তিন বছরের আয়ুশ্রী সুশীল এদিক-সেদিক তাকাচ্ছে। চোখে তার উৎসুক দৃষ্টি। তার দিকে তাকানোর সুযোগ বাড়ির কারোর নেই। পাশেই মা দেবী সুশীল হাতের শাঁখা খুলে মাথার সিঁদুর মুছে সাদা শাড়ি পরেছেন। বাড়ির দরজায় দাদি ও চার কাকিমা একই বেশে দাঁড়িয়েছেন। সঙ্গে জ্যেঠাত ভাইয়েরাও সাদা থান কাপড় পরা। সবাই শোকে পাথর।
আজ শুক্রবার দুপুরের এই বেদনাদায়ক দৃশ্য আয়ুশ্রীর ছোট জীবনে যেমন নতুন এক অভিজ্ঞতা, তেমনি বাড়ির উঠানে সমবেত লোকজনের মাঝেও নতুন। একটি বাড়িতে এক শামিয়ানার নিচে পাঁচজনের শ্রাদ্ধ অনুষ্ঠান অতীতে এ গ্রামের কেউ দেখেনি।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাসিনাপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সুরেশ চন্দ্র সুশীলের পুরোনো টিনশেড বাড়ি। এ বাড়িতেই পাঁচ ভাইয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই শ্রাদ্ধ অনুষ্ঠানের শামিয়ানা টাঙানো হয়েছিল মূলত সুরেশ চন্দ্রের জন্য। তিনি ৩০ জানুয়ারি মারা যান। বাবার শ্রাদ্ধ করতে যার যার কর্মস্থল থেকে বাড়ি এসেছিলেন তাঁর নয় সন্তান। গত মঙ্গলবার ভোরে অন্ত্যেষ্টিক্রিয়ার একটি অংশ পালন করতে গিয়ে বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাই প্রাণ হারান। এক ভাই ও এক বোন এখনো হাসপাতালে কাতরাচ্ছেন। ভয়াবহ এ দুর্ঘটনা থেকে অক্ষত ফেরা প্লাবন সুশীল (১৯) মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকাল থেকে পাড়াপড়শি ও আত্মীয়-স্বজন পাঁচ ভাইয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে আসতে শুরু করে। বাড়ির উঠানে বাবার শ্রাদ্ধের জন্য টাঙানো শামিয়ানার নিচে পাঁচ ছেলেরও শ্রাদ্ধের সব আয়োজন করেন পুরোহিত। এখানেই গতকাল বৃহস্পতিবার বাবা সুরেশের শ্রাদ্ধ হয়েছে।
বেলা ১১টায় গিয়ে দেখা যায়, প্যান্ডেলের এক পাশে পাঁচ ভাইয়ের ছবি রাখা। ছবিতে ফুলের মালা পরানো। সামনে এসে একে একে বসছেন অসময়ে বাবা হারানো সন্তান ও সদ্য বিধবা পাঁচ বধূ। পুরোহিত ধর্মীয় আনুষ্ঠানিকতা সারছেন। পাশে রান্নাবান্নার আয়োজন চলছে।
পাঁচ সন্তান ও স্বামীকে হারিয়ে শোকে পাথর মৃণালিনী সুশীল মানু (৬৫)। এ অবস্থাতেই জামাই খগেশ চন্দ্র খোকনকে সঙ্গে নিয়ে সবকিছু দেখভাল করছেন।
মানু সুশীল হাসপাতালে চিকিৎসাধীন তিন সন্তানের জন্য সবাইকে প্রার্থনা করার জন্য অনুরোধ করছেন। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা এই বিপর্যয় যেন আর কোনো পরিবারে না আসে। ভগবান এ কেমন পরীক্ষায় ফেললেন! দুবছর আগে এক ছেলেকে অকালে হারালাম, স্বামী হারার ১০ দিনের মধ্যে সব হারালাম। এখন ভগবান ছাড়া আমাদের দেখার কেউই থাকল না।’
মুন্নী সুশীলের স্বামী খগেশ চন্দ্র খোকন। তিনি বলেন, ‘শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে ১ হাজার মানুষকে খাওয়ানো হবে। সাদা ভাতের সঙ্গে নিরামিষ।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরে বাড়ির অদূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাই অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৮) নিহত হন। আহত হন তাঁদের আরও তিন ভাই–বোন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে