দেশের শহর, গ্রামগঞ্জ এখন ঘুমিয়ে পড়েছে কঠোর লকডাউনের মোড়কে। অদৃশ্য ভয়ংকর অণুজীবটির সংক্রমণ বেড়ে যাওয়ায় গতিময় জীবনটা আবারও থমকে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া যাপিত জীবন আবারও আটকে গেছে চার দেয়ালের মাঝে। নিজেদের আটকে রাখলেও নানা মাধ্যম হয়ে ঠিকই ঘরে ঢুকে পড়ছে মন খারাপের সব খবর।
এই মন খারাপের দিনগুলোয় এক ঝটকা স্বস্তির ‘অক্সিজেন’ হয়ে এসেছে খেলা। রাতভর ইউরো-রোমাঞ্চের পর কাকডাকা ভোরে মিলছে লাতিন ফুটবলের সৌরভ। রঙিন ফুটবল উৎসবের ফাঁকেই চোখ রাখতে হচ্ছে আফ্রিকার দেশটিতে। আট বছর পর জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল থেকে হারারেতে শুরু হচ্ছে সফরের একমাত্র টেস্ট। এই ক্রীড়া উৎসবটা আরও রঙিন করে তুলেছে উইম্বলডন। অল ইংল্যান্ডের সবুজ কোর্টে শৈল্পিক টেনিসে মুগ্ধ করে চলেছেন রজার ফেদেরার-নোভাক জোকোভিচের সঙ্গে আরও চেনা-অচেনা সব মুখ।
রোমাঞ্চকর এইসব খেলাই সুযোগ করে দিচ্ছে করোনার দুর্ভোগ সাময়িক ভুলে থাকার। টিভি পর্দায় ইউরোতে চোখ রাখলে মনে হতে পারে, এই পৃথিবীতে কোভিড বলে কিছু নেই! একটা অদৃশ্য ভাইরাস মানুষের ওপর এভাবে দিনের দিন ছড়ি ঘোরাবে; জ্ঞানে-বিজ্ঞানে, অর্থ, প্রযুক্তিতে সব সময়ই এগিয়ে থাকা ইউরোপ কি তা সহজে মেনে নিতে পারে? মানেনি তারা। মহামারির শুরুর দিকে ভুগলেও ধীরে ধীরে করোনার বিরুদ্ধে লড়াইয়ের উপায় ঠিকই বের করে ফেলেছে। সাধারণ মানুষের কাছে টিকা সহজলভ্য করে জীবনটা ধীরে ধীরে স্বাভাবিক করে তুলেছে। শূন্য মাঠে খেলা ফিরিয়েছে। ফিরিয়েছে মাঠের ‘প্রাণ’ দর্শকদেরও। এবারের ইউরো ১০ দেশের ১১ শহরে আয়োজন করে তারা আবারও প্রমাণ করেছে অন্য মহাদেশের চেয়ে কেন ব্যতিক্রম ইউরোপ। গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনালের বিরাট কর্মযজ্ঞ শেষে টুর্নামেন্ট এখন চলে এসেছে শেষ চারে। সেমিফাইনাল-ফাইনাল হচ্ছে শুধুই লন্ডনে। বিখ্যাত ওয়েম্বলিতে লড়াইটা সীমাবদ্ধ হয়ে পড়েছে ইতালি, স্পেন, ইংল্যান্ড আর ডেনমার্কের মধ্যে।
ঝকঝকে সম্প্রচার, ব্যাপক আয়োজন, রোমাঞ্চকর ফুটবলের সঙ্গে গ্যালারিভর্তি দর্শকদের গর্জন—এই দৃশ্য যতই সহস্র মাইলে থেকে দেখা যাক, এই দেশের ফুটবলপ্রেমীদেরও হয়তো তা আশাবাদী করে তুলছে। হয়তো মনে মনে তারাও স্বপ্ন দেখছে, এখানেও স্বাভাবিক হয়ে যাবে সবকিছু। কিন্তু সময়টা কবে আসবে—এ নিয়ে যদি বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস, সান্ত্বনা নেওয়ার সুযোগ থাকছে কোপা আমেরিকা থেকে। করোনায় এখনো জবুথবু লাতিন আমেরিকা। মহামারি ধাক্কায় কোপার আয়োজকের নাম পর্যন্ত শেষ মুহূর্তে বদলে গেছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন আগ্রহী না হলে এবারও কোপা আমেরিকা হতে পারত স্থগিত। দর্শকশূন্য গ্যালারিতে টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে। যদিও খেলোয়াড়–কোচরা অসন্তুষ্ট নিয়েই টুর্নামেন্ট শুরু করেছিলেন। তাঁদের প্রশ্ন ছিল, করোনায় জীবন যখন সংকটে, তখন কীভাবে স্বস্তিতে ফুটবল খেলা সম্ভব?
প্রশ্নটা পেছনে সরিয়ে মেসি–নেইমাররা হাসিমুখেই খেলে যাচ্ছেন। তাঁদের লক্ষ্য অবশ্যই শিরোপা জেতার। এই দুঃসময়ে ফুটবল জাদুতে মানুষকে কিছুটা সময় আনন্দে দেওয়াও মেসি–নেইমারদের উদ্দেশ্য। ইউরোর মতো কোপা আমেরিকাও চলে এসেছে শেষ দিকে। আজ প্রথম সেমিফাইনালে পেরুকে হারিয়ে ব্রাজিল যদি যায় ফাইনালে আর কাল কলম্বিয়া বাধা পেরোতে পারে আর্জেন্টিনা, আরেকটি ‘সুপার ক্লাসিকো’র অপেক্ষা করতেই পারেন ফুটবল রোমান্টিকরা!
সেটিই যদি হয়, ১১ জুলাই তারিখটা ক্যালেন্ডারে গোল করে রাখতেই হবে। সকালে কোপা, রাতে ইউরো। বিকেলে উইম্বলডনের ফাইনাল। আর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হারারে টেস্ট যদি শেষ দিনে ফল দেখে—ফুটবল, টেনিস, ক্রিকেট মিলিয়ে এমন খেলাময় দিন আমাদের জীবনে কবার এসেছে!

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে প্রথম ম্যাচেই বল হাতে নিয়ন্ত্রণ, গতি ও শৃঙ্খলার দারুণ মিশেলে আলো ছড়িয়েছেন এই পেসার। তাঁর সঙ্গে সমানভাবে কার্যকর ছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার কিথ ডাজন। দুজনের বোলিং তোপে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় ল্যাঙ্ক
৩১ মিনিট আগে
এমিলিয়ানো মার্তিনেসকে ঘিরে বিশ্বকাপ খেলতে যাওয়া আর্জেন্টিনার অনুশীলনে আবারও দেখা গেল উদ্বেগ ও স্বস্তির দোলাচল। ডান হাতের আঙুলের চোটের কারণে অনুশীলনের শুরু থেকেই বিশ্বকাপজয়ী গোলরক্ষককে নিয়ে ছিল বাড়তি নজর।
১ ঘণ্টা আগে
মাদকবিরোধী অভিযানে অভিনব এক কৌশল অবলম্বন করেছে পেরুর পুলিশ। রাজধানী লিমায় পরিচালিত এক অভিযানে পুলিশ কর্মকর্তারা ২০২৬ ফুটবল বিশ্বকাপের মাসকটের ছদ্মবেশ ধারণ করে এক সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর কোচদের বেতন নিয়ে প্রকাশিত এক তালিকায় সবার ওপরে উঠে এসেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান সংবাদপত্র লা গাজেত্তা দেলো স্পোর্ত প্রকাশিত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ বেতনভোগী জাতীয় দলের কোচ তিনি।
৩ ঘণ্টা আগে