
টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের কল পরিষেবার ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাস ও প্রতারণার মতো অপরাধে ব্যবহারকারীদের তথ্য রাশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বুধবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাডজোর জানিয়েছে, ‘অপরাধীদের কার্যক্রম রুখতে বিদেশি মেসেঞ্জার অ্যাপগুলোর কল সুবিধায় আংশিক বিধিনিষেধ দেওয়া হয়েছে। তবে অন্যান্য কার্যক্রমে কোনো বাধা দেওয়া হয়নি।’
টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রুশ দৈনিক আরবিসিকে টেলিগ্রাম জানিয়েছে, সহিংসতা ও প্রতারণার বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান রয়েছে। এ ধরনের কনটেন্ট সরাতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে প্রতিদিন লাখ লাখ সন্দেহজনক বার্তা মুছে দিচ্ছে।
গত ১১ আগস্ট থেকে রাশিয়ার ব্যবহারকারীরা টেলিগ্রামে কল করতে পারছেন না এবং হোয়াটসঅ্যাপে কল দিলে মাঝে মাঝে শুধু ধাতব ধরনের শব্দ শোনা যাচ্ছে।
ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও তাদের প্ল্যাটফর্ম অপরাধে ব্যবহারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। যদি তারা রুশ আইন মেনে চলে, যেমন—দেশে অফিস খোলা, রসকোমনাডজোর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতা—তাহলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
রাশিয়ার তথ্যে প্রযুক্তিবিষয়ক সংসদীয় কমিটির উপপ্রধান আন্তন গোরেলকিন বলেন, ‘সম্পূর্ণভাবে রুশ আইন মেনে চললেই কেবল এই বিধিনিষেধ প্রত্যাহার হবে।’
রাশিয়া ২০২২ সালে মেটাকে ‘চরমপন্থী সংগঠন’ হিসেবে চিহ্নিত করলেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা চলছিল। তবে রুশ কর্তৃপক্ষ কয়েকবার অ্যাপটিকে নিষিদ্ধ তথ্য না সরানোর কারণে শাস্তি দিয়েছে।
গত মাসে গোরেলকিন বলেন, হোয়াটসঅ্যাপকে রাশিয়ার বাজার ছাড়ার প্রস্তুতি নিতে হবে। আরেক আইনপ্রণেতা দাবি করেন, হোয়াটসঅ্যাপের রাশিয়ায় উপস্থিতি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি রাষ্ট্র-সমর্থিত মেসেঞ্জার অ্যাপ তৈরির অনুমোদন দিয়েছেন, যা সরকারি সেবার সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমে রাশিয়া ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ অর্জনের পথে এগিয়ে যেতে চায়—অর্থাৎ, দেশীয় প্ল্যাটফর্মকে উৎসাহ দেওয়া এবং বিদেশি অ্যাপের ওপর নির্ভরতা কমানো।
নতুন এই রাষ্ট্রীয় অ্যাপে নজরদারি ও ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা করছেন সমালোচকেরা। কেউ কেউ মনে করছেন, হোয়াটসঅ্যাপের গতি ইচ্ছাকৃতভাবে কমিয়ে ব্যবহারকারীদের নতুন অ্যাপ ব্যবহারে বাধ্য করা হতে পারে।
গত মাসে এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, রাশিয়ার সরকার দেশের ইন্টারনেট পরিকাঠামোর ওপর নিয়ন্ত্রণ বাড়াতে প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করছে। এর ফলে সরকার বিরুদ্ধ ওয়েবসাইট ও সেন্সরশিপ এড়িয়ে যাওয়ার টুল আরও বেশি মাত্রায় ব্লক করতে বা গতি কমাতে পারছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১১ ঘণ্টা আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে