গোলশূন্য থেকে বিরতিতে বাংলাদেশ

সামনে শুধু গোলরক্ষককে পেয়েও গোল করতে পারলেন না রাকিব হোসেন। একটু পর বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করেও গোলবঞ্চিত হলেন পাকিস্তানের আবদুল সামাদ। দুজনের মাঝখানে কখনো বাধা হয়ে দাঁড়ালেন গোলরক্ষক, কখনো গোলপোস্ট। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধে গোলের এমন হাতছানি ছিল দুই দলের সামনেই। কিন্তু শেষ পর্যন্ত জালের দেখা মেলেনি কারও। ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ তাই বিরতিতে গিয়েছে গোলশূন্য সমতা নিয়ে।
ম্যাচের শুরুটা ছিল পাকিস্তানের দাপটে। প্রথম মিনিটেই হামজা চৌধুরীর ফাউল থেকে ফ্রি কিক পায় তারা। জুনায়েদ শাহর শট অবশ্য পোস্টের অনেক ওপর দিয়ে যায়। পরের মিনিটেই আলী উজাইরের জোরালো শট ঠেকাতে হয় বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে। তৃতীয় মিনিটে আলী খানের শটও বাংলাদেশের রক্ষণে আটকে যায়।
শুরুর এই চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে পাকিস্তানের রক্ষণে চাপ বাড়াতে থাকে স্বাগতিকেরা। সপ্তম মিনিটে রাকিব হোসেনের পাস থেকে কাজেম শাহর শট সহজেই ধরে ফেলেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। ১৬ মিনিটে কাজেমের পাসে রাকিবের নেওয়া শটও আটকে যায় পাকিস্তানের রক্ষণে।
তবে ২৩ মিনিটে গোলের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। শমিত সোমের হেড থেকে বক্সের মধ্যে বল পেয়ে যান রাকিব। বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু গোললাইন থেকে তা ফিরিয়ে দেন পাকিস্তান অধিনায়ক আব্দুল্লাহ ইকবাল। বাংলাদেশের এই আক্ষেপের পরপরই পাল্টা আক্রমণে ওঠে পাকিস্তান। ২৫ মিনিটে বক্সের বাঁ দিক থেকে আলী উজাইরের শট ঠেকিয়ে দেন শ্রাবণ।
এরপর দুই দলই সুযোগ তৈরির চেষ্টা চালিয়ে গেছে। ২৯ মিনিটে পানি পানের বিরতির পর পাকিস্তানের আক্রমণ আরও ভয় ধরায় বাংলাদেশকে। ৩২ মিনিটে আলী উজাইরের ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে যান আবদুল সামাদ। তাঁর বাঁ পায়ের শটটি শ্রাবণকে পরাস্ত করলেও বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। বল ফিরে আসায় স্বস্তি ফেরে বাংলাদেশ দলে। সেই আক্রমণের রেশ কাটতে না কাটতেই কর্নার থেকে বিপদ তৈরি করে পাকিস্তান। আদিল নবির ক্রসে ঈসা সুলাইমানের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
দুই দফায় বড় বিপদ থেকে বেঁচে শেষ দিকে আবারও আক্রমণে মনোযোগ দেয় বাংলাদেশ। ৩৫ মিনিটে জায়ান আহমেদের পাস থেকে ফারহান আলী ওয়াহিদের দূরপাল্লার শট লক্ষ্যে থাকেনি। তিন মিনিট পর শুকি ইতোফুসার পাস থেকে রাকিবের শট ঝাঁপিয়ে ঠেকান ইউসুফ বাট। ৪২ মিনিটে জিদান ইউসুফের পাসে বক্সের বাঁ পাশে ভালো জায়গায় বল পেয়েছিলেন শুকি ইতোফুসা। কিন্তু তাঁর শট চলে যায় পোস্টের অনেক ওপর দিয়ে।
প্রথমার্ধে গোলের সুযোগ কম পায়নি কোনো দলই। বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্নের লড়াইয়ের নিষ্পত্তি তাই এখন দ্বিতীয়ার্ধের অপেক্ষায়।









