ইসলামের প্রতিটি ইবাদত মানুষের শক্তি-সামর্থ্যের প্রতি লক্ষ্য রেখেই প্রণীত। আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেননি। রোজা ইসলামের অন্যতম শারীরিক ইবাদত। যেকোনো সুস্থ-স্বাভাবিক মানুষই তা অনায়াসে আদায় করতে পারে। তাই প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ, সবল ও মানসিকভাবে সুস্থ মুমিনের জন্য রোজা রাখা আবশ্যক করেছে ইসলাম। তবে বিশেষ কারণে, একান্ত প্রয়োজনের মুহূর্তে রোজা না রাখা বা ভেঙে ফেলার অবকাশ ইসলামে রয়েছে। এ রকম পাঁচটি কারণের কথা এখানে তুলে ধরা হলো—
১. অসুস্থতা
অসুস্থ ব্যক্তির জন্য রোজা না রাখার সুযোগ আছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে যে অসুস্থ হয় বা সফরে থাকে, অন্য সময়ে এই সংখ্যা পূরণ করতে হবে।’ (সুরা বাকারা: ১৮৪) তবে এ ক্ষেত্রে শর্ত হলো—অসুস্থতা এমন পর্যায়ের হতে হবে, যাতে রোজা রাখলে বড় ধরনের ক্ষতি, কষ্টের তীব্রতা বেড়ে যাওয়া অথবা সুস্থতা বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকে। একইভাবে কোনো রোগের কারণে কোনো আল্লাহভীরু অভিজ্ঞ চিকিৎসক রোজা না রাখার পরামর্শ দিলে রোজা ছেড়ে দেওয়া যাবে। তবে পরে তা কাজা করতে হবে।
২. বার্ধক্য
অতিশয় বৃদ্ধ মানুষের যদি রোজা রাখার শারীরিক সামর্থ্য না থাকে, তবে তাদের রোজা না রাখার অবকাশ দিয়েছে ইসলাম। যদি এমন হয় যে বৃদ্ধ নারী ও পুরুষ বছরের কোনো সময় (দিন ছোট বা বড় হোক, শীত বা গ্রীষ্ম হোক) রোজা কাজা করতে পারবে না, তাহলে তারা ফিদয়া আদায় করবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘রোজার কারণে যাদের খুব বেশি কষ্ট হয়, তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদয়াস্বরূপ একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা।’ (সুরা বাকারা: ১৮৪)
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘এমন বৃদ্ধ পুরুষ ও নারী, যাদের রোজা রাখার সামর্থ্য নেই, তারা প্রতিদিনের পরিবর্তে একজন অভাবগ্রস্তকে খাবার খাওয়াবে।’ (তাফসিরে ইবনে কাসির)
৩. বিপদ
অনিবার্য কারণে বিপদের হাত থেকে বাঁচতে কখনো কখনো রোজা না রাখার অবকাশ আছে। যেমন—ডুবে যাওয়া বা আগুনে পোড়া ব্যক্তির চিকিৎসা রোজা ভঙ্গ না করলে করা সম্ভব হয় না। তবে এমন ব্যক্তিকেও পরে রোজা কাজা করতে হবে। আবু সাঈদ খুদরি (রা.) বলেন, ‘আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে রোজা রেখে মক্কার উদ্দেশে সফর করছিলাম। আমরা একজন এক জায়গায় যাত্রাবিরতি দিলাম, তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা তোমাদের শত্রুর নিকটবর্তী হয়েছ। রোজা ভঙ্গ করাই তোমাদের শক্তি বৃদ্ধি করবে।’ (মুসলিম: ১১২০)
৪. গর্ভধারণ ও স্তন্যদান
গর্ভবতী ও স্তন্যদানকারী নারী যদি নিজের ও সন্তানের ব্যাপারে কোনো ক্ষতির আশঙ্কা করেন, তবে তার জন্য রোজা না রাখার অবকাশ রয়েছে। মহানবী (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ মুসাফিরের জন্য রোজা ও অর্ধেক নামাজ ছাড় দিয়েছেন এবং গর্ভবতী ও স্তন্যদানকারী নারীর জন্য রোজার ক্ষেত্রে ছাড় দিয়েছেন।’ (সুনানে নাসায়ি: ২৩১৫) তবে পরে রোজা কাজা করতে হবে। আর ক্ষতির আশঙ্কা না থাকলে তার জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ হবে না।
৫. ভ্রমণ
ভ্রমণরত ব্যক্তির জন্য রমজানের রোজা না রাখার অবকাশ আছে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে যে অসুস্থ হয় বা সফরে থাকে অন্য সময় এই সংখ্যা পূরণ করতে হবে।’ (সুরা বাকারা: ১৮৪)
তবে শর্ত হলো, তাকে ইসলামি শরিয়তের দৃষ্টিতে মুসাফির হতে হবে। ৪৮ মাইল বা ৭৮ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করার নিয়তে নিজের শহর ত্যাগ করার পর থেকে যেকোনো ব্যক্তি ইসলামে মুসাফির হিসেবে গণ্য হন। গন্তব্যস্থলে ১৫ দিনের কম সময় অবস্থান করার নিয়ত করলে সেখানে গিয়েও মুসাফির হিসেবে গণ্য হবেন। মুসাফির ব্যক্তি রোজা ভাঙলে পরবর্তী সময়ে তা কাজা করে নিতে হবে। আনাস (রা.) থেকে বর্ণিত, ‘আমরা রমজানে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে সফর করেছি। তখন রোজাদার ব্যক্তি রোজা ছেড়ে দেওয়া ব্যক্তিকে এবং রোজা ছেড়ে দেওয়া ব্যক্তি রোজাদার ব্যক্তিকে দোষারোপ করেনি।’ (বুখারি: ১৯৪৭)
এ ছাড়া ঋতুস্রাব ও প্রসবকালীন স্রাব চলাকালীন নারীরা রোজা রাখবেন না। এই সময়ে রোজা রাখা যাবে না। পরে কাজা করে নিতে হবে।

সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমাবার। মুমিনের জীবনে দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ দিনের নামে স্বতন্ত্র সুরা অবতীর্ণ করেছেন। জুমার আজানের সঙ্গে সঙ্গে দুনিয়ার যাবতীয় কাজকর্ম ত্যাগ করে তাঁর দরবারে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
হিজরি বর্ষপঞ্জির তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল। আরবি ভাষায় রবি শব্দের অর্থ বসন্তকাল এবং আউয়াল অর্থ প্রথম; অর্থাৎ রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত বা বসন্তকালের সূচনা। ঋতুচক্রে প্রকৃতি যেমন শুষ্কতার খোলস ভেঙে বসন্তের ছোঁয়ায় ফুলে-ফলে সুবাসিত ও সজীব হয়ে ওঠে, ঠিক তেমনই চৌদ্দ শ বছর আগে...
৪ ঘণ্টা আগে
মানুষের মুখের একটি কথার মূল্য কত? পৃথিবীর ইতিহাসে যত সফল সম্পর্ক ও সভ্যতা গড়ে উঠেছে, তার মূলে ছিল একটি অদৃশ্য শক্তি—বিশ্বাস। আর এই বিশ্বাসের প্রধান ভিত্তি হলো ওয়াদা রক্ষা। মানুষের মুখের কথার মূল্য থাকলে সমাজে মামলা-মোকদ্দমা কমে, ব্যবসায় সততা আসে এবং পরিবারে প্রশান্তি বাড়ে।
৫ ঘণ্টা আগে
আমরা চলেছি জর্ডানের রাজধানী আম্মান থেকে উত্তরের দিকে। প্রথমে ইরবিদ, তারপর আরও উত্তর-পশ্চিমে। প্রশস্ত পথ, গাড়ির গতি ঘণ্টায় ১৩০-এর কাঁটা ছুঁইছুঁই করছে। ইতিমধ্যে সূর্য হেলে পড়ায় রোদের তাপও কমে এসেছে। ঘণ্টা দেড়েক চলার পর গাড়ি এসে থামল সিরিয়া সীমান্তের কাছাকাছি পাহাড়ের মাথায় একটি খোলা প্রান্তরের সামনে।
৬ ঘণ্টা আগে