Ajker Patrika

এমন ভুল কীভাবে করলেন শ্রাবণ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২৩: ০৮
এমন ভুল কীভাবে করলেন শ্রাবণ
মেহেদী হাসান শ্রাবণের ৮৫ মিনিটের ভুলে ম্যাচ হারল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ৮৫ মিনিট পর্যন্ত আগলে রেখেছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। একের পর এক দুর্দান্ত সেভে বাঁচিয়েছেন দলকে। মনে হচ্ছিল, অতিরিক্ত সময়েই হয়তো নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য। কিন্তু সেই শ্রাবণই মুহূর্তের ভুলে ডেকে আনলেন সর্বনাশ। থ্রো-ইন করতে গিয়ে বল তুলে দিলেন প্রতিপক্ষের পায়ে। সেই ভুলের খেসারত দিল পুরো বাংলাদেশ দল। আবদুল সামাদের গোলে স্বপ্নভঙ্গ হলো স্বাগতিকদের। ফাইনালে উঠল পাকিস্তান।

গ্যালারিভর্তি দর্শকের গর্জন, আকাশছোঁয়া প্রত্যাশা আর দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল টমাস ডুলির দল। গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে অপরাজিত থেকে শেষ চারে উঠেছিল বাংলাদেশ। ২০০৫ সালের পর প্রথমবার ফাইনালে ওঠা এবং ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর হাতছানি ছিল সামনে। কিন্তু শেষ মুহূর্তের একটি ভুলেই সব স্বপ্ন শেষ হয়ে যায়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করে পাকিস্তান। দ্বিতীয় মিনিটে আলী উজাইরের জোরালো শট রুখে দেন শ্রাবণ। ২৫ মিনিটেও তাঁর দৃঢ়তায় গোলবঞ্চিত হয় পাকিস্তান। ৩২ মিনিটে আবদুল সামাদের শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে বাংলাদেশেরও কয়েকটি ভালো সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও দুই দলের লড়াই ছিল সমানে সমান। ৭৬ মিনিটে আদিল নবির নিচু কোণাকুণি শট ঠেকিয়ে আবারও দলকে বাঁচান শ্রাবণ। ৮৫ মিনিটে আবদুল সামাদের পাস থেকে আলী খানের শটও ফিরিয়ে দেন তিনি। তখন পর্যন্ত বাংলাদেশের রক্ষাকর্তা ছিলেন এই গোলরক্ষকই। কিন্তু পরক্ষণেই ঘটে ছন্দপতন।

থ্রো-ইন করতে গিয়ে শ্রাবণ বল তুলে দেন পাকিস্তানের বদলি মিডফিল্ডার হাইয়ান খাট্টাকের কাছে। মুহূর্তের সুযোগ কাজে লাগিয়ে খাট্টাক পাস দেন আবদুল সামাদকে। বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান সামাদ। এক মুহূর্তের ভুলে নায়ক থেকে খলনায়ক বনে যান শ্রাবণ। তাঁর সেই ভুলেই ১-০ গোলে এগিয়ে যায় পাকিস্তান। গোলের পর দর্শকদের স্মোক ফ্লেয়ারের কারণে প্রায় পাঁচ মিনিট বন্ধ থাকে খেলা। বাকি সময়ে আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। শেষ বাঁশির সঙ্গে ভেঙে যায় স্বাগতিকদের ফাইনালের স্বপ্ন।

এর আগে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ইতিহাসে রেকর্ড ১৪তম বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত