন। চারপাশে বড় বড় সব বালিয়াড়ি। মাঝখানে সমতল জায়গায় দাঁড়িয়ে আছে অদ্ভুতদর্শন সব গাছ। আরও পরিষ্কারভাবে বললে—গাছ নয়, গাছের কঙ্কাল। সবকিছু মিলিয়ে আপনার মনে হতে পারে পৃথিবীতে থেকেও এ যেন ভিনগ্রহের কোনো জায়গা।
আশ্চর্য এই জায়গার দেখা পেতে হলে আপনাকে যেতে হবে আফ্রিকার দেশ নামিবিয়ার নামিব-নাওকলাফত উদ্যানে। এর ভেতরের এই আশ্চর্য এলাকাটি পরিচিত ডেড ভ্লেই নামে। শুনে হঠাৎ করে মার্কিন মুল্লুকের বিখ্যাত ডেড ভ্যালির সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। তবে ডেড ভ্লেই কিন্তু ভ্যালি বা উপত্যকা নয়। স্থানীয় ভাষায় ভ্লেই অর্থ মার্শ বা জলা। এখন অবশ্য এখানে জলের ছিটেফোঁটা না থাকলেও একসময় সেটার অভাব ছিল না।
বিখ্যাত লবণের আধার বা সল্টপেন সসেস ভ্লেইয়ের কাছেই অবস্থিত ডেড ভ্লেইয়ে ছড়িয়ে আছে কয়েক শ মৃত একাশিয়া গাছ। যখন সাওখাব নদীর জল জমিটিকে ভিজিয়ে দিত, তখন তরতাজা ছিল গাছগুলো। মোটামুটি ৮০০–৯০০ বছর আগে নদীটি গতিপথ পরিবর্তন করলে জায়গাটি এমন শুষ্ক হয়ে পড়ে। ডেড ভ্লেইকে ঘিরে আছে উঁচু উঁচু সব বালিয়াড়ি। এদের কোনোটির উচ্চতা ৩০০–৪০০ মিটার।
এখানে শক্ত কাদামাটি বা এঁটেল মাটির স্তর চোখে পড়বে আপনার। এগুলো তৈরির কারণটা জেনে নেওয়া যাক। সাওখাব নদী বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ার পর ছোট ছোট জলা জায়গা তৈরি হয়। আর মাটিতে প্রচুর পানি থাকায় ক্যামেল থর্ন বা একধরনের একাশিয়া গাছ জন্মায়। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে এলাকায় খরা দেখা দেয়। জলার পানি যায় শুকিয়ে। এদিকে প্রভাব বিস্তার শুরু করে বালিয়াড়িগুলো। এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে নদীর গতিপথও পাল্টে যায়। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পানি না পেয়ে গাছগুলোও শুকিয়ে যায়। অবশ্য ছোটখাটো কিছু গাছ ভোরের কুয়াশা ও কালেভদ্রে হওয়া বৃষ্টির পানির ওপর নির্ভর করে টিকে যায়।
তবে ওই একাশিয়া গাছগুলো পানির অভাবে মরে যায়। কিন্তু কথা হলো, এগুলো এখনো বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে কীভাবে? এর প্রধান কারণ দুটি। প্রথমটি, এখানে বাতাস এত শুষ্ক যে মৃত গাছগুলো প্রাকৃতিকভাবেই পচে যায় না। দ্বিতীয়ত, এখানকার এঁটেল মাটির জমি এত শক্ত যে গাছের কঙ্কালগুলো পড়ে না গিয়ে নিজের জায়গায় শক্তভাবে আটকে থাকে। আর শত শত বছর ধরে এভাবেই এরা আছে।
আর উঁচু সব বালিয়াড়ি, মাটিতে দাঁড়িয়ে থাকা মৃত গাছেরা—সবকিছু মিলিয়ে জায়গাটি এমন অদ্ভুত চেহারা পেয়েছে যে বিভিন্ন ছবি দৃশ্যায়নের জায়গা হিসেবে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে আছে জেনিফার লোপেজ অভিনীত সাড়া জাগানো ছবি ‘দ্য সেল’।
পার্কের গেট থেকে ৪৪ মাইল গাড়ি চালিয়ে তবেই পৌঁছাতে পারবেন আশ্চর্য এই জায়গায়। বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামিব মরুভূমির বিশাল লালচে বালিয়াড়ি আর অদ্ভুতুড়ে চেহারার গাছগুলো মিলিয়ে জায়গাটি রীতিমতো অপার্থিব এক দৃশ্যের জন্ম দেয়। তবে দিনের অন্য সময়ই এটি পর্যটকদের আকৃষ্ট করে। এখানকার আকাশও খুব পরিষ্কার।
নামিব-নাওকলাফত উদ্যানের সসেস ভ্লেই ও ডেড ভ্লেইয়ের দূরত্ব নামিবিয়ার রাজধানী উইন্ডহুক থেকে ৩৫০ কিলোমিটারের বেশি। সেখান থেকে কয়েকটি পথ ধরেই যেতে পারেন। তবে কোনো কোনো পথে দুর্গম কিছু পর্বত পেরোতে হয়। কাজেই ভালো গাড়ি না থাকলে এমন পথ এড়ানো উচিত। এ ধরনের পার্বত্য এলাকা ছাড়া একটি পথ গেছে মারিয়েন্তাল শহর হয়ে। তবে এটা ঠিক, পার্বত্য এলাকার ভেতর দিয়ে যাওয়া পথের দৃশ্য চোখ জুড়ানো। ডেড ভ্লেই কার পার্ক থেকে মোটামুটি মিনিট পনেরো হাঁটলেই পৌঁছে যাবেন অদ্ভুতদর্শন গাছের এলাকাটিতে।
সূত্র: এটলাস অবসকিউরা, টাইম ট্রাভেল টার্টল ডট কম, অ্যামিউজিং প্ল্যানেট

বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
১৪ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
১ দিন আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৭ দিন আগে
মুম্বাইয়ের গুণ্ডাভালি মেট্রো স্টেশনের এক আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার এক কাণ্ড। যাত্রীরা মজা করে তাকে চাকরি দেওয়ার দাবি তুলতেই মেট্রো কর্তৃপক্ষও সেই রসিকতায় সায় দিয়ে বিড়ালটির নাম দিয়েছে ‘চিফ ফেলাইন অফিসার।’
৮ দিন আগে