
শীর্ষস্থানীয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই তাদের অ্যাপে নতুন একটি সরাসরি বার্তা পাঠানোর (Direct Messaging) ফিচার চালু করেছে। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা গান, পডকাস্ট ও অডিওবুক নিজেদের বন্ধুদের সঙ্গে অ্যাপ ছাড়াই শেয়ার করতে পারবেন।
স্পটিফাই জানিয়েছে, ‘মেসেজেস’ নামের এই নতুন ফিচারটি চলতি সপ্তাহ থেকেই নির্দিষ্ট কিছু দেশে চালু হচ্ছে। এটি পাওয়া যাবে মোবাইল অ্যাপে, উভয় ফ্রি ও প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য, তবে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৬ বছর হতে হবে।
নতুন এই মেসেজিং ফিচার ব্যবহার করতে হলে, কোনো গান, পডকাস্ট বা অডিওবুক চালানোর সময় ‘নাউ প্লেয়িং’ স্ক্রিনে থাকা শেয়ার আইকনে ট্যাপ করতে হবে। এরপর ব্যবহারকারীরা যাদের সঙ্গে স্পটিফাই ফ্যামিলি প্ল্যান ভাগ করছেন বা পূর্বে যেসব বন্ধুদের সঙ্গে জ্যাম, ব্লেন্ড বা কোলাবরেটিভ প্লেলিস্টের মাধ্যমে যুক্ত হয়েছেন, তাদেরকে ওই কনটেন্ট পাঠাতে পারবেন।
স্পটিফাই বলছে, সাধারণত যেসব মিউজিক রিকমেন্ডেশন ব্যবহারকারীরা টেক্সট, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্যান্য বার্তা আদান-প্রদানের অ্যাপে ভাগ করে থাকেন, এখন তা সরাসরি স্পটিফাই অ্যাপের মাধ্যমেই করা যাবে। ব্যবহারকারীর সঙ্গে শেয়ার করা সব অডিও কনটেন্ট রাখা থাকবে ‘মেসেজেস ইনবক্স’-এ, যা অ্যাপের ওপরের বাম কোনে থাকা প্রোফাইল ছবি ট্যাপ করে দেখা যাবে। ফলে আগের শেয়ার করা কনটেন্ট খুঁজে পাওয়াও সহজ হবে।
স্পটিফাই জানায়, এই ফিচারে ব্যবহারকারীরা একে অপরকে ব্যক্তিগতভাবে টেক্সট ও ইমোজি রিঅ্যাকশন পাঠাতে পারবেন। মেসেজগুলো থাকবে ‘ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড এনক্রিপশন’-এর আওতায়, যাতে ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় থাকে।
মেসেজ রিকোয়েস্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করার অপশন থাকবে ব্যবহারকারীদের কাছে। কেউ ইচ্ছা করলে পুরো মেসেজিং ফিচারটিই বন্ধ করতে পারবেন বা কারও মেসেজ ব্লকও করতে পারবেন। কোনো অনাকাঙ্ক্ষিত বার্তা বা শেয়ার করা কনটেন্টকে রিপোর্ট করাও সম্ভব হবে। বার্তার ওপর চেপে ধরলেই রিপোর্ট করার অপশন আসবে।
স্পটিফাই আরও জানিয়েছে, তারা প্রোঅ্যাক্টিভলি কিছু অবৈধ বা ক্ষতিকর কনটেন্টের জন্য মেসেজ স্ক্যান করবে এবং ব্যবহারকারীদের রিপোর্ট করা চ্যাট পর্যালোচনাও করবে।
তবে ফিচারটি কেবলমাত্র সাধারণ ব্যবহারকারীদের জন্য, নাকি শিল্পীরাও ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেনি স্পটিফাই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেসেজিং ফিচারটি ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট এবং টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রতিস্থাপন করতে নয় বরং ব্যবহারকারীদের মধ্যে কনটেন্ট শেয়ারিং আরও সহজ করতে ‘সম্পূরক’ হিসেবে তৈরি করা হয়েছে।
এই ফিচারটি ফ্রি ব্যবহারকারীদের জন্য চালু হওয়ায় অনেকেই একে স্পটিফাইয়ের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। ভবিষ্যতে আরও নতুন সামাজিক ফিচার যোগ করার সম্ভাবনাও থাকছে, যদি এটি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পায়।
তথ্যসূত্র: দ্য ভার্জ

ভিয়েতনামে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কনটেন্ট পোস্ট, মন্তব্য বা অন্যের পোস্টে প্রতিক্রিয়া জানানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করা হচ্ছে। এই বিষয়ে একটি খসড়া ডিক্রি তৈরি করেছে দেশটির সরকার।
১৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলকে প্রশিক্ষণ দিতে অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত বই ব্যবহার করার অভিযোগে দায়ের করা একটি ঐতিহাসিক মামলায় দেড় শ কোটি মার্কিন ডলারের সমঝোতা হয়েছে।
২০ ঘণ্টা আগে
ওপেনএআই তাদের কিছু উন্নত এআই মডেলকে একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত পরীক্ষামূলক ব্যবস্থার মধ্যে রেখে পরীক্ষা করছিল। কিন্তু পরীক্ষার সময় ওই এআই মডেলগুলো সেই নির্ধারিত সীমার বাইরে গিয়ে সাইবার হামলা চালানোর মতো ঘটনা ঘটিয়েছে।
২ দিন আগে
সিকিউরিটি টেস্টের বা নিরাপত্তা পরীক্ষা সময় নিজেদের অত্যন্ত উন্নত কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এরপর সেই এআই মডেলগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি স্টার্টআপ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি নিজেই।
৩ দিন আগে