
আকাশপথে বৃহৎ আকারের চালকবিহীন পরিবহন তৈরির ক্ষেত্রে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে চীন। দেশটিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এইচএইচ-২০০’ (HH-200) নামের ‘আনম্যানড’ আকাশযানটি আজ বুধবার সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।
চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না (এভিআইসি) নিজস্ব প্রযুক্তিতে আকাশযানটি তৈরি করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের সময় কার্গোটি স্থিতিশীলভাবে পরিচালিত হয়েছে এবং এর সব সিস্টেম সঠিকভাবে কাজ করেছে। পূর্বনির্ধারিত সব ফ্লাইট লক্ষ্যও সফলভাবে পূরণ হয়েছে।
এইচএইচ-২০০ নামে এই আকাশযানটিতে ১২ ঘনমিটার আয়তনের কার্গো হোল্ড বা পণ্য রাখার জায়গা রয়েছে, যা ১৮ ঘনমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব। এটি সর্বোচ্চ ১.৫ টন ওজন বহন করতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩১০ কিলোমিটার এবং এটি একনাগাড়ে সর্বোচ্চ ২ হাজার ৩৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।
উদ্ভাবনী কাঠামো এবং প্রচুর পরিমাণে কম্পোজিট উপকরণের ব্যবহারের ফলে বাহনটির ওজন ২০ শতাংশ কমানো সম্ভব হয়েছে, যা এর পরিচালন ব্যয়ও কমিয়ে এনেছে। বেসামরিক বিমান চলাচলের মানদণ্ড অনুযায়ী তৈরি কার্গোটিতে রয়েছে সম্পূর্ণ বুদ্ধিমান স্বয়ংক্রিয় উড্ডয়ন ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বাধা এড়ানোর প্রযুক্তি।
এটি ৫০ হাজার ঘণ্টা উড্ডয়ন অথবা ১৫ হাজার বার ওঠানামা (টেকঅফ ও ল্যান্ডিং) করতে পারবে। যানটির জীবনচক্রের পরিচালন ব্যয় প্রতি টন-কিলোমিটারে মাত্র ৪.৭ ইউয়ান (প্রায় ০.৬৯ ডলার)।
যেকোনো পরিবেশে মানিয়ে নেওয়ার অসাধারণ সক্ষমতা রয়েছে এই উড়ন্ত কার্গোটির। এটি মাত্র ৫০০ মিটারের ছোট রানওয়ে এবং ৪ হাজার ২০০ মিটারের বেশি উচ্চতার মালভূমি অঞ্চল থেকেও ওঠানামা করতে পারে। এ ছাড়া মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চরম তাপমাত্রায় এটি সচল থাকে। ফলে পাহাড়ি এলাকা, দ্বীপপুঞ্জ, বরফে ঢাকা অঞ্চল এবং উচ্চ পার্বত্য এলাকার যাতায়াত বাধা কাটিয়ে এটি কার্যকর ‘লো-অ্যাল্টিটিউড’ বা নিম্ন-উচ্চতার লজিস্টিক চ্যানেল গড়ে তুলতে পারবে।
এইচএইচ-২০০ মূলত সীমান্ত এলাকা, উপকূলীয় অঞ্চল এবং আন্তসীমান্ত মালবাহী রুটে পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হবে। এ ছাড়া এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপগুলোর মধ্যে পণ্য পরিবহন এবং ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এ অংশগ্রহণকারী দেশগুলোর বিমান কার্গো নেটওয়ার্কেও যুক্ত হবে। ভবিষ্যতে এই আকাশ যানটি জরুরি উদ্ধার অভিযান, বনের আগুন নির্বাপণ, আবহাওয়া পরিবর্তন প্রযুক্তি, আকাশ থেকে রিমোট সেন্সিং এবং কৃষি ও বনায়নের ফসল রক্ষার মতো কাজেও দ্রুত ব্যবহারোপযোগী করা যাবে।
বেইজিং একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের সহযোগী গবেষক ওয়াং পেং গ্লোবাল টাইমসকে বলেন, এই অর্জন চীনের ‘লো-অ্যাল্টিটিউড ইকোনমি’ বা নিম্ন-উচ্চতার অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কৌশলগত প্রচেষ্টার সঙ্গে সংগতিপূর্ণ।
ওয়াং আরও বলেন, বাণিজ্যিক চালকবিহীন কার্গো তৈরির এই সাফল্য জরুরি উদ্ধারকাজ, কৃষি, বনায়ন ও লজিস্টিক খাতের নতুন সম্ভাবনা উন্মোচন করবে—বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি কার্যকর হবে।
গত ফেব্রুয়ারিতে চীনের বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বেশ কয়েকটি কেন্দ্রীয় সরকারি দপ্তরের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে নিম্ন-উচ্চতার অর্থনীতির জন্য একটি মানদণ্ড কাঠামো (স্ট্যান্ডার্ড সিস্টেম) গড়ে তোলার লক্ষ্য নিয়েছে চীন।
নির্দেশিকা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এই খাতের জন্য ৩০০ টির বেশি মানদণ্ড তৈরি করা হবে, যা হবে উন্নত ও আন্তর্জাতিকভাবে সামঞ্জস্যপূর্ণ। এই ব্যবস্থা নিম্ন-উচ্চতার উড়োজাহাজ, অবকাঠামো, বিমান চলাচল ব্যবস্থাপনা, নিরাপত্তা তদারকি এবং প্রয়োগের ক্ষেত্রসহ পুরো শিল্প শৃঙ্খলকে সহায়তা দেবে।

কোডিং দুনিয়ায় ফিরে গেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও টেক জায়ান্ট মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। এমনকি আগে যে ডেস্কে কাজ করতেন, সেই ডেস্কও পাল্টে ফেলেছেন তিনি। বসছেন মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কর্মরত গবেষকদের সঙ্গে।
২ দিন আগে
ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল ইরানপন্থী একটি গোষ্ঠীর চ্যানেল তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে। চ্যানেলটি লেগো-থিমযুক্ত অ্যানিমেশনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করত। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ দিন আগে
একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের জন্য অর্থের বিনিময়ে ‘যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক’ গড়ার সুযোগ দিচ্ছে। এটি সম্ভব হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবতারের মাধ্যমে। ‘জাস্ট লাইক মি’ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা প্রতি মিনিটে ১ দশমিক ৯৯ ডলার খরচ করে এআই-চালিত যিশুর সঙ্গে...
৬ দিন আগে
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রডব্যান্ড এক্সপো। দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে এই এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই এক্সপো ১৩ থেকে ১৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
৬ দিন আগে