প্রত্যাশার চাপেই ভেঙে পড়েছে বাংলাদেশ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নটা হাতছোঁয়া দূরত্বে এসেও মিলিয়ে গেল মুহূর্তেই। গতকাল শনিবার রাতে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলের হারের পর বাংলাদেশের ডাগআউট ও লকার রুমের চিত্রটা ছিল ঠিক এমনই করুণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের প্রধান কোচ টমাস ডুলি জানালেন, আকাশছোঁয়া প্রত্যাশা আর ঘরের মাঠের প্রচণ্ড চাপই মূলত ডুবিয়েছে তাঁর দলকে।
৮৬ মিনিটে আবদুল সামাদের গোলে স্বপ্নভঙ্গের পর শেষ বাঁশি বাজতেই সবুজ গালিচায় লুটিয়ে পড়েন হামজা চৌধুরী, রাকিব হোসেনরা। ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারি থেকে মাঠে ফ্লেয়ার ছুড়ে মারলে কিছুক্ষণ বন্ধও ছিল খেলা। মাঠের সেই হতাশা গিয়ে ভর করেছে ড্রেসিংরুমেও।
শিষ্যদের মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে ডুলি বলেন, ‘লকার রুম একদম নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না।’ ’দলের খেলোয়াড়দের মানসিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে পরে তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়রা এখন আর কোনো কথাই বলছে না, তারা ভেঙে পড়েছে, মাঠেই কাঁদছে। তারা জানে যে আজকের পারফরম্যান্স যথেষ্ট ছিল না।’
গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর সমর্থকদের প্রত্যাশাও বেড়ে গিয়েছিল অনেকটা। ২১ বছর পর ফাইনালে ওঠার সুযোগ, ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন—সব মিলিয়ে জাতীয় স্টেডিয়ামে চাপটা যে কম ছিল না, সেটিই মনে করিয়ে দিয়েছেন ডুলি। তাঁর কথায়, ‘খেলোয়াড়রা তো আর রোবট নয়। তাদের মস্তিষ্ক আছে, তাদের ওপর ঘরের মাঠে জেতার প্রচণ্ড চাপও কাজ করে।’
চাপের প্রভাব কীভাবে মাঠের খেলায় পড়েছে, সেটিও ব্যাখ্যা করেছেন বাংলাদেশ কোচ। শুরুতে বলের নিয়ন্ত্রণ নিতে না পারা, পাসে ভুল এবং একের পর এক ভুলের আশঙ্কা খেলোয়াড়দের আরও স্নায়ুচাপে ফেলেছে বলে মনে করেন তিনি। বড় ম্যাচে আত্মবিশ্বাস হারানোর মনস্তত্ত্ব তুলে ধরে ডুলি বলেন, ‘ম্যাচ যত বেশি গুরুত্বপূর্ণ হয়, কখনো কখনো খেলোয়াড়দের আত্মবিশ্বাস তত কমে যায়। সে একটি ভুল করলে তা মাথার ভেতর ঘুরতে থাকে—“২০ হাজার দর্শকের সামনে এত গুরুত্বপূর্ণ ম্যাচে আমি আর কোনো ভুল করতে চাই না”—আর এই ভাবনা থেকেই সে আরেকটি ভুল করে বসে। চাপে থাকলে অনেক সময় খেলার গতি ও চিন্তার গতি কিছুটা ধীর হয়ে যায়।’
গোল হজমের আগে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করলেও শেষ মুহূর্তে গোলটি ঠেকাতে পারেননি। যদিও ভুলটা তাঁরই। থ্রোয়িংয়ে বল ঠেলে দেন পাকিস্তানের খাট্টাকের পায়ে। গোল হজমের ওই মুহূর্তটিকে দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন ডুলি। তিনি বলেন, ‘আপনি কল্পনা করতে পারেন, ম্যাচের শেষ কয়েক মিনিটে—যখন আপনি ভাবছেন দেশের জন্য, সমর্থকদের জন্য আপনাকে জিততেই হবে, সাফ টুর্নামেন্ট জয়ের এত বড় একটি সুযোগ হাতের মুঠোয়—ঠিক তখন ৮৬তম মিনিটে গোল খেয়ে বসাটা একটি বড় ধাক্কা। মানুষ হিসেবে এটি সামলানো সহজ নয়।’
হারের ব্যাখ্যায় মানসিক চাপের পাশাপাশি শারীরিক ক্লান্তির কথাও বলেছেন ডুলি। বাংলাদেশের তুলনায় পাঁচ দিন বেশি বিশ্রাম পেয়েছিল পাকিস্তান। টুর্নামেন্টজুড়ে টানা উচ্চমাত্রার ম্যাচ খেলার ধকলও দলের ওপর প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। দ্বিতীয়ার্ধে কয়েকজন খেলোয়াড়ের পেশিতে টান ধরার ঘটনাও সেই ক্লান্তির ইঙ্গিত দিয়েছে।
সব মিলিয়ে ঘরের মাঠে শিরোপা জয়ের যে রঙিন স্বপ্ন বুনেছিল বাংলাদেশ, প্রত্যাশার ভার আর শেষ মুহূর্তের ভুলে তা রূপ নিল একরাশ দীর্ঘশ্বাসে।









