Ajker Patrika

আনচেলত্তি কেন কাঁদলেন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ জুন ২০২৬, ১৬: ৫০
আনচেলত্তি কেন কাঁদলেন
কাঁদলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্ট সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোন দল কোন হোটেলে থাকবে, সেই জায়গাও নির্ধারিত হয়ে গেছে। ব্রাজিল দলও এরই মধ্যে উড়াল দিয়েছে মার্কিন মুলুকে। কিন্তু যাওয়ার আগে কাঁদলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

সবশেষ ২০০২ ফুটবল বিশ্বকাপের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি ব্রাজিল। এই হেক্সা মিশনের লক্ষ্যে সেলেসাওরা দুই যুগ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে নাতি-নাতনিদের কাছ থেকে বিশেষ এক বার্তা পেয়েছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ তা শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি।

আনচেলত্তির কান্নার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল কোচ কী এমন শুনেছেন, তাতে কেঁদেই ফেললেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে কোচের উদ্দেশ্যে কী বলেছে তাঁর নাতি-নাতনি। শিশুরা বলেছে, ‘বিশ্বকাপে শুভকামনা দাদু। তোমাকে ভালোবাসি। আমাদের জন্য ষষ্ঠ বিশ্বকাপ ঘরে নিয়ে এসো।’

বিশ্বকাপে অংশ নিতে গতকালই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। প্রতিবেশী দেশের এক দিন পর বিশ্বকাপ যাত্রা শুরু হলো ব্রাজিলের। আজ সকালে নিউ জার্সির উদ্দেশে দেশে ছেড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে নিজ দেশের ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নেইমার-রাফিনিয়ারা।

বৃষ্টিভেজা দিনে বিমান বন্দরের উদ্দেশে হোটেল ছাড়ার আগে সমর্থকদের ভালোবাসার জবাব দেন ব্রাজিলের খেলোয়াড়েরা। ভক্তদের সঙ্গে দেখা করে, অটোগ্রাফ দিয়ে এবং ছবি তুলে বিদায়ী মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন তাঁরা। বাররা দা তিজুকায় অবস্থিত হিলটন হোটেলে অবস্থান করছিল ব্রাজিল দলের বহর। বিদায়ের আগে প্রিয় তারকাদের একনজর দেখতে সেখানে ভিড় করেন অসংখ্য সমর্থক। তাদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বাস ছিল নেইমারকে ঘিরে। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নিরাপত্তা বেষ্টনীর কাছে গিয়ে ভক্তদের সঙ্গে করমর্দন করেন, ছবি তোলেন এবং তাদের শুভেচ্ছা গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়েছে ব্রাজিল। মারাকানায় অনুষ্ঠিত সেই ম্যাচে একটি করে গোল করেছেন দানিলো, কাসেমিরো, রায়ান, লুকাস পাকেতা, ইগর থিয়াগো ও দানিলো। ৬ জুন নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে মিসরের মুখোমুখি হবে ব্রাজিল। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। ২০ ও ২৪ জুন হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে আনচেলত্তির দল। এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত