Ajker Patrika

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৫: ১৭
প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ
সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ছবি: বাফুফে

ফিফা র‍্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দল সান মারিনো; ২১১ নম্বরে আছে ইউরোপের তারা। এবার অখ্যাত এই দলটার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ এবং সান মারিনোর প্রীতি ফুটবল ম্যাচটি হবে আগামী ৫ জুন। সে ম্যাচে জামাল ভূঁইয়ার দলকে আতিথেয়তা দেবে সান মারিনো। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। সান মারিনোর জন্যও ম্যাচটা বিশেষ কিছুই হতে যাচ্ছে। অতীতে তারাও কখনো এশিয়ার কোনো দলের বিপক্ষে খেলেনি।

ফিফা র‍্যাঙ্কিং বলছে—ম্যাচটিতে এগিয়ে থাকবে বাংলাদেশ; সান মারিনোর বেশ ওপরেই আছে জামাল-হামজা চৌধুরীরা। র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৮১ নম্বরে। নিজেদের সবশেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটিতে ১-০ গোলে হেরে যায় তারা। সব মিলিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মূল মঞ্চে উঠার লড়াইয়ে ছয় ম্যাচের মধ্যে তিনটাতেই হেরে যায় বাংলাদেশ। গত নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে একমাত্র জয়টা আসে ভারতের বিপক্ষে। বাকি দুইটা ম্যাচে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে তারা। ৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ।

গত এক বছরে নতুন হাওয়া লেগেছে বাংলাদেশ ফুটবল। হামজা, ফাহমিদুল ইসলাম, শমিত সোম, জায়ান আহমেদের মতো প্রবাসী ফুটবলারদের আগমনে নতুন স্বপ্ন বুনছে টিম ম্যানেজমেন্ট এবং ভক্তরা। এশিয়ান কাপের বাছাইপর্বের বাধা উতরাতে না পারলেও দলীয় পারফরম্যান্সের উন্নতিতে খুশি সবাই। সম্প্রতি বিতর্কিত কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। নতুন একজন কোচের অধীনে দেশের ফুটবল আরও এগিয়ে যাবে বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের।

বয়সভিত্তিক ফুটবলেও দারুণ করছে বাংলাদেশ। সম্প্রতি মালদ্বীপে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে তারা। ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে বাজিমাত করে বাংলাদেশ। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছিলেন এই তরুণ ফরোয়ার্ড। মাত্র দুটি ম্যাচ খেললেও নিজের জাত চিনিয়েছেন রোনানের সহোদর ডেকলান সুলিভান। এমন প্রতিভাবান ফুটবলাররা মূল দলে এলে আরও শক্তি বাড়বে তাতে কোনো সন্দেহ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা ১০ দফা

খাবারের জন্য রক্ত বিক্রি করা এই বিলিয়নিয়ারের জীবনের ৬ শিক্ষা

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকেরা ঐক্যবদ্ধ: বিবৃতি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব বাড়ল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত