
বিশ্ববিখ্যাত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে শত শত ভুয়া পডকাস্ট, যেগুলোর মূল উদ্দেশ্য হলো মাদক বিক্রি। যুক্তরাষ্ট্রে কড়া নজরদারির মধ্যে এ ঘটনা প্রযুক্তিজগতের জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে।
বিজনেস ইনসাইডার (বিআই) প্রথম খবর প্রকাশ করে যে, স্পটিফাই অন্তত ২০০ ভুয়া পডকাস্ট সরিয়ে ফেলেছে, যেগুলোতে ওপিওইডসসহ বিভিন্ন প্রেসক্রিপশন ড্রাগ বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল। সিএনএন জানিয়েছে, তারা আরও ডজনখানেক ভুয়া পডকাস্ট খুঁজে পেয়েছে, যেগুলোর অনেকগুলোই মাসের পর মাস সক্রিয় ছিল।
পডকাস্টগুলোর কিছু শিরোনাম শুনেই সন্দেহ জাগার কথা—যেমন: ‘মাই অ্যাডেরাল স্টোর’, ‘এক্সট্রাফার্মা ডটকম’ বা কোনো পর্বের নাম ‘অর্ডার কোডিন অনলাইন সেফ ফার্মেসি লুইজিয়ানা’। অনেক পডকাস্টেই কৃত্রিম কণ্ঠ ব্যবহার করা হয়েছে, কিছু আবার মাত্র ১০ সেকেন্ড দীর্ঘ। এমনকি কিছু পর্বে কোনো অডিওই ছিল না।
সিএনএন জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে অডিও ও ভয়েস তৈরি এখন অনেক সহজ হয়েছে। একই সঙ্গে টেক্সট-টু-স্পিচ প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটায় অতি দ্রুত ভুয়া পডকাস্ট তৈরি করা এখন আগের যেকোনো সময়ের চেয়ে সহজ। এসব পডকাস্ট থেকে ব্যবহারকারীদের বিভিন্ন সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশ করানো হচ্ছিল, যেগুলো প্রতারণামূলক সাইট কিংবা কোনো কোনো ক্ষেত্রে অবৈধ ওষুধ বিক্রির বাজারও হতে পারে। তবে সিএনএন ও বিজনেস ইনসাইডার কেউই নিশ্চিত হতে পারেনি, ওই সাইটগুলো থেকে সত্যিই ওষুধ কেনা সম্ভব কি না।
সিএনএন জানিয়েছে, অনলাইন থেকে কেনা ওষুধ সেবনের ফলে একাধিক কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে অতিরিক্ত মাত্রায় মাদকের ডোজ নেওয়ার কারণে। এ ঘটনায় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে জনমনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাণঘাতী মাদকের প্রবাহ ঠেকাতে কঠোর শুল্ক আরোপ করেন এবং এই সংকটকে তিনি ‘জাতীয় জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছিলেন।
সিএনএন জানিয়েছে, কখনো কখনো স্পটিফাইয়ের কনটেন্ট মডারেশন ব্যবস্থা এসব ভুয়া পডকাস্ট শনাক্ত করতে সক্ষম হয়েছে।
‘টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট’-এর পরিচালক কেটি পল বলেন, ‘মাদক বেচার ভুয়া পডকাস্টগুলো ঠেকাতে প্রতিষ্ঠানটির প্রবল আগ্রহ আছে বলে মনে হয় না।’
তিনি বলেন, এ ধরনের ভুয়া পডকাস্টসহ ব্যবহারকারীদের তৈরি অনেক কনটেন্টের জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সাধারণত কোনো জবাবদিহি করতে হয় না। কারণ, যুক্তরাষ্ট্রের একটি আইন (সেকশন ২৩০) তাদের এসব বিষয় থেকে অনেকটাই সুরক্ষা দেয়।
কেটি পলের মতে, স্পটিফাই যদি পুরো প্ল্যাটফর্মে কঠোর ব্যবস্থা নিতেও চায়, তবু তারা হয়তো এই প্রবণতার সঙ্গে তাল মেলাতে পারবে না। কারণ এগুলো কণ্ঠভিত্তিক কনটেন্ট হওয়ায় সেগুলো মডারেশন বা পর্যবেক্ষণ করা অনেক বেশি কঠিন।
সিএনএন জানিয়েছে, ঠিক কতজন স্পটিফাই ব্যবহারকারী এসব ভুয়া পডকাস্টে প্রবেশ করেছিলেন, তা স্পষ্ট নয়। তবে যেটা জানা গেছে, এসব পডকাস্ট বিভিন্ন প্রেসক্রিপশন ওষুধের নাম দিয়ে খুঁজলে তা সার্চ ফলাফলের ওপরের দিকেই দেখা যাচ্ছিল, যা অনেক ব্যবহারকারী বৈধ স্বাস্থ্যবিষয়ক পডকাস্ট খুঁজতে গিয়ে দেখে থাকতে পারেন।
স্পটিফাইয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যেসব ভুয়া পডকাস্ট সংবাদমাধ্যমগুলো চিহ্নিত করেছে, সেগুলো অবৈধ বা স্প্যাম কনটেন্ট হিসেবে বিবেচনা করে সরিয়ে ফেলা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট আবার উঠে আসতে পারে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি তিনি।
কোম্পানিটির মুখপাত্র আরও বলেন, ‘আমরা আমাদের প্ল্যাটফর্মে নিয়ম ভঙ্গকারী কনটেন্ট শনাক্ত ও সরাতে সব সময়ই কাজ করে যাচ্ছি।’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলকে প্রশিক্ষণ দিতে অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত বই ব্যবহার করার অভিযোগে দায়ের করা একটি ঐতিহাসিক মামলায় দেড় শ কোটি মার্কিন ডলারের সমঝোতা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
ওপেনএআই তাদের কিছু উন্নত এআই মডেলকে একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত পরীক্ষামূলক ব্যবস্থার মধ্যে রেখে পরীক্ষা করছিল। কিন্তু পরীক্ষার সময় ওই এআই মডেলগুলো সেই নির্ধারিত সীমার বাইরে গিয়ে সাইবার হামলা চালানোর মতো ঘটনা ঘটিয়েছে।
২ দিন আগে
সিকিউরিটি টেস্টের বা নিরাপত্তা পরীক্ষা সময় নিজেদের অত্যন্ত উন্নত কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এরপর সেই এআই মডেলগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি স্টার্টআপ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি নিজেই।
৩ দিন আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্সের আইনপ্রণেতারা। গতকাল মঙ্গলবার এই ভোট গ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য এমন বয়সসীমা নির্ধারণ করল ফ্রান্স।
৩ দিন আগে