
ইউরোপে প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচে শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে স্পেন। প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যবহারকারীর সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দেওয়া বক্তব্যে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আগামী সপ্তাহ থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে বলেন, সেখানে আইন উপেক্ষিত, ঘৃণাবাক্য ছড়ায় এবং সত্যের চেয়ে ভুয়া তথ্য বেশি মূল্য পায়।
নিষেধাজ্ঞা কার্যকর করতে প্ল্যাটফর্মগুলোকে কার্যকর বয়স যাচাইব্যবস্থা চালু করতে হবে। শুধু টিক চিহ্ন নয়, বাস্তব ও কার্যকর বাধা নিশ্চিত করতে হবে বলে জানান সানচেজ।
সানচেজ বলেন, ‘আমাদের শিশুরা এমন এক ডিজিটাল জগতে প্রবেশ করছে, যা আসক্তি, নির্যাতন, পর্নোগ্রাফি ও সহিংসতায় ভরা। আমরা আর এটা মেনে নেব না।’
অস্ট্রেলিয়ায় গত ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর স্পেন ইউরোপের প্রথম দেশ হিসেবে একই পথে হাঁটল।
স্পেন এখনো নির্দিষ্ট করে কোন কোন প্ল্যাটফর্ম এই আইনের আওতায় পড়বে, তা জানায়নি। তবে সানচেজ টিকটককে এআই-নির্মিত শিশু নির্যাতনমূলক কনটেন্ট, ইলন মাস্কের এক্সকে অবৈধ যৌন কনটেন্ট তৈরির অভিযোগ এবং ইনস্টাগ্রামকে ব্যবহারকারীদের ওপর নজরদারির জন্য সমালোচনা করেন।
এই আইনের আওতায় ঘৃণামূলক বা অবৈধ কনটেন্ট না সরালে কোম্পানির শীর্ষ নির্বাহীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং অ্যালগরিদমের মাধ্যমে অবৈধ কনটেন্ট ছড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব রয়েছে।
ফ্রান্স, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশেও একই ধরনের নিষেধাজ্ঞা আনার উদ্যোগ চলছে।
প্রযুক্তি কোম্পানিগুলো এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। মেটা জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে ১৬ বছরের নিচের বলে সন্দেহভাজন পাঁচ লাখের বেশি অ্যাকাউন্ট সরানো হয়েছে। তারা সতর্ক করেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও কিশোরেরা বিকল্প পথে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের চেষ্টা করবে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়েই সরকারগুলোর ওপর চাপ বাড়ছে এবং স্পেনের সিদ্ধান্ত ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

দীর্ঘ ১৫৬ বছর ধরে বিজ্ঞানের জটিল ও সূক্ষ্ম বিষয়গুলো গবেষণাপত্রের পাতায় সীমাবদ্ধ রাখার পর, এবার তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে পা রাখল বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’।
১৮ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে ইরান সরকারের সঙ্গে যুক্ত একদল হ্যাকার। হ্যাকাররা প্যাটেলের অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি ও নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে বলে সিএনএনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে
চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরেই বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী ‘রোবট গালা’; যেখানে পুরো অনুষ্ঠানেই অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা।
২ দিন আগে
বর্তমান যুগে উচ্চশিক্ষা ও একাডেমিক উৎকর্ষের অন্যতম প্রধান শর্ত হলো গবেষণা। কিন্তু বিশ্বজুড়ে লাখ লাখ গবেষকের ভিড়ে নিজের স্বকীয়তা বজায় রাখা কি এতই সহজ? ধরুন, আপনার নাম এবং অন্য দেশের একজন গবেষকের নাম হুবহু এক। অথবা, বিভিন্ন জার্নালে আপনার নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে।
২ দিন আগে