নিউইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারের ঝলমলে আলোর নিচে দীর্ঘতম দাবা ম্যারাথনের রেকর্ড ভেঙেছেন নাইজেরিয়ার দাবা মাস্টার টুন্ডে ওনাকোয়া। টানা ৫৮ ঘণ্টা খেলার পরও তিনি দাবা বোর্ডেই বসে ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ওনাকোয়া লাখ লাখ শিশুর দাবা শিক্ষাকে সহায়তা করার লক্ষ্যে দাতব্য সংস্থার জন্য ১০ লাখ ডলার সংগ্রহ করার আশা করছেন।
নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা ডেভিডোসহ নিউইয়র্ক শহরে বসবাসকারী নাইজেরীয় সম্প্রদায়ের শত শত সমর্থক দাবা মাস্টার ওনাকোয়ার কাছে এসে উল্লাস করেছেন। তারা গান বাজিয়ে, নেচে এবং নাইজেরিয়ার জনপ্রিয় ও প্রধান খাবার জোলোফ রাইসসহ দেশটির ঐতিহ্যবাহী সব খাবার সরবরাহ করে ওনাকোয়াকে উৎসাহ দিয়ে গেছেন।
অন্যদিকে, ভিডিও স্ট্রিমিং পরিষেবা টুইচ নাইজেরিয়ায় সরাসরি সম্প্রচার করেছে ওনাকোয়ার রেকর্ড জয়। সেখানেই ওনাকোয়াকে সমর্থন করে গেছেন নাইজেরিয়ার মানুষ। লাইভ ভিডিওতে সমর্থকদের বিভিন্ন মন্তব্যে দেখা গেছে, ওনাকোয়াকে অনুপ্রেরণা হিসেবে দেখেন তাঁরা।
একজন মন্তব্যকারী লিখেছেন, ‘স্বপ্ন দেখার সাহস জোগানো এবং আমরা আমাদের মস্তিষ্কের শক্তিকে কোন স্তরে নিয়ে যেতে পারি, তা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ! শুভকামনা টুন্ডে! আমি আবারও আমার দাবা বোর্ড নিয়ে বসব।’
নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেট্টিমা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘জনাব ওনাকোয়া হলেন শ্রেষ্ঠত্ব এবং সহনশীলতার প্রতীক—যা নাইজেরীয়দের দেশে এবং বিদেশে অন্যদের চেয়ে আলাদা করে। যান, ইতিহাস তৈরি করুন এবং আমাদের দেশের নাম সোনার অক্ষরে লিখুন।’
লাগোস রাজ্যের গভর্নর বাবাজিদে সানও-ওলু বিশ্ব রেকর্ডধারী ওনাকোয়ার উদ্দেশে বলেছেন, ‘লাগোস আপনাকে সমর্থন দিচ্ছে।’ তিনি আরও বলেন, যেকোনো অবস্থা থেকেও যে শ্রেষ্ঠত্ব তৈরি হতে পারে, টুন্ডে ওনাকোয়ার প্রচেষ্টা তারই শক্তিশালী প্রমাণ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত আগের বিশ্ব রেকর্ডটি ছিল ৫৬ ঘণ্টা, ৯ মিনিট এবং ৩৭ সেকেন্ডের। ২০১৮ সালে নরওয়েজীয় জুটি হলভার্ড হাগ ফ্লেটবো এবং সুয়োর ফার্কিংস্টাড এই রেকর্ডটি করেছিলেন।
২৯ বছর বয়সী টুন্ডে ওনাকোয়া বেড়ে উঠেছেন লাগোসের কুখ্যাত ভাসমান বস্তিতে। ভয়াবহ দারিদ্র্যের হাত থেকে বাঁচানোর জন্য তিনি দাবাকে কৃতিত্ব দেন। তাঁর দাবা শেখানোর অলাভজনক সংস্থা চেস ইন স্লামস আফ্রিকা দরিদ্র সম্প্রদায়ের শিশুদের দাবা খেলা শিখতে সাহায্য করে।
মার্কিন অলাভজনক সংস্থা ‘দ্য গিফট অব চেস’-এর একজন বোর্ড সদস্য ওনাকোয়া। সংস্থাটি দাবার মাধ্যমে জীবন পরিবর্তন করার কাজ করে। এ ছাড়া, ২০৩০ সালের মধ্যে অনুন্নত সম্প্রদায়গুলোর মধ্যে ১০ লাখ দাবা সেট বিতরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দ্য গিফট অব চেস।

প্রায় ৪৪ বছর আগে ১০ বছর বয়সী এক কিশোরীর লেখা একটি চিঠি পাওয়া গেছে যুক্তরাজ্যের এসেক্সের হকলিতে। বাড়ির সিঁড়ির ভেতরের একটি ফাঁকা জায়গায় লুকিয়ে রাখা ছিল চিঠিটি। সম্প্রতি বাড়ির সংস্কারকাজের সময় এটি উদ্ধার করেন এক নির্মাণকর্মী।
২ দিন আগে
ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
১০ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
১৪ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৫ দিন আগে