দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নেত্রকোনা-৩ আসনে প্রার্থী বাছাইয়ের হিসাব মেলাতে শুরু করেছেন বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। মনোনয়নপ্রত্যাশীরাও আপাতত এ নিয়েই তোড়জোড় শুরু করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগে সম্ভাব্য প্রার্থী বেশি থাকায় শীর্ষ পর্যায়ে যোগাযোগে তাদের তৎপরতাও বেশি চোখে পড়ছে। বিপরীতে কম মনোনয়নপ্রত্যাশী থাকায় নির্বাচনী কৌশল সাজাতে সময় দিচ্ছে অন্য দলগুলো।
বিগত নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতাকারী মূল তিন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) সূত্রগুলো বলছে, প্রার্থী বাছাইয়ে কিছুটা দ্বিধায় আছেন আওয়ামী লীগ ও জাপার নেতারা। এই দুই দল জোট করবে নাকি আলাদা থাকবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। জোট হলে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড়ের চিত্র বদলে যাবে। বিএনপির দুই শীর্ষ মনোনয়নপ্রত্যাশীর মধ্যে আছে কোন্দল। তবে মনোনয়নপ্রত্যাশী কম থাকায় দলটি ভোটে অংশ নিলে প্রার্থী বাছাইয়ে বেশি বেগ পেতে হবে না।
একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ আসনে জয়ী হন দলটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এবার প্রার্থিতার প্রতিদ্বন্দ্বিতায় তাঁর বিপরীতে আছেন কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক আবদুল মতিন। দলীয় সূত্রের খবর, ঢাকা থেকে প্রায়ই এলাকায় এসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মতবিনিময় করছেন মতিন। নিজেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী বলেও ঘোষণা দিচ্ছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডে। একইভাবে সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশীর এলাকায় যাতায়াত বেড়েছে।
সমর্থন পেতে নেতা-কর্মীদের খোঁজখবর নিচ্ছেন। অন্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক উপদেষ্টা সামসুল কবীর খান, সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ও বাংলাদেশ তাঁতী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম।জানতে চাইলে এসব প্রার্থীদের সবাই বলেছেন, তাঁরা মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে সবকিছু নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর।
এদিকে এখনো এলাকায় জাপার তেমন তৎপরতা নেই। তবু জোটবদ্ধ নির্বাচন হলে দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন ভূঁইয়া আসনটিতে মনোনয়ন চাইতে পারেন। এ প্রসঙ্গে জসিমউদ্দিন ভূঁইয়া বলেন, ‘দল ও দেশের মানুষের কথা চিন্তা করে জোটগতভাবে নির্বাচন হলে এক কথা, আর না হলে আরেক কথা। তবে জোটগতভাবে নির্বাচন হলে আমি মনোনয়ন পাব। আর এককভাবে হলেও নির্বাচন করব।’
আওয়ামী লীগ ও জাপার সম্ভাব্য প্রার্থীরা যখন হিসাব মেলাতে ব্যস্ত তখন দল দুটির একাধিক সূত্র বলছে, ভোটাররা এবার কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান। এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া এবং চাওয়া-পাওয়াসহ বিভিন্ন কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেই ক্ষোভ ও হতাশা রয়েছে। এ অবস্থায় তৃণমূলের নেতা-কর্মীদের সংগঠিত করতে না পারলে নেতিবাচক প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে। তবে জোটবদ্ধ নির্বাচন হলে আর জাপার প্রার্থীকে আসনটি ছেড়ে দিলে ভোটের সমীকরণ কেমন হবে, তা বলা যাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদির ভূঁইয়া বলেন, ‘উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবারও মানুষ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। তবে এ আসনে জাপার তেমন সাংগঠনিক কর্মকাণ্ড নেই। তাই এ আসনটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।’
নির্বাচনে বিএনপি অংশ নিলে আসনটি পুনরুদ্ধার করতে চান স্থানীয় নেতা-কর্মীরা। তাতে সামনে থেকে নেতৃত্ব দিতে চান রফিকুল ইসলাম হিলালী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। কিন্তু উপজেলা কমিটি গঠন নিয়ে তাঁদের মধ্যেই কোন্দল আছে। এখনো এর নিরসন হয়নি। বর্তমানে উপজেলা ও মাঠপর্যায়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশির ভাগ নেতা-কর্মী পৃথকভাবে হিলালী ও দুলালের অনুসারী বলে জানিয়েছে সূত্র।
এ বিষয়ে রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘হাইকমান্ডের সিদ্ধান্ত হলো নিরপেক্ষ সরকার ছাড়া আমরা নির্বাচনে অংশ নেব না। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’ দেলোয়ার হোসেন ভূঁইয়াও উচ্চ মহলের সিদ্ধান্তের প্রসঙ্গ ছাড়া আর কিছু বলেননি।
এ আসনে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। তিনি ইয়ুথ ফোরামের উপদেষ্টা ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব এম নাজমুল হাসান। বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, নাজমুল হাসান বিভিন্ন সময় এলাকায় এসে সামাজিক ও দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এ সময় নিজেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী বলেও ঘোষণা দিচ্ছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫