
ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের প্রতিবাদে প্রতিষ্ঠান চত্বরে বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে চার কর্মীকে চাকরিচ্যুত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এদের মধ্যে দুজন চলতি সপ্তাহে কোম্পানির প্রেসিডেন্টের অফিসে অবস্থান ধর্মঘটে অংশ নেন। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী বর্বর গণহত্যা চালানোয় মাইক্রোসফট প্রযুক্তিগত সহায়তা দেওয়ায় কর্মীরা আন্দোলনে নামেন।
‘নো অ্যাজিউর ফর অ্যাপার্থেইড’ নামের একটি প্রতিবাদী গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে, ফোনে ভয়েসমেইলের মাধ্যমে আন্দোলনকারী অ্যানা হ্যাটল ও রিকি ফামেলি জানতে পারেন, তাঁদের চাকরি চলে গেছে।
গত বৃহস্পতিবার সংগঠনটি জানায়, আরও দুই কর্মী—নিসরিন জারাদাত এবং জুলিয়াস শ্যানকেও চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা সম্প্রতি মাইক্রোসফটের প্রধান কার্যালয়ে প্রতিবাদী তাঁবু স্থাপনকারীদের মধ্যে ছিলেন।
মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, কোম্পানির নীতিমালার গুরুতর লঙ্ঘনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক অনসাইট (অফিসের সামনে) বিক্ষোভগুলোর কারণে ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকি’ তৈরি হয়েছিল।
প্রতিবাদকারী গোষ্ঠীর দাবি, মাইক্রোসফট যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ প্রদান করে।
এক বিবৃতিতে হ্যাটল বলেন, ‘আমরা এখানে এসেছি কারণ মাইক্রোসফট ইসরায়েলকে গণহত্যা চালাতে সহায়তা করছে এবং নিজ কর্মীদের প্রতারণা করছে এই বাস্তবতা আড়াল করে।’
হ্যাটল ও ফামেলি—এই দুই কর্মীসহ সাতজন বিক্ষোভকারী মঙ্গলবার কোম্পানির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের অফিসে ঢুকে পড়েন। তঁদের মধ্যে পাঁচজন মাইক্রোসফটের সাবেক কর্মী এবং বহিরাগত ছিলেন। তাঁদের সবাইকে পুলিশ গ্রেপ্তার করে।
মাইক্রোসফট প্রেসিডেন্ট স্মিথ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে সবার মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করি, যতক্ষণ তা আইনসিদ্ধভাবে করা হয়।’
এদিকে, চলতি মাসে দ্য গার্ডিয়ান, ইসরায়েল-ফিলিস্তিনি প্রকাশনা ‘+ 972’ ম্যাগাজিন ও হিব্রু ভাষার মিডিয়া লোকাল কলের যৌথ অনুসন্ধানে উঠে আসে যে, ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড সফটওয়্যার ব্যবহার করে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের ফোনকল রেকর্ড জমা রাখছে।
এই অনুসন্ধানে দাবি করা হয়, ইসরায়েল মাইক্রোসফটের ক্লাউড সেবার ওপর নির্ভর করে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারি চালাচ্ছে।
জবাবে মাইক্রোসফট জানায়, তারা যুক্তরাষ্ট্রভিত্তিক আইন প্রতিষ্ঠান কভিংটন অ্যান্ড বার্লিং এলএলপি-কে দিয়ে বিষয়টির পর্যালোচনা করাচ্ছে। এর আগেও মাইক্রোসফটের আরও কিছু কর্মী প্রতিষ্ঠানটির ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রতিবাদ করেন।
চলতি বছরের এপ্রিলে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগের সিইও মোস্তফা সুলেমানের বক্তব্য চলাকালে, এক কর্মী প্রতিবাদ জানান এবং অনুষ্ঠানটি বাধাগ্রস্ত হয়। পরে ওই কর্মীসহ আরেকজন প্রতিবাদী কর্মীকেও চাকরিচ্যুত করা হয়।
গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ও সহযোগিতা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নানা প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ক্ষুধার্ত শিশু ও সাধারণ মানুষের মর্মান্তিক ছবি বিশ্বজুড়ে ক্ষোভ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যেখানে এখন পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠনের মতে, গাজার প্রায় পুরো জনসংখ্যা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এবং সেখানে চরম খাদ্যসংকট চলছে।
ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে, যদিও ইসরায়েল সেগুলো অস্বীকার করে আসছে।

জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে রুশ সরকার। আজ বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এর পরিবর্তে নাগরিকদের রাষ্ট্র নিয়ন্ত্রিত অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
৩ দিন আগে
অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে নজরদারি বাড়িয়েছে টেক জায়ান্ট গুগল। বিবিসির প্রতিবেদনে জানা যায়, পরিচয় চুরিতে ব্যবহৃত ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ পেলে তা গুগলের মাধ্যমে ট্র্যাক করা শিগগিরই সম্ভব হবে।
৫ দিন আগে
চ্যাটজিপিটি যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপন প্রদর্শনের পরীক্ষা করছে। এই পরীক্ষা চলছে ফ্রি এবং গো সাবস্ক্রিপশন টায়ারে। এই দুই টায়ারই চ্যাটজিপিটির সবচেয়ে সস্তা প্যাকেজ। অনেকের মতে, এটাই হয়তো বিজ্ঞাপনহীন চ্যাটজিপিটির শেষের শুরু।
৬ দিন আগে
কয়েক বছর আগেও এআই নতুন এক প্রযুক্তি হিসেবে ধীরে ধীরে এগোচ্ছিল। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর সবকিছু যেন দ্রুত বদলে যেতে থাকল। মাঝে চীনের ডিপসিক নিয়েও চলল ব্যাপক আলোচনা। খুব অল্প সময়ের মধ্যে এআই পুরো বৈশ্বিক প্রতিযোগিতা হিসেবে গড়ে উঠল।
৬ দিন আগে