Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আগে বড় ভুল আয়োজকদের

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আগে বড় ভুল আয়োজকদের
এই ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি ম্যাচ শুরুর আগে বড় ধরনের ভুল করলেন আয়োজকেরা। আজ জাপানের গিফুর গ্রিন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে ভুল করে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়। ঘটনায় মাঠে থাকা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা বিভ্রান্ত হয়ে পড়েন।

ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা জাতীয় সংগীতের জন্য মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত বাজানোর ঘোষণা দেওয়ার পরই ভেসে আসে উত্তর কোরিয়ার সংগীত। খেলোয়াড়েরা একে অপরের দিকে তাকিয়ে বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ হাত সরিয়ে নেন, আবার কয়েকজন বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকেন।

ভুল বুঝতে পেরে স্টেডিয়ামের ঘোষক সঙ্গে সঙ্গে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমরা সত্যিই দুঃখিত, ভীষণ দুঃখিত। কোরিয়া প্রজাতন্ত্রের জাতীয় সংগীত বাজানোর কথা ছিল, কিন্তু আমরা অন্য একটি গান বাজিয়ে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত।’

এরপর আয়োজকেরা বাংলাদেশের জাতীয় সংগীত বাজান। পরে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতও বাজানো হয়। তবে ম্যাচ শুরুর নির্ধারিত সময় ঘনিয়ে আসায় দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা পুরো সংগীত গাওয়ার সুযোগ পাননি।

ঘটনাটি দক্ষিণ কোরিয়ার জন্য বিশেষভাবে স্পর্শকাতর। দেশটিতে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত নিষিদ্ধ। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ শান্তিচুক্তির মাধ্যমে শেষ হয়নি। যুদ্ধবিরতির মধ্য দিয়ে সংঘাত থামায় দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধে রয়েছে।

এ ঘটনায় এশিয়ান গেমসের আয়োজক কমিটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার ক্রীড়া ও অলিম্পিক কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ভিডিওসহ প্রমাণ সংগ্রহ করে ঘটনাটি নিশ্চিত করেছেন এবং আয়োজক কমিটির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবেন।

মাঠের খেলায় অবশ্য এই ঘটনার কোনো প্রভাব পড়তে দেননি দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা। বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে নিজেদের অভিযান শুরু করেছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত