Ajker Patrika

২২০০ কোটি ডলারে রোকু কিনছে ফক্স, স্ট্রিমিং বাজারে নতুন সমীকরণ

আজকের পত্রিকা ডেস্ক­
২২০০ কোটি ডলারে রোকু কিনছে ফক্স, স্ট্রিমিং বাজারে নতুন সমীকরণ
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত মার্কিন গণমাধ্যম জায়ান্ট ফক্স করপোরেশন জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম রোকু (Roku)-কে ২২ বিলিয়ন (২,২০০ কোটি) মার্কিন ডলারে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মেগা চুক্তির কথা জানানো হয়।

এই অধিগ্রহণের ফলে নেটফ্লিক্স ও ইউটিউবের মতো বড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে স্ট্রিমিং বাজারে ফক্সের প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, ফক্সের নিজস্ব স্পোর্টস, নিউজ, বিনোদনমূলক অনুষ্ঠান এবং তাদের ফ্রি স্ট্রিমিং সেবা ‘টুবি’ (Tubi)-এর সঙ্গে রোকুর বিশাল গ্রাহকভিত্তি যুক্ত হচ্ছে। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১০ কোটি মানুষ রোকুর ডিভাইস ও সেবা ব্যবহার করেন।

গত কয়েক বছর ধরেই স্ট্রিমিং বাজারে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছিল ফক্স। এরই ধারাবাহিকতায় গত বছরের আগস্টে তারা ‘ফক্স ওয়ান’ নামের একটি প্ল্যাটফর্ম চালু করে। তবে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, এইচবিও ম্যাক্স, প্যারামাউন্ট প্লাস এবং পিককের মতো পরাশক্তিদের সঙ্গে প্রতিযোগিতায় এতদিন ফক্সের তেমন কোনো শক্ত ভিত্তি ছিল না।

সম্প্রতি সিএনএনের মাতৃপ্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সঙ্গে প্যারামাউন্টের একীভূত হওয়ার প্রক্রিয়াটি মার্কিন নিয়ন্ত্রক সংস্থার প্রাথমিক অনুমোদন পাওয়ায় ফক্সের জন্য রোকু অধিগ্রহণের বিষয়টি আরও জরুরি হয়ে পড়েছিল।

দর্শক চাহিদার দিক থেকে বর্তমানে মার্কিন স্ট্রিমিং বাজারের শীর্ষস্থানগুলো কাদের দখলে, তা উঠে এসেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান নিলসেন-এর তথ্যে। তাদের জরিপ অনুযায়ী, ভিডিও স্ট্রিমিংয়ের বাজারে দর্শক চাহিদার শীর্ষে রয়েছে ইউটিউব এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে নেটফ্লিক্স।

তবে ফক্স ও রোকুর এই একীভূতকরণের ফলে তারা মার্কিন টেলিভিশনের মোট দর্শক চাহিদার ৫ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করবে। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের টেলিভিশন বাজারের তৃতীয় বৃহত্তম ভিডিও প্ল্যাটফর্মে পরিণত হতে যাচ্ছে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

ঘোষিত চুক্তি অনুযায়ী, ফক্স রোকুর প্রতিটি শেয়ার ১৬০ ডলার মূল্যে কিনে নিচ্ছে, যা গত বৃহস্পতিবারের শেয়ারের সমাপনী মূল্যের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। এই চুক্তির গুঞ্জনে গত শুক্রবার থেকেই রোকুর শেয়ারের দাম বাড়তে শুরু করে, যার ধারাবাহিকতা সোমবারও বজায় ছিল।

রোকুর প্রতিষ্ঠাতা ও সিইও অ্যান্থনি উড ফক্সের পরিচালনা পর্ষদে (বোর্ড অব ডিরেক্টরস) যোগ দেবেন এবং রোকু পরিচালনায় তাঁর ভূমিকা অব্যাহত থাকবে।

প্রয়োজনীয় আইনি ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই একীভূতকরণের ফলে ফক্স এবং রোকু সম্মিলিতভাবে প্রায় ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ডলার সাশ্রয় করতে পারবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত