বাংলাদেশের জালে ১৩ গোল ভারতের

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে প্রত্যাবর্তনটা দুঃস্বপ্নের মতো হলো বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে পিটার গেরহার্ডের দল। গত এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
জলন্ধরের সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে গতকাল ম্যাচের প্রথম কোয়ার্টারেই ৪ গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে বিরতিতে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। বাকি দুই কোয়ার্টারেও প্রতিপক্ষের আক্রমণ সামলাতে পারেনি বাংলাদেশের রক্ষণভাগ। শেষ পর্যন্ত ১৩ গোল হজম করে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এশিয়ান গেমসে সপ্তম হওয়ায় বাংলাদেশের এই প্রতিযোগিতায় খেলার কথা ছিল না। তবে পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় সুযোগ পায় দলটি। ২০২১ সালে সবশেষ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। সেবারও কোনো ম্যাচ জিততে পারেনি দল।
আন্তর্জাতিক হকি ফেডারেশনের র্যাঙ্কিংয়ে ভারত অষ্টম, বাংলাদেশ ২৭তম। দুই দলের শক্তির ব্যবধানই অনূদিত হয়েছে দুই দলের মাঠের পারফরম্যান্সে। তবে এখন পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে তারা। এশিয়াড হকিতে জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ।









