
স্থানীয়দের সঙ্গে গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে ক্লাস-পরীক্ষা স্থগিত করায় এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, প্রশাসনের ওপর তাঁদের আস্থা নেই। প্রশাসন দুই দিনের কথা বলে ক্লাস-পরীক্ষা বন্ধের সময় দীর্ঘ করবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গতকাল আমাদের কাজ ছিল শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আমরা গভীর রাত পর্যন্ত সেই চেষ্টা করেছি। কিছুক্ষণ পর আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনায় বসবো। এরপর আমরা শিক্ষার্থীদের সঙ্গেও আলোচনায় বসব।’
আজ রোববার সকাল ৯টার দিকে নগরীর বিনোদপুর বাজারে গেলে দেখা যায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। অর্ধশতাধিক পুলিশ, ডিবি ও সোয়াট টিম টহল দিচ্ছে। ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। দূরপাল্লার বাসগুলো এখন নগরীর চৌদ্দপাই বাইপাস হয়ে চলাচল করছে। এদিকে বিক্ষোভের জন্য সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা স্থগিত করায় এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে তাঁদের বিক্ষোভ করার কথা রয়েছে।
বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৪ জন শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর। তিনি বলেছেন, ‘তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। একজনকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের চিকিৎসা ব্যয় বহন করছে।’
বিশ্ববিদ্যালয় এলাকায় টহলরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনোদপুরের মেস এলাকায় সাদা পোশাকে পুলিশ টহল দিচ্ছে। মেসে অবস্থানরত শিক্ষার্থীরা নিরাপদে আছেন। তবে দায়িত্ব নিয়ে কোনো পুলিশ কর্মকর্তা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
উল্লেখ্য, গতকাল শনিবার এই সংর্ঘষের ঘটনার সূত্রপাত এক শিক্ষার্থীর সঙ্গে বাস কন্ডাক্টরের বাগ্বিতণ্ডা থেকে। বগুড়া থেকে মোহাম্মদ পরিবহনের একটি বাসে রাজশাহী আসছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন আকাশ। বাসের সিটে বসাকে কেন্দ্র করে গাড়িচালক শরিফুল ও তাঁর সহযোগী রিপনের সঙ্গে কথা-কাটাকাটি হয় আকাশের। বিশ্ববিদ্যালয়ের সামনে বিনোদপুর বাজারে বাস থেকে নামার সময় তাঁদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। এ সময় বিনোদপুর বাজারের একজন ব্যবসায়ী বাসচালকের পক্ষ নিয়ে কথা বলেন। তখন আকাশসহ বিনোদপুর বাজারে আগে থেকেই অবস্থান নেওয়া রাবির কয়েক শিক্ষার্থীর সঙ্গে গাড়ির চালক, তাঁর সহযোগী ও বাজারের ব্যবসায়ীর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
খবর পেয়ে সেখানে যান রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। এ সময় ব্যবসায়ীরা তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করেন এবং ধাওয়া দিয়ে তাঁকেসহ শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দেন। এতেই ঘটনা বড় হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে বিনোদপুর গেটের পাশে অবস্থান নেন।
আর ব্যবসায়ীরা অবস্থান নেন রাজশাহী-ঢাকা মহাসড়কে বিনোদপুর বাজারে। তখন এক পক্ষ আরেক পক্ষের ওপর রাতের অন্ধকারে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। তখন ইটের আঘাতে অনেক শিক্ষার্থী আহত হন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে