
নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলে পুলিশই স্যালুট দিয়ে চাকরি দেবে—এ কথা বলে পুলিশ কনস্টেবল পদের চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলত একটি প্রতারক চক্র। তারপর হাতিয়ে নিত সই করা ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প। অথচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে এই চক্রের কোনো সম্পর্কই নেই!
আজ বুধবার এই চক্রের তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন।
গতকাল মঙ্গলবার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রের তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী নগরীর রাজপাড়া থানার দাশপুকুর মহল্লার মারুফ শাহরিয়ার (৩৬), বরিশাল সদরের মঙ্গলহাটা এলাকার শাহাদত হোসেন (৩৩), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাতৈনভিটি গ্রামের আব্দুল আজিজ (৪২)।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে প্রতারণার উদ্দেশ্যে নেওয়া ৩২টি স্বাক্ষর করা ফাঁকা চেক, প্রায় ৫৬ কোটি টাকার এমাউন্ট বসানো স্বাক্ষর করা ১০টি চেক, ৫০টি স্বাক্ষর করা ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্প, তিনটি স্মার্ট মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
রাজশাহী জেলা এসপি এ বি এম মাসুদ হোসেন বলেন, ‘সারা দেশে এখন পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলছে। এই নিয়োগকে কেন্দ্র করে প্রতারক চক্রটি প্রতারণার ফাঁদ পেতেছিল। বিষয়টি জানতে পেরে এদের গ্রেপ্তার করা হয়েছে।’
এসপি আরও বলেন, ‘এরা এখনো চাকরিপ্রার্থীদের কাছ থেকে নগদ কোনো টাকা নেয়নি। কিন্তু ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়েছে। এই ফাঁকা চেক ও স্ট্যাম্প দিয়ে জিম্মি করে পরে টাকা আদায় ছিল তাঁদের লক্ষ্য।’
পুলিশ কর্মকর্তা মাসুদ হোসেন বলেন, ‘সারা দেশের মতো রাজশাহীতেও কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলছে। রাজশাহীতে আবেদন পড়েছিল ১৮ হাজার। এর মধ্যে শারীরিক পরীক্ষার জন্য ডাক পড়েছিল সাড়ে তিন হাজার জনের। সাতটি পর্বে শারীরিক পরীক্ষায় অংশ নিতে হয়েছে তাদের। এতে উত্তীর্ণরা বুধবার লিখিত পরীক্ষা দিয়েছে। এরপর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এতসব পরীক্ষার পর যোগ্য প্রার্থীদেরই চাকরি দেওয়া হবে। কোনো তদবির কাজে আসবে না। অথচ প্রতারক চক্রটি চাকরিপ্রার্থীদের বলত, তারা আগে কোনো টাকা নেবে না। চাকরি হওয়ার পরই টাকা নেবে। এ জন্য ফাঁকা চেক ও স্ট্যাম্প নিয়ে রাখত। তারা বলত, শুধু নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেই চাকরি হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা থেকেই চাকরি দিয়ে দেবেন। পরীক্ষায় অংশ নিতে গেলে পুলিশ স্যালুট দেবে। তারপর চাকরি দেবে। এভাবে তাঁরা অসংখ্য মানুষকে ফাঁদে ফেলেছে।’
প্রতারকদের সঙ্গে চুক্তি করা চাকরিপ্রার্থী শারীরিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে দেখেন, ভেতরে তাকে কেউ খুঁজছে না। অন্য সব প্রার্থীর মতো তাকেও সব পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। তা দেখে ওই চাকরিপ্রার্থী তাঁর বাবাকে জানান। তাঁর বাবা তখন বিষয়টি রাজশাহীর এসপিকে জানান। পরে এসপির নির্দেশেই জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রতারকদের গ্রেপ্তার করে।’ বলেন এসপি হোসেন।
এই চক্রের সঙ্গে রাজশাহীর একজন রাজনৈতিক নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে জানিয়ে এসপি বলেন, ‘একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, চাকরিপ্রার্থীর বাবা ওই রাজনৈতিক নেতার কাছে ছেলের চাকরির জন্য গিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, তিনি চাকরি নিয়ে দিতে পারবেন না। তবে তাঁর একটি উপায় জানা আছে। এরপর তিনিই এই প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। গ্রেপ্তার তিনজনও জানিয়েছেন, তাঁরা ওই নেতার অধীনে কাজ করতেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।’
এসপি মাসুদ বলেন, ‘প্রতারকদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। আসামিদের আদালতে তোলা হবে। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে নিয়ে চক্রের অন্যদের ব্যাপারেও তথ্য নেওয়া হবে। তাঁদেরও আইনের আওতায় আনা হবে।’

রাজশাহীর গ্রামাঞ্চলে বর্ষার সকাল মানেই পাটচাষিদের প্রচণ্ড ব্যস্ততার সময়। কেউ কাস্তে দিয়ে পাটগাছ কাটছেন, আবার কেউ পাটের আঁটি কাঁধে তুলে নিয়ে ছুটছেন জলাশয়ের দিকে। পুকুর, খাল কিংবা ডোবায় জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়ানোর কাজও চলছে পুরোদমে।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় যমুনার শাখা নদী নিউ ধলেশ্বরীর ওপর সেতু নির্মাণকাজ ছয় বছরেও শেষ হয়নি। নদীর দুই প্রান্তে তিন জোড়া পিসি গার্ডার খুঁটি নির্মাণ করে কাজ বন্ধ রয়েছে। ৩৪ কোটি টাকার প্রকল্পটির তিন ঠিকাদারের মধ্যে দ্বন্দ্বের জেরে সেতুর কাজ বন্ধ হয়ে যায়।
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের...
৬ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় গত সাড়ে ছয় বছরে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৪৮৮ জন। নিহত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১ হাজার ৩৪ জন (৭৪ দশমিক ৭১ শতাংশ), নারী ২১৯ জন (১৫ দশমিক ৮২ শতাংশ) এবং শিশু ১৩১টি (৯ দশমিক ৪৬ শতাংশ)।
৬ ঘণ্টা আগে