
সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম আপনি কেন ব্যবহার করেন? উত্তরটি খুঁজতে আপনাকে সাহায্য করছি। একদম শুরুর দিকে আপনি চলে যান, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম চালু হওয়ার মূল উদ্দ্যেশ্য ছিল বন্ধু তৈরি করা কিংবা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা। একসময় এটি ছিল বন্ধুদের সঙ্গে কথা বলা কিংবা নিজের জীবনের ছোটখাটো মুহূর্ত ভাগ করে নেওয়ার জায়গা। কিন্তু বর্তমানে এটি আর বন্ধুদের খোঁজ নেওয়ার সাধারণ মাধ্যম নেই।
এটি পরিণত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত শর্ট-ভিডিও বিনোদনের একটি বিশাল হাবে। মানুষ এখন প্ল্যাটফর্মগুলোতে বন্ধুদের চেয়ে অপরিচিত পেশাদার কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে বেশি সময় কাটাচ্ছে।
পরিসংখ্যান থেকে জানা যায়, বিশ্বজুড়ে সাধারণ ব্যবহারকারীদের পাবলিক পোস্ট করার হার আশঙ্কাজনকভাবে কমছে। এ বছরের অফিশিয়াল ‘ব্যারোমিটার ডু নিউমেরিক’ অনুযায়ী, ৪৯ শতাংশ ব্যবহারকারী এখন সোশ্যাল মিডিয়ায় খুবই কম সক্রিয়। অফকম-এর এক রিপোর্টে দেখা গেছে, সক্রিয়ভাবে পোস্ট করা ব্যবহারকারীর সংখ্যা ৬১ শতাংশ থেকে কমে ৪৯ শতাংশতে নেমে এসেছে। তরুণ প্রজন্মের মধ্যে এই ব্যবধান সবচেয়ে প্রকট। তাদের মাত্র ১৮ শতাংশ ব্যবহারকারী নিয়মিত পোস্ট করে। যেখানে ৭৪ শতাংশ শুধু নীরবে কনটেন্ট স্ক্রল করে যায়। মনোবিজ্ঞানীদের মতে, ইন্টারনেটে নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট আজীবন থেকে যাওয়ার ভয়, সমালোচনার ঝুঁকি ও পেশাদার ক্রিয়েটরদের জাঁকালো কনটেন্টের পাশে নিজের সাধারণ পোস্টকে ‘তুচ্ছ’ মনে করার মানসিকতা থেকে মানুষ পাবলিক প্ল্যাটফর্মে নিজের জীবনের গল্প বলা বন্ধ করে দিচ্ছে।
কী মনে হচ্ছে? মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে? বিষয়টা একদমই তেমন নয়। মানুষ এখন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক ফিডে পোস্ট না করে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপ কিংবা স্ন্যাপচ্যাটের প্রাইভেট গ্রুপ বেছে নিচ্ছে। এই ব্যক্তিগত অথবা ইনটিমেট স্পেসগুলোতে ইনফ্লুয়েন্সারদের জাঁকজমক কিংবা বিজ্ঞাপনের যন্ত্রণা নেই। তরুণেরা টিকটকে কিছু পোস্ট করলেও তা মূলত বিভিন্ন ফানি প্যারোডি বা রিমিক্স, যেখানে নিজের ব্যক্তিগত জীবনের কোনো ছোঁয়া থাকে না।
মজার বিষয় হলো, এতে মেটার মতো প্রতিষ্ঠানগুলোর কোনো আর্থিক ক্ষতি হচ্ছে না। ব্যবহারকারীরা নিষ্ক্রিয় দর্শক বা ‘টেলিভিশন’ গ্রাহকের মতো হয়ে গেলেও প্ল্যাটফর্মগুলোর রেকর্ড আয় হচ্ছে। এ বছর বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের রাজস্ব ৩১৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে বড় জয় ‘মেটা’র। এ বছর তাদের বিজ্ঞাপন বাবদ আয় ২৪৩ বিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে, যা ইতিহাসে প্রথমবারের মতো গুগলকে ছাড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
টিকটকের দেখানো পথ ধরে মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম এখন একধরনের এআই রেকমেন্ডেশন সিস্টেমে চলছে। আপনি কাকে ফলো করছেন বা কে আপনার বন্ধু, এখন তা আর তোয়াক্কা করা হয় না। মেশিন বুঝতে চেষ্টা করে আপনার পছন্দ কী এবং সেই অনুযায়ী আপনার ফিড সাজায়।
এর ফলে স্থানীয় ছোট ছোট ব্যবসাগুলোর টিকে থাকার লড়াই কঠিন হয়ে পড়েছে। এখন শুধু ব্যবসা চালালেই হচ্ছে না, মালিকদের নিজেদের ট্রেন্ড স্পটার, ভিডিও এডিটর বা উপস্থাপক বনে যেতে হচ্ছে।
সূত্র: বিবিসি

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
১ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে