Ajker Patrika

শুরুতেই আবাহনীর হোঁচট, ফর্টিসের বড় জয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২৯
শুরুতেই আবাহনীর হোঁচট, ফর্টিসের বড় জয়
জোড়া গোল করেন ফর্টিসের পা ওমর বাবু। ছবি:বাফুফে

প্রস্তুতির সময়টা ঠিকঠাক মেলেনি, নতুন মৌসুম শুরুর আগে দলগুলোকে ছুটতে হয়েছে সময়ের সঙ্গে। সেই তাড়াহুড়োর মধ্যেই আজ মাঠে গড়াল বাংলাদেশ ফুটবল লিগ। প্রথম দিনেই পাঁচ ম্যাচে দেখা গেল পাঁচ রকমের গল্প। এর মধ্যে সবচেয়ে আলোচনার জায়গা আবাহনীর শুরুটা। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে গত মৌসুমের রানার্সআপদের।

জাতীয় দলের আসন্ন আসিয়ান কাপ, ক্লাবগুলোর খেলোয়াড়-সংকট এবং বিদেশি ফুটবলারদের দেরিতে আসা সব মিলিয়ে এবারের লিগ শুরুর প্রস্তুতি নিয়ে আগে থেকেই ছিল অস্বস্তি। আবাহনীও তার বাইরে নয়। পিডব্লিউডির বিপক্ষে ম্যাচে তাদের নাইজেরিয়ান খেলোয়াড়েরা ভিসা জটিলতার কারণে ছিলেন না। ক্লাবের পক্ষ থেকেও জাতীয় দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের আন্তর্জাতিক সূচির আগে ছাড়ার অনুরোধ করা হয়েছিল।

ফলে নতুন মৌসুমের প্রথম ম্যাচে আবাহনীর আক্রমণভাগে সেই ধারটা দেখা যায়নি, যা গত মৌসুমে তাদের ১৮ ম্যাচে ৩৭ গোল এনে দিয়েছিল। মানিকগঞ্জে গোলের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত পিডব্লিউডির রক্ষণ ভাঙতে পারেনি তারা। ম্যাচ শেষ হয়েছে ০-০ গোলে।

পিডব্লিউডির জন্য ফলটি বরং আত্মবিশ্বাস জোগানোর মতো। গত মৌসুমের প্রথম ম্যাচেই তারা খেলেছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে। সেই ম্যাচে ২-২ গোলে ড্র করে পয়েন্ট নিয়েছিল তখনকার নবাগত দলটি। এবার মৌসুমের শুরুতেই আরেক বড় দলের বিপক্ষে গোল না খেয়ে এক পয়েন্ট পেল তারা।

অবশ্য প্রথম দিনে গোলের অভাব ছিল না। পাঁচ ম্যাচে মোট ১৩ গোল হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি ৬-০ গোলে নবাহত চট্টগ্রাম সিটি এফসিকে হারিয়ে দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে। সব গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। পা ওমর বাবু ও নোরিকি আকাদা করেছেন জোড়া গোল। অন্য দুটি গোল আসে মোহাম্মদ ইব্রাহিম ও রাফায়েল টুডুর কাছ থেকে।

এবারের লিগের প্রথম গোলটি এসেছে এনামুল ইসলামের পা থেকে। গোপালগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচের ২৮ মিনিটে গোল করেন তিনি। তাঁর সিটি ক্লাবও পরে পেয়েছে ৩-০ গোলের জয়। নতুন আসা ক্লাবটির হয়ে অন্য দুটি গোল করেন অনিয়েকাচি ওকাফোর ও মোহাম্মদ ইসলাম।

চাঁদপুরে সুলেমান সিল্লার জোড়া গোলে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাব ২-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে। গাজীপুরে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরিয়ানের একমাত্র গোলে রহমতগঞ্জের বিপক্ষে জিতে মাঠ ছেড়েছে পুলিশ এফসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত